কুতুবদিয়ার আজম সড়কের বেহাল দশা
কুতুবদিয়ার আজম সড়কের বড়ঘোপ জিপ স্টেশন থেকে ধুরুং বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশ যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গেল বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে সড়কের কার্পেটিং ও কংক্রিট উঠে বড় বড় গর্ত হওয়ায় এ অবস্থা হয়েছে। এতে জিপ, টেম্পো, ট্যাক্সিসহ সব ধরনের যানবাহন ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় লোকজন এবং সড়ক ও জনপথ বিভাগ জানায়, আজম সড়কটি আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলেরচর বাজার হতে উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীঘাট এলাকার জনসাধারণের চলাচলের প্রধান মাধ্যম। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে সড়কটি বিধ্বস্ত হয়। ১৯৯২-৯৩ অর্থবছরে তা পুনর্নির্মাণ করা হয়। এরপর ২০০৭-০৮ অর্থবছর পর্যন্ত সড়কটি একাধিকবার সংস্কার করেছে সড়ক ও জনপথ বিভাগ। জিপ মালিক সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ খান বলেন, ‘কুতুবদিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আজম সড়কটির বিভিন্ন অংশ খানাখন্দে পরিণত হওয়ায় স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারছে না। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, কাজের গুণগতমান সঠিক না থাকায় প্রতিবার মেরামতের ছয় মাসের মাথায় সড়কের কার্পেটিং উঠে যায়। গত বর্ষায় কার্পেটিং ও কংক্রিট উঠে যাওয়ায় ২০ কিলোমিটার দীর্ঘ সড়কটির বড়ঘোপ জিপ স্টেশন থেকে ধুরুং বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, ‘সড়কটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগে আবেদন করা হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগ প্রাক্কলন তৈরি করে অর্থবরাদ্দ দিয়েছে বলে জানা গেছে।’সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, সড়কটির উপজেলা সদর জিপ স্টেশন থেকে দরবার রাস্তার মাথা এবং বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ মগডেইল এলাকা থেকে আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তিবাজার পর্যন্ত ১০ কিলোমিটার সংস্কারকাজ করার জন্য এক কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।