কুতুবদিয়ায় অবাধে বিক্রি হচ্ছে ভেজাল জ্বালানি তেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলার বিভিন্ন বাজারে অবাধে বিক্রি হচ্ছে ভেজাল জ্বালানি তেল। এসব তেল ব্যবহার করে বিপাকে পড়ছেন সেচযন্ত্র ও ট্রলারের মালিকেরা। প্রায় সময় বিকল হচ্ছে যন্ত্রপাতি। বিদ্যুিবহীন এই উপজেলার লাখো মানুষ জ্বালানি তেলের ওপর নির্ভরশীল।
জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়নের শতাধিক মুদির দোকানে ভেজাল জ্বালানি তেল (ডিজেল ও করোসিন) বিক্রি হচ্ছে প্রতি লিটার ৭০ থেকে ৭৮ টাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তেল বিক্রেতা জানান, তাঁরা চট্টগ্রামের চাক্তাই এলাকার কিছু ব্যবসায়ীর কাছ থেকে এসব তেল সংগ্রহ করেন। ওসব ব্যবসায়ী তেল সংগ্রহ করেন বন্দরে মালামাল নিয়ে আসা বিদেশি জাহাজ থেকে।
চাক্তাইয়ের ব্যবসায়ীরা জাহাজের তেল প্রতি লিটার ৩০ থেকে ৩৫ টাকায় কুতুবদিয়াসহ বিভিন্ন দুর্গম উপকূলে বিক্রি করেন। কুতুবদিয়া উপজেলার ১৩৩টি দোকানের বিপরীতে প্রতি মাসে কমপক্ষে ৫০০ ব্যারেল ভেজাল জ্বালানি তেল সরবরাহ করা হয়।
কৈয়ারবিল গ্রামের জেলে সিরাজুল ইসলাম (৫৫) জানান, ভেজাল জ্বালানি তেল ব্যবহারের কারণে গত তিন মাসে এই এলাকায় লবণ ও ধান চাষে ব্যবহূত শতাধিক মেশিন এবং সাগরে মাছ ধরার ৫০টির বেশি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেছে।
উত্তর ধুরুং ইউনিয়নের বলীপাড়ার কৃষক নবী হোসেন (৫৬) বলেন, এলাকার অসাধু কিছু ব্যবসায়ী ভেজাল তেল বিক্রি করলেও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন নীরব ভূমিকা পালন করছেন। দ্বীপের কোথাও বিদ্যুত্ না থাকায় বাধ্য হয়ে লোকজনকে এসব ভেজাল তেল ব্যবহার করতে হচ্ছে।
ধুরং বাজারের যমুনা অয়েল কোম্পানির ডিলার মনজুর আলম বলেন, ‘আমরা (পদ্মা, যমুনা ও মেঘনা পেট্রোলিয়ামের অনুমোদিত ডিলাররা) এখানে ভেজাল জ্বালানি বিক্রি করি না। চট্টগ্রাম থেকে প্রতি লিটার কেরোসিন ৬৫ টাকা ৮১ পয়সায় কিনে এনে এখানে ৭০ টাকায় বিক্রি করছি। কিন্তু শতাধিক মুদির দোকানের মালিক চট্টগ্রাম থেকে আনা জাহাজের ভেজাল তেল প্রতি লিটার ৩০ থেকে ৩৫ টাকায় কিনে এখানে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করছেন। এতে বৈধ ডিলাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’
দেখা গেছে, উপজেলার আকবরবলী ঘাটে ভেজাল জ্বালানি তেল বিক্রি করছেন মুদির দোকানমালিক বদি আলম, জাফর আলম, বেলাল আহমদসহ অন্তত ১৫ জন ব্যবসায়ী। তাঁদের কোনো লাইসেন্সও নেই।
এ প্রসঙ্গে জানতে চাইলে বদি আলম ও জাফর আলম বলেন, ‘গ্রামের লোকজনকে খুচরায় বিক্রির জন্য দোকানে অল্প পরিমাণ কেরোসিন, ডিজেল ও পেট্রল মজুত রাখছি। নইলে তাঁদের ১০-২০ টাকার তেলের জন্য ৫০ টাকা খরচ করে সদরে যাতায়াত করতে হবে।’
কুতুবদিয়ার দায়িত্বে থাকা পেকুয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম বলেন, ফায়ার সার্ভিস অধ্যাদেশ ১৯৫৯-এর ১১ উপধারায় বলা আছে, ২০ গ্যালনের বেশি পেট্রোলিয়াম ও ৪০ গ্যালন কেরোসিন মজুত ও বিপণনের জন্য ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের লাইসেন্স লাগবে। কিন্তু কুতুবদিয়ার ক্ষেত্রে তা মানা হচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুমিনুর রশিদ বলেন, ভেজাল জ্বালানি তেল বিক্রি ও মজুতকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।