
পোষা প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে বন্ধুবৎসল কে? প্রশ্নটা শোনামাত্র বেশির ভাগ মানুষের একটা প্রাণীর চেহারাই ভেসে উঠবে—কুকুর। মনিবের মনের কথা খুব সহজে বুঝে নেওয়া, তার সুরক্ষা নিশ্চিত করা কিংবা আনন্দ দেওয়া—কোনো কিছুতেই পোষা কুকুরের যেন ক্লান্তি নেই। কিন্তু এই প্রাণীটি কেন এত বন্ধুবৎসল? যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী বলছেন, কুকুরের জিনেই এ প্রশ্নের উত্তর লেখা রয়েছে।
সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বিজ্ঞানীরা বলেছেন, নেকড়ে থেকে কুকুর প্রজাতির উৎপত্তি। লাখো বছর আগে বিবর্তনের ধারায় নেকড়ের একটা শ্রেণি কুকুরে পরিণত হয়েছে। এই বিবর্তনের সময়টায় কিছু জিন কুকুরকে বন্ধুবৎসল করে তুলেছে।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ব্রিজেট ভনহোলট বলেন, কুকুর ও নেকড়ের জিনগত পার্থক্যের অনুসন্ধান করেছেন তাঁরা। এই অনুসন্ধান প্রাণীর বৈশিষ্ট্য বিশ্লেষণের ওপর সম্ভাব্য আলোকপাত করেছে। এই গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা যায়, বিড়ালসহ অন্যান্য গৃহপালিত প্রাণীর ক্ষেত্রেও এমন জিন হয়তো ভূমিকা রাখছে।
ব্রিজেট ভনহোলট আরও বলেন, গবেষণার সময় তাঁরা পোষা কুকুর এবং বন্দিদশায় থাকা ধূসর নেকড়ের আচরণ পরীক্ষা করেছেন। সমস্যা সমাধান এবং সামাজিকতার ক্ষেত্রে এসব প্রাণীর বেশ কয়েকটি দক্ষতার পরীক্ষাও নিয়েছেন। দেখা গেছে, কুকুরের মতো নেকড়েও সমস্যা সমাধানে ওস্তাদ। তবে কুকুরের আচরণ তুলনামূলক বেশি বন্ধুত্বপূর্ণ। ডিএনএ পরীক্ষায়ও নির্দিষ্ট কিছু জিনগত ও আচরণগত পার্থক্য দেখা গেছে।
কুকুর প্রজাতি ৪০ হাজার থেকে ২০ হাজার বছর আগের মধ্যবর্তী সময়ে পোষ মানতে শুরু করে। শিকারি দলের ফেলে দেওয়া এঁটো খাবারের সন্ধানে নেকড়েদের ঘোরাঘুরির সময় এই প্রক্রিয়ার সূত্রপাত ঘটে। ইতিহাসের পথ ধরে একটা সময় এসব নেকড়ে পোষ মানে এবং বিবর্তনের ধারায় আকারে-আকৃতিতে আজকের কুকুরে পরিণত হয়।