কুতুবদিয়ায় কোস্ট ট্রাস্টের বিনা মূল্যের চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নে ১৯৩ জন নারীকে বিনা মূল্যে গাইনিবিষয়ক স্বাস্থ্যসেবা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট। ৩ অক্টোবর সকাল ১০টায় স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহীন তানভীর গাজী। সভাপতিত্ব করেন উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম শাহরিয়ার চৌধুরী।
সভায় ইউএনও সালেহীন তানভীর গাজী বলেন, সাগরদ্বীপ কুতুবদিয়ায় সমস্যা অনেক। তারপরও আমরা এ উপজেলার মাতৃমৃত্যু ও শিশু অপুষ্টি শূন্যের কোঠায় আনার চেষ্টা করছি। বিনা চিকিৎসায় কোনো মায়ের যেন মৃত্যু না হয় সে উদ্যোগ নিচ্ছি। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো জনগণকে নানাভাবে সহযোগিতা দিচ্ছে।
সভায় বক্তব্য দেন চকরিয়া মা ও শিশু জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকারিয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শক কাইছারুল ইসলাম, কোস্ট ট্রাস্টের প্রকল্প সমন্বয়কারী মো. ফজলুল হক, নুরুল বশর, ফরিদ উদ্দিন, রিফাত সুলতানা প্রমুখ। চিকিৎসাসেবা দেন চিকিৎসক সাবরিনা জাহান ও মেহের ফাতেমা আক্তার।