কুতুপালং পাহাড়ে ৭০ হাজার রোহিঙ্গার অবৈধ বসতঘর
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় বন বিভাগের কয়েক শ একর সংরক্ষিত পাহাড় দখল করে অবৈধভাবে বসবাস করছে মিয়ানমারের প্রায় ৭০ হাজার অনুপ্রবেশকারী রোহিঙ্গা। এই রোহিঙ্গারা বসবাসের জন্য পাহাড় কেটে তৈরি করেছে আট হাজারের বেশি ঝুপড়িঘর। এদের দেখাদেখি নতুন করে আসা রোহিঙ্গারাও আশপাশের পাহাড়ে জড়ো হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাজার হাজার ঘরবাড়িতে বন বিভাগের বিশাল এলাকা ভরে গেছে। এসব পাহাড়ে কোনো গাছ নেই। মাটির ঘর তৈরির জন্য নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে। রোহিঙ্গা বস্তির পাশে দুটি বিশাল খেলার মাঠ তৈরি করা হয়েছে চার থেকে পাঁচ একরের বড় পাহাড় নিধন করে। পাশাপাশি পাহাড় কেটে হাঁটাচলার রাস্তা, ১০টির বেশি ছোট মাছের ঘের তৈরি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিদ্যালয়ের শিক্ষক জানান, এই কুতুপালং পাহাড়ে অবৈধভাবে বসবাস করছে প্রায় ৭০ থেকে ৮০ হাজার রোহিঙ্গা। এদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এদের হাতে স্থানীয় কয়েক হাজার বাসিন্দা জিম্মি হয়ে পড়েছে। বনজঙ্গল ধ্বংস করে আট হাজারের বেশি ঘরবাড়ি তৈরি করা হলেও বন বিভাগের কর্মীরা রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে বন বিভাগের উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা বশিরুল আল মামুন প্রথম আলোকে বলেন, ‘তিন মাস ধরে আমি এখানে দায়িত্ব পালন করছি। আগের কর্মকর্তারা রোহিঙ্গাদের এই সুযোগ দিলেও আমি বাধা দিচ্ছি।’ তিনি জানান, বর্তমানে কুতুপালং পাহাড়ের বিভিন্ন স্থানে প্রায় ১০০ একরের মতো বনভূমিতে প্রায় আট হাজার ঘরবাড়ি তৈরি করে ৫০ হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করছে। এর পাশে আরেকটি পাহাড়ে বাস করে আরও ১২ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থী। বিপুলসংখ্যক রোহিঙ্গা নিয়ন্ত্রণ করা বন বিভাগের স্বল্পসংখ্যক জনবল দিয়ে সম্ভব হচ্ছে না। পাহাড় কেটে বসতবাড়ি তৈরির সময় রোহিঙ্গাদের হাতেনাতে ধরা হয়। থানায় মামলাও করা হয়। কিন্তু তার পরও পাহাড় কাটা ও দখল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা জানান, কুতুপালং এলাকায় বন বিভাগের অন্তত পাঁচ বর্গকিলোমিটার পাহাড় দখল করে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা অবৈধভাবে বাস করছে। এর বাইরে নতুন করে পাহাড় কেটে তৈরি করা হচ্ছে আরও অসংখ্য ঘরবাড়ি। অথচ বন বিভাগ এ ব্যাপারে একেবারেই নীরব। এই প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাশ বলেন, ‘কুতুপালং এলাকায় পাহাড় দখল করে বসবাসকারী ৬০ হাজারের বেশি রোহিঙ্গা নিয়ে আমরা উদ্বিগ্ন। বন বিভাগ শত চেষ্টা করেও এদের উচ্ছেদ করতে পারছে না। এটা বন বিভাগের একার পক্ষে সম্ভবও না। এটি রাষ্ট্রীয় সমস্যা। আমরা বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লেখালেখি করছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের আরেক কর্মকর্তা জানান, কুতুপালং ছাড়াও টেকনাফ, উখিয়া, সদর, রামু উপজেলার বিভিন্ন পাহাড়ে আরও তিন লাখের বেশি রোহিঙ্গার অবৈধ বসতি রয়েছে। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, উখিয়া ও টেকনাফ এলাকায় রোহিঙ্গা ক্যাম্প স্থাপন করায় মিয়ানমার থেকে রোহিঙ্গারা দলে দলে অনুপ্রবেশ করে এখানে জড়ো হচ্ছে। এটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই রোহিঙ্গা ক্যাম্পগুলো অন্যত্র সরিয়ে নিতে আন্দোলন করা হবে।