কুটুমবাড়ির নিমন্ত্রণে...
কুটুমবাড়ি ০ কিলোমিটার! চোখ বড় করে দেখার মতোই। লেখাটি ঢাকার লালমাটিয়ার এফ ব্লকের রাস্তার পাশে। দেখলেই চোখ ঘুরাবেন বাড়িটি দেখতে। জানতে চান, কোন কুটুমের বাড়ি? এই কুটুমবাড়ি আসলে সবাইকে নিমন্ত্রণ জানাবে। ২/১২ নম্বর বাড়িতে ২০০৮ সালে গড়ে ওঠে এই রেস্তোরাঁ। শুধু নামে নয়, কুটুমবাড়ির খাবারেও আছে নিজস্বতা। খোলামেলা আর নিরিবিলি বলে ভোজনরসিকদের কাছে জনপ্রিয় নাম এই কুটুমবাড়ি। রেস্তোরাঁ পরিচালক শরীফ সাব্বির বলেন, ‘আমাদের রেস্তোরাঁর জনপ্রিয় খাবারের মধ্যে ইরানি বিরিয়ানি, ইরানি মোরগ পোলাও, তেহরানি তেহারি বেশি জনপ্রিয়। এই সব খাবারে ব্যবহূত সব মসলাও আসে ইরান থেকে। তা ছাড়া সামুদ্রিক মাছের তৈরি বিভিন্ন খাবার অনেকেই পছন্দ করেন। ক্রেতারা বেশির ভাগই তরুণ-তরুণী।’ খেতে আসা এক তরুণ বলেন, ‘এখানে খাবারের মান সত্যিই ভালো এবং পরিবেশটা বেশ আপন মনে হয়।’ ক্রেতাদের নানা বিষয়ে সচেতন করতেও কুটুমবাড়ির উদ্যোগ আছে।রেস্তোরাঁয় বসার পর দেখবেন এক পাশে খাবারের মেন্যু, অন্য পাশে আছে নানা ধরনের সচেতনতামূলক কথা। যানজট থেকে শুরু করে নদী বাঁচাও আন্দোলন ইত্যাদি সম্পর্কে ধারণা পাবেন আগত অতিথিরা। খাবারের ফরমায়েশ দেওয়ার পর খাবার চলে আসবে মাটির তৈরি বাসনে। একবার ব্যবহার করার পর এগুলো ফেলে দেওয়া হয়। প্রতিদিন সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে রেস্তোরাঁটি। পার্টির আয়োজন করতে চাইলে আগেভাগে বুকিং দিতে পারেন। ১৬০ থেকে ২০০ জনের আয়োজন করে দেবে তারা। দোতলা রেস্তোরাঁর ওপর-নিচ দুই স্থানেই চোখে পড়বে নানা ধরনের নতুনত্ব। বাঁশের বেড়ায় টাঙানো দেশি-বিদেশি নানা গুণী ব্যক্তির ছবি। আছে তিতুমীর থেকে শুরু করে রবিশংকর, হুমায়ূন আহমেদ, তারেক মাসুদসহ অনেকের ছবি। এতক্ষণ তো শুনলেন রেস্তোরাঁর বিভিন্ন বর্ণনা। ভোজনরসিকেরা নিশ্চয়ই খাবারের তালিকা জানতে চাইছেন! কী খাবেন এখানে? সকালে পাবেন নানরুটি ২০ টাকা, পরটা ১০ টাকা, লাবড়া সবজি ২৫ টাকা, দই-চিড়া ৬০ টাকা ও আলুর দম ৩০ টাকা। দুপুর বা রাতে পাবেন হরেক পদ। বাসমতি চালের স্টিম রাইস ৫০ টাকা, আচারি গরুর মাংস ১০০ টাকা, মুরগির মাংস ৮০ টাকা, কড়াই গোশত ১৩০ টাকা গরুর। আর মুরগি ১০০ টাকা, সামুদ্রিক মাছ চিলি ১৫০ টাকা, মুরগির ঝাল ফ্রাই ১২০ টাকা, মুরগির টিক্কা ১৪০ টাকা, বারবিকিউ মুরগি ১২৫ টাকা, গরুর শিক কাবাব ৮০ টাকা, গরুর বটি কাবাব ১২০ টাকা, মুরগির রেশমি কাবাব ১৫০ টাকা। এ ছাড়া ইরানি বিরিয়ানি ১৪০ টাকা, ইরানি মোরগ পোলাও ১৬০ টাকা, দিল্লিকা খিচুড়ি ১৪০ টাকা, তেহরানি তেহারি ১৪০ টাকা। আরও পাবেন নানারকম সমুচা। দাম ১০ টাকা, স্প্রিং রোল ১০-২০ টাকা, শামি কাবাব ৩০ টাকা, কাটলেট ৪০-৫০ টাকা, বিভিন্ন বার্গার ৭৫-৮০ টাকা, স্যান্ডউইচ ৩০-৫০ টাকা, শর্মা ১০০ টাকা, দোসা ৭৫-১০০ টাকা। আছে ছোলা বাটোরা, দই ফুচকা, সাসলিক ইত্যাদি খাবারও। আছে নানা ধরনের চীনা পদও। খাবার শেষে কফির কাপে চুমুক দিয়ে আনতে পারেন পরিপূর্ণতা। আর আড্ডা! সে তো এখানে চালাতে পারেন অবিরাম। কুটুমবাড়ি বলে কথা।