কুতুবদিয়ার তিন সড়ক বেহাল, চলাচলে কষ্ট
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার প্রায় ২৩ কিলোমিটারের তিনটি সড়কের এখন বেহাল দশা। সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় ঝঁুকিপূর্ণ হয়ে উঠেছে যানবাহন চলাচল। কিন্তু চাহিদামতো বরাদ্দ না থাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সড়কের সংস্কার কাজ করতে পারছে না। ফলে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন দ্বীপের বাসিন্দারা।
উপজেলা পরিষদ সূত্র জানায়, দ্বীপের উত্তরে আকবরবলী ঘাট থেকে দক্ষিণে তাবলেরচর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটারের আজম সড়ক, তিন কিলোমিটারের দরবার সড়ক, উপজেলা পরিষদ গেট থেকে বড়ঘোপ স্টিমার ঘাট পর্যন্ত তিন কিলোমিটারের ডিসি সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। ভাঙা সড়ক মেরামতের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগে চাহিদাপত্র পাঠানো হলেও এখনো সাড়া পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা গেছে, আজম সড়কের ধুরুং বাজার থেকে আকবরবলী ঘাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটারে অসংখ্য খানাখন্দে ভরা। আবার আজম সড়কের ফতেহআলী সিকদারপাড়া থেকে তাবলেরচর পর্যন্ত প্রায় তিন কিলোমিটারে সড়কের পিচঢালাই ও ইট উঠে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে। অন্যদিকে সাগর চ্যানেল পাড়ি দিয়ে জেটি হয়ে দ্বীপে ঢোকার ডিসি সড়কের দুই কিলোমিটারও ভাঙাচোরা। সড়কের এই অবস্থার কারণে লোকজন বিদ্যুৎ মার্কেট হয়ে স্টিমারঘাট পর্যন্ত হেঁটে চলাচল করছেন।
লেমশীখালী গ্রামের চাষি আমির হামজা (৪৫) বলেন, দ্বীপের চতুর্দিকে ১০ হাজার একরের বেশি মাঠে উৎপাদিত লবণ খোলা জিপ, ডাম্পার ও পিকআপে বোঝাই করে সড়কপথে পরিবহন ও মজুদ করা হয়। কিন্তু সড়কটির বেশির ভাগ অংশ ভেঙে যাওয়ায় গত কয়েক মাস ধরে লবণ পরিবহন করতে হচ্ছে শ্রমিক দিয়ে। এতে অতিরিক্ত সময় ও অর্থ লাগছে।
তাবলেরচর গ্রামের জেলে নুরুল আলম (৪৭) বলেন, দ্বীপে উৎপাদিত ফসল আর মাছ দিয়ে পাশের পেকুয়া, চকরিয়াসহ চট্টগ্রামে সরবরাহ দেওয়া হতো। কিন্তু সড়ক যোগাযোগ অচল থাকায় চাষিদের ফসল ও জেলেদের মাছ পানির দরে বিক্রি করে দিতে হচ্ছে।
আলী আকবর ডেইল গ্রামের বসিন্দা সখিনা খাতুন (৫৫) বলেন, সড়কগুলো ভেঙে যাওয়ায় গর্ভবতী নারীদের দ্রুত হাসপাতালে নিতে সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর নারী ও শিশুদের চলাফেরা ঝঁুকিপূর্ণ হয়ে পড়েছে। গর্তে পড়ে হাত-পা ভেঙে অনেকে আহত হচ্ছেন।
সওজ বিভাগ সূত্র জানায়, ২০১১-২০১২ অর্থবছরে কয়েক কোটি টাকায় উত্তর ধুরুং ইউনিয়নের আজম সড়কের ধুরুং বাজার থেকে আকবরবলী ঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার অংশ মেরামত করা হয়। ২০১২-১৩ অর্থবছরে ডিসি সড়কের উপজেলা গেট থেকে বিদ্যুৎ মার্কেট পর্যন্ত এক কিলোমিটার সড়ক মেরামত করা হলেও তা এখন ভেঙে গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুতুবদিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মহসীন বলেন, ‘দ্বীপের আজম সড়ক, ডিসি সড়ক ও দরবার সড়ক সওজ বিভাগের অধীনে থাকায় আমরা সংস্কার করতে পারছি না। ফলে জনদুর্ভোগ বাড়ছে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, ২৩ কিলোমিটার সড়কের ভাঙা অংশ সংস্কারের জন্য সওজ বিভাগে বহু লেখালেখি হয়েছে। কিন্তু কোনো সাড়া মিলছে না। বিশেষ করে আজম সড়কের ধুরুং বাজার থেকে আকবরবলী ঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার অংশ মরণফাঁদে পরিণত হয়েছে।
এ প্রসঙ্গে সওজ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী নুর-ই আলম বলেন, ভেঙে যাওয়া সড়কগুলো সংস্কারের জন্য একটি প্রকল্প ঊর্ধ্বতন মহলে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেলে সংস্কার কাজে হাত দেওয়া হবে।