কুতুবদিয়া ও রামুতে ৪৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া ও রামু উপজেলা পরিষদ নির্বাচন আজ। এই দুই উপজেলায় ৮৬ কেন্দ্রের মধ্যে ৪৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রাশসন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোট কেন্দ্র দখল বা ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করা হলে সঙ্গে সঙ্গে গুলি করে তা প্রতিরোধ করা হবে।’
রামু: রামু উপজেলার ১১টি ইউনিয়নে ৫০টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৪টি। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এসব কেন্দ্রে গোলযোগের আশঙ্কা করছেন ভোটাররা।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, সব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এই নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির আহমেদুল হক চৌধুরী, আওয়ামী লীগের সোহেল সরওয়ার ও আবদুল মাবুদ এবং জামায়াতে ইসলামীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসান।
কুতুবদিয়া: কুতুবদিয়ার ছয়টি ইউনিয়নে ৩৬টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৯টি। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। তাঁরা হলেন বিএনপির এটিএম নুরুল বশর চৌধুরী ও শাকের উল্লাহ, জামায়াতে ইসলামীর আ স ম শাহরিয়ার চৌধুরী, নাগরিক কমিটির মনজুর আলম সিকদার এবং আওয়ামী লীগের শফিউল আলম ও মনোয়ারুল ইসলাম চৌধুরী। যদিও তিন দিন আগে আ.লীগের দুই প্রার্থী মনজুর আলম সিকদারকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মমিনুর রশিদ বলেন, সব ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।