‘একটি রিকশা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় একটি শিল্পকর্ম হয়ে, তখন রিকশা কেবল যাত্রী নিয়ে নয়, যেন ছুটে চলে লোকশিল্পের এক জাদুঘর হয়ে। সেই জাদুঘরে থাকে বিভিন্ন ছবি, উপদেশ বাণী, গল্প কিংবা চলচ্চিত্রের বর্ণিল কাহিনি। রিকশার পেছনে, দুই চাকার মাঝখানে, ছাউনির ওপরে ও দুই পাশে দেখা যায় চিত্রশিল্পীর রংতুলির আঁচড়ে অপূর্ব সব সৃষ্টি। এককথায় একেকটি রিকশা যেন রঙের বর্ণচ্ছটা, শিল্পের আধার।’ কথাগুলো বললেন চট্টগ্রাম চারুকলা কলেজের ছাত্রী ফারাহ নাজমুন। রিকশাচিত্রের ‘নামজাদা’ শিল্পী মোহাম্মদ মজনু শাহ। তিনি শুধু রিকশাচালকদের কাছেই বিখ্যাত নন, স্বীকৃতি ও সম্মাননা পেয়েছেন খ্যাতিমান শিল্পীদেরও। তাঁর চিত্রকর্মের প্রদর্শনী হয়েছে জাপানে। তাঁর শিল্পকর্ম জাপান ঘুরে এলেও তিনি কিন্তু বের হতে পারেননি কুঁড়েঘর থেকে। একটি কক্ষের একটি বাসায় থাকেন পরিবার নিয়ে, সেখানেই আঁকাআঁকি। শত অভাবের মাঝেও কিন্তু সন্তানদের পড়াশোনা করাচ্ছেন তিনি।নগরের আইস ফ্যাক্টরি সড়কে মজনু শাহের বাসা, সেখানে কার্যাদেশ (অর্ডার) নিয়ে আসেন লোকজন। ২৫ বছর ধরে রিকশাচিত্র আঁকেন তিনি। প্রথমে ঢাকায় কাজ শুরু করেন দুলাভাইয়ের সঙ্গে। ঢাকা শহরের সেই মজনু শাহই আজ চট্টগ্রামের মজনু মিস্ত্রি। সদরঘাটের আরও কয়েকজন শিল্পী শুধু মনের টানে আঁকড়ে ধরে আছেন এ পেশা। “চিত্রকরেরা লক্ষ রাখেন যাতে রিকশার বিভিন্ন অংশকে নাটকীয় ও রঙিন করে সাজিয়ে তোলা যায়। চিত্রগুলো যাতে সহজে বোঝা যায় এবং মানুষের মনকে স্পর্শ করে। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’, ‘চল বন্ধু ঘুরে আসি’, ‘ভাই আমাকে মেরো না’,‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত্’, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড এসব কথা বেশি লেখা হয়।” বলেন মজনু।কথাগুলো কি আপনাদের পছন্দে লেখা হয়? এমন প্রশ্নের জবাবে রিকশাচালক চুন্নু হোসেন বলেন, ‘এ সব ভালো কথা আর্টিস্টরা লেখেন মালিকের ইচ্ছেমতো।’জানা গেল, যুগের সঙ্গে রিকশাচিত্রে পরিবর্তন ঘটছে। অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে এ শিল্পের আনুষঙ্গিক উপাদানের দাম। রং, কেমিক্যালের দাম বাড়ায় মালিকেরা এখন আর উৎসাহী হচ্ছেন না রিকশার পেছনে ছবি এঁকে টাকা খরচ করতে। এ কারণে সদরঘাট এলাকার চিত্রকরেরা এ পেশা ছেড়ে দিয়েছেন। এ আয়ে চিত্রকরদের আর সংসার চলে না।রিকশার পেছনে নীতিবাক্য লেখার কারণ কী? রিকশাচালক করিম শাহের উত্তর—‘‘আমার বিশ্বাস রিকশার পেছনে ‘মা-বাবার দোয়া’ লেখা থাকলে যাত্রী ও আমাকে মা-বাবার দোয়ায় নিরাপদে রাখবেন আল্লাহ।’আর্থিক টানাপোড়েনের কারণে সংসারে নুন আনতে পান্তা ফুরায় মজনু শাহের। কেবল মনের টানে তিনি এ পেশা ছাড়ছেন না বলে জানান।মজনু বলেন, ‘প্রযুক্তির উন্নতি ও জীবনের গতির প্রভাব পড়েছে এই ছোট্ট যান ও চিত্রকরদের ওপর। স্ক্রিন প্রিন্ট আর জিডিটাল আর্ট বিলুপ্তি ঘটাচ্ছে এই পেশার। প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, শহীদ মিনার, ফুল-পাখি, বাঘ সারসের গল্প, জাতীয় স্মৃতিসৌধ, মন্দির, মসজিদ, রাম-রাবণ কাহিনি ক্যানভাসে ফুটিয়ে তোলেন সদরঘাটের জগদীশ মহাজন। তিনি বললেন, চলচ্চিত্রের পোস্টার ও বর্ষপঞ্জি (ক্যালেন্ডার) থেকে তিনি ছবি আঁকেন। পাঁচ-ছয় বছর ধরে এ শিল্পের সঙ্গে জড়িত তিনি। এত সুন্দর করে কীভাবে আঁকেন প্রশ্ন করলে বলেন, ‘ওস্তাদ স্বপন ভঞ্জ শিখিয়েছেন। তুলি আর রং দিয়ে নাড়াচাড়া করতে করতে হয়ে গেছে।’ রাম-ভরত, রাম-সীতা, লক্ষ্মী, হনুমানসহ, মীরা ব্যঙ্গ, গ্রামের কৃষক, গ্রামীণ নারী প্রভৃতি আঁকতে ভালোবাসেন জগদীশ। বিন লাদেন কিংবা ইরাক যুদ্ধও বাদ যায় না। বর্তমানে নারী নির্যাতন, শিশুশ্রম, যৌতুকের ভয়াবহতা, বন্যা, পরিবেশ, শিক্ষা, বাণিজ্য প্রাধান্য পায়। জগদীশ মহাজন বলেন ‘যুগের চাহিদা অনুযায়ী কাজ করতে হয়। আগের চিত্র আর এখন চলে না।’