
বিশেষ প্রতিনিধি
জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ট্রাম্প টাওয়ারের সামনে বালুর ট্রাক দাঁড় করিয়ে রাখার খবর প্রকাশিত হওয়ার পর থেকে বিভিন্ন মহলে বেশ তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বেশ কড়া ভাষায় এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। নাম না প্রকাশ করার শর্তে বিশিষ্ট রাজনীতিবিদ কুটিল খান চোখ কপালে তুলে বলেন, ‘কোথাকার কোন দুপয়সার আমেরিকা নিজেদের উন্নত গণতন্ত্রের দেশ বলে দাবি করে। অথচ আজকে তারা আমাদের গণতন্ত্রের ধারণা চুরি করেছে! এ থেকেই বোঝা যায়, দেশের সীমা ছাড়িয়ে বৈশ্বিক বাজারেও আমাদের দেশীয় গণতন্ত্র একটি মডেল হিসেবে দাঁড়িয়ে গেছে!’
বিনা অনুমতিতে বাংলাদেশি পদ্ধতি ব্যবহার করায় কপিরাইট আইনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করাসহ কঠোর কর্মসূচি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এরই অংশ হিসেবে আগামীকাল সারা দেশে অবস্থান কর্মসূচি এবং প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ফজলি আমের দশা যাতে না হয়, সে জন্য ভবিষ্যতে অবশ্যই বিরোধী দল দমন-পীড়নের সব পদ্ধতির পেটেন্ট আবেদন করা হবে বলে জানান এই নেতা।