কুতুবদিয়ার তিন ইউনিয়নে জামায়াত-শিবিরের রাজত্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরং, দক্ষিণ ধুরং ও লেমশীখালী ইউনিয়নে জামায়াতের রাজত্ব চলছে। সাঈদী মুক্তি পরিষদের ব্যানারে জামায়াত-শিবিরের নেতা-কর্মী-সমর্থকেরা সন্ধ্যার পর থেকে সেখানে মিছিল সমাবেশের পাশাপাশি নানা ধরনের সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। জামায়াতের সাংসদ হামিদুর রহমান আজাদের প্রভাব এবং দুর্গম এলাকা হওয়ায় পুলিশ এসব তৎপরতা বন্ধ করতে পারছে না।সাধারণ মানুষ মনে করে, জামায়াত-শিবিরের এই অপতৎপরতা বন্ধ করতে হলে ধুরং বাজারে স্থায়ীভাবে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে। আর টহলে রাখতে হবে নৌ অথবা কোস্টগার্ড বাহিনীকে। দ্বীপের উত্তর অংশের ওই তিনটি ইউনিয়নে ১ মার্চ থেকে ১১ দিন প্রকাশ্যে চলে সাঈদীর মুক্তির দাবিতে জামায়াত-শিবিরের ওয়াজ মাহফিল ও মিছিল সমাবেশ। এসব বন্ধ করতে গিয়ে পুলিশের সঙ্গে একাধিক সংঘর্ষও হয়েছে। সম্প্রতি ধুরং বাজার পরিদর্শনে গেলে স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩৪), আমান উল্লাহ (৪৩) ও নুরুল হুদা (৩৫) জানান, গত ২৮ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে সাঈদীর মুক্তির দাবিতে জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতা-কর্মী প্রায় ১০ কিলোমিটার দূরে (সদরে) উপজেলা পরিষদ ভবনে গিয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর টানা তিন দিন ধুরং বাজারের সব দোকানপাট বন্ধ রাখতে বাধ্য করে। ৪ মার্চ দোকানপাট খুলে দিয়ে ব্যবসায়ীদের সাঈদী মুক্তি পরিষদের মিছিল সমাবেশ এবং ওয়াজে যেতে বাধ্য করে। প্রথমে স্টেডিয়াম মাঠ, পরে ধুরং বাজারের চৌরাস্তার মাথায় প্যান্ডেল তৈরি করে সেখানে সাঈদীর ওয়াজ প্রচার করে। ১৩ মার্চ জেলা প্রশাসক মো. রুহুল আমিন, পুলিশ সুপার মো. আজাদ মিয়া, র‌্যাব-৭ কক্সবাজারের উপপরিচালক মেজর সরওয়ার-ই-আলম ধুরং বাজার পরিদর্শন এবং স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করার পর দিনের বেলায় সাঈদীর ওয়াজ মাহফিল বন্ধ রাখা হয়। কিন্তু লোকজনকে ধরে এনে জামায়াতের মিছিল সমাবেশ অব্যাহত রয়েছে। ব্যবসায়ীরা বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতারা আত্মগোপন করায় সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। গ্রামের লোকজন নীরবে জামায়াত-শিবিরের কর্মকাণ্ড সহ্য করছে। সাংসদ হামিদ আজাদ আত্মগোপনে থেকে গ্রামের মানুষকে নিয়ন্ত্রণ করছেন। অনুসন্ধানে জানা গেছে, দক্ষিণ ধুরং ইউনিয়নে জামায়াতের সাবেক আমির ইবনে আমিন মিছিল সমাবেশে নেতৃত্ব দিচ্ছেন। তিনি সাঈদী মুক্তি পরিষদের আহ্বায়ক। উপজেলা জামায়াতের আমির মাওলানা আনোয়ার হোসেন, সেক্রেটারি আ স ম শাহরিয়ার চৌধুরী তিন ইউনিয়নের লোকজনকে মিছিল সমাবেশে যেতে বাধ্য করেন। এ প্রসঙ্গে জানার জন্য একাধিকবার যোগাযোগ করেও নেতাদের পাওয়া যায়নি। তাঁদের মুঠোফোনও বন্ধ রয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ কুতুবী বলেন, ১ মার্চ থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা উত্তর ধুরং, দক্ষিণ ধুরং ও লেমশীখালী ইউনিয়নের প্রায় ৭৫ হাজার মানুষকে জিন্মি করে সাঈদীর মুক্তির জন্য আন্দোলন করছে। জেলা প্রশাসক মো. রুহুল আমিন জানান, রাতের বেলায় কয়েকটি গ্রামে জামায়াত-শিবির মিছিল করলেও সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে পুলিশের পাশাপাশি আনসার ও কোস্টগার্ড টহলে রাখা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. আজাদ মিয়া জানান, একাধিক বৈঠকের পর ধুরং বাজারে সাঈদীর ওয়াজ বন্ধ রয়েছে। সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নাশকতা বন্ধ করতে ধুরং বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজ চলছে।