কুতুবদিয়া-পেকুয়া জেটিঘাটে অতিরিক্ত ভাড়া আদায়
কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়া-কুতুবদিয়া জেটিঘাটের যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে পেকুয়া উপজেলার মগনামা জেটিঘাটে যাত্রীদের কাছ থেকে ইজারাদারেরা অতিরিক্ত হারে ভাড়া আদায় করছেন। এ নিয়ে প্রতিনিয়ত যাত্রীদের সঙ্গে ইজারাদারের লোকজনের মধ্যে মারামারি ও নির্যাতনের ঘটনা ঘটছে। পেকুয়া থেকে কুতুবদিয়া পারাপারে সমুদ্র চ্যানেলে জাহাজ বা অত্যাধুনিক জলযানও নেই। ফলে ঝুঁকি নিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষকে পারাপার করতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, জেটিঘাট দিয়ে যাতায়াতকারী কুতুবদিয়া ও পেকুয়ার যাত্রীদেরও দুর্ভোগ যাচ্ছে। মগনামা জেটিঘাটে টোল আদায়ের কোনো নিয়মনীতি নেই। ইজারাদারেরা ইচ্ছেমতো যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করছেন। কুতুবদিয়ার লেমশীখালী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আলী আহমদ (৪৫) জানান, ২০ কেজি ওজনের একটি কাপড়ের বান্ডিল নিয়ে এই মগনামা জেটিঘাট পার হতে নিজের ভাড়ার পাশাপাশি কাপড়ের বিপরীতে অতিরিক্ত আরও ২০০ টাকা হাতিয়ে নিল। কৈয়ারবিল গ্রামের দিলদার মিয়া জানান, একইভাবে তাঁর কাছ থেকে আদায় করা হয় অতিরিক্ত ১২০ টাকা। অথচ টোল আদায়ের নিয়ম রয়েছে দুই মণ ওজনের প্রতিবস্তার বিপরীতে ১০ টাকা। যাত্রীরা অভিযোগ করে, কক্সবাজার বা চট্টগ্রাম থেকে মালামাল এনে কুতুবদিয়া নিয়ে যাওয়ার সময় এই ঘাটে ১২০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছেন ইজারাদারের কর্মচারীরা। কুতুবদিয়ার যাত্রী হায়দার আলী, মো. তারেক ও সুমন জানান, মালামালের পাশাপাশি হাঁস-মুরগি ও ছাগল পারাপারে ২০ থেকে ৩০ টাকা ইজারা দিতে হচ্ছে। টাকা দিতে রাজি না হলে ইজারাদারের লোকজন যাত্রীদের মারধর ও লাঞ্ছিত করেন। আবার যাত্রীর তুলনায় নৌযান পর্যাপ্ত না হওয়ায় দুই পাড়ে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা জেটিঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এই চ্যানেলে কয়েক বছর আগে একটি জাহাজ চলাচল করত। রহস্যজনক কারণে সেটি বন্ধ রয়েছে। পেকুয়া জেটিঘাটের ইজারা আদায়কারী বাদশা মিয়া (২৩) জানান, ‘চ্যানেল পারাপার ও জেটিঘাট ইজারা নীতিমালা পরিবর্তন করা হয়েছে। আগে পণ্য বা মালামালের ভাড়া ডেনিস বোটে আদায় করা হতো। আর এখন জেটিঘাটে আমরা আদায় করছি। যাত্রীসাধারণ এবং মালামাল ওঠা-নামার ক্ষেত্রে সরকার নির্ধারিত মূল্যতালিকা উভয় জেটিতে নোটিশ আকারে টাঙানোর নির্দেশনা থাকলেও তা আমরা পালন করতে পারছি না।’ জানা যায়, কুতুবদিয়া দ্বীপের এক লাখ মানুষ একমাত্র এই সাগর চ্যানেলের পেকুয়ার মগনামা জেটিঘাট দিয়ে যাতায়াত করে। মগনামা-কুতুবদিয়া, মগনামা-দরবারঘাট ও মগনামা জেটিঘাটসহ তিনটি ঘাটের ইজারা নিয়ন্ত্রণ করে কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা পরিষদ। কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানি নিয়ে প্রশাসনের পক্ষে তেমন নজরদারি করা হয় না। অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ অস্বীকার করে ইজারাদারদের নিয়োগকৃত ম্যানেজার (ব্যবস্থাপক) রিয়াজুল করিম জানান, ‘নিয়মমতো আমরা ইজারা আদায় করছি। এর বাইরে বেশি কিছু বলা যাবে না।’তবে ঘাটের ইজারাদার নুরুল আলম আগের চেয়ে এখন অতিরিক্ত ভাড়া আদায়ের কথা স্বীকার করে জানান, ‘আমরা জেলা প্রশাসনে আবেদন করে জনপ্রতি ইজারা ১৩ টাকার স্থলে ১৫ টাকা নিচ্ছি। ’পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই খাজা আলামীন বলেন, ইজারাদার বা তাঁর নিয়োগকৃত কর্মচারীরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন কি না অনুসন্ধান করা হচ্ছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।