কুতুবদিয়ায় চর দখলের ঘটনা নিয়ে আইনশৃঙ্খলার অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। বিশেষ করে দুই পক্ষের চর দখলের প্রতিযোগিতাকে কেন্দ্র করে আলী আকবর ডেইল ইউনিয়নের পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে। খুন, ডাকাতি, লুটসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় এলাকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আলী আকবর ডেইল ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী প্রথম আলোকে জানান, ইউনিয়নের তাবলরচর আর খুদিয়ারটেক এলাকায় চর দখল ও লবণ লুট করা নিয়ে খুন, ছিনতাই, ডাকাতির ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, তাবলরচর গ্রামের লবণ ব্যবসায়ী ছলিমুল্লা ওরফে বাবুল ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বক্তার আলমের মধ্যে চর দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এঁরা একে অপরকে প্রতিহত করার জন্য দলবল নিয়ে খুন থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। জানা যায়, গত ১৭ জুন চাইন্দারঘোনায় চর দখল আর লবণ লুট করাকে কেন্দ্র করে ছলিমুল্লা বাবুল ও বক্তার আলমের লোকজনের মধ্যে চরে সংঘর্ষ বাধে। বাবুল গ্রুপের লোকজন প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য বাবুলের বাবাকে ছদর আহাম্মদ (৮০) খুন করে। এ ব্যাপারে বাবুল আবু তৈয়ব, বক্তার আলমসহ ৪৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারের ভয়ে অভিযুক্তরা পালিয়ে গেলে শুরু হয় লবণ লুটের ঘটনা।স্থানীয় সূত্র জানায়, গত ২৫-২৮ জুন খুদিয়ারটেক চাইন্দারঘোনা চর এলাকা থেকে তাবলরচর এলাকার নুরুল ইসলামের আট শ মণ, সিরাজুল ইসলামের দুই হাজার ২০০ মণ, আবদুল মালেকের এক হাজার ৬০০ মণ ও কক্সবাজারের চরপাড়া এলাকার বদিউল আলমের এক হাজার ১০০ মণ লবণ লুট হয়। দিন-দুপুরে শতাধিক শ্রমিক দিয়ে ১২টি কার্গো-ট্রলারে করে এসব লবণ নিয়ে যান বাবুল, আবু তালেব ও জালাল আহাম্মদের নেতৃত্বে একদল সন্ত্রাসী। ২১ জুন তাবলরচর এলাকার ইউপি সদস্য মাহমুদুল করিম খুদিয়ারটেক চাইন্দাঘোনার চরে তাঁর নিজস্ব কার্গো-ট্রলার ভর্তি করে ৯ নম্বর স্লুইসগেট এলাকায় লবণ রাখেন বিক্রির উদ্দেশ্যে। সন্ত্রাসীরা ট্রলারের মেশিনসহ লবণ লুট করে নিয়ে যান। গত ১৯ জুন চাইন্দারঘোনা থেকে তাবলরচর গ্রামের নুরুল হুদার প্রায় সাত হাজার মণ লবণ ১০টি কার্গো ট্রলার ভরে নিয়ে যান সন্ত্রাসীরা। এ ব্যাপারে নূরুল হুদার স্ত্রী বাবুলসহ ১৬ জনের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন। বর্তমানে তা উপজেলা শিক্ষা কর্মকর্তা তদন্ত করছেন।এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে বাবুল লুটপাট কিংবা ডাকাতির মতো ঘটনার কথা অস্বীকার করে জানান, খুদিয়ারটেক চরে চিত্ত বাবুর ঘোনার গর্তে তাঁর ২০ হাজার মণ লবণ জমা রয়েছে। সেখান থেকেই কার্গো ট্রলারে ভর্তি করে লবণ নিয়ে যাচ্ছেন তিনি। আলী আকবর ডেইল ইউনিয়নের সদস্য বক্তার আলম জানান, গেল শুষ্ক মৌসুমে সাধারণ চাষিরা মাঠের গর্তে লবণ জমা রেখেছিলেন। বাবুল, জালাল, আবু তালেব শ্রমিক নিয়োগ করে এসব লবণ লুট করে নিয়ে যান। কুতুবদিয়ার পুলিশ প্রশাসনকে এ ব্যাপারে জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘লবণ লুটের ব্যাপারে খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যপারে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে, উত্তর ধুরং ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ ইকবাল জানান, গত ১০ জুন মেয়ারাকাটা গ্রামের নজির আহম্মদের ঘরে পুলিশ পরিচয়ে একদল লোক ডাকাতি করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যান। বাড়ির মালিক নজির আহাম্মদ জানান, ডাকাতির ব্যাপারে থানায় গেলে পুলিশ মামলা নেয়নি। পরে ১৪ জুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশে পুলিশ মামলা নেয়। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন মিয়া জানান, থানায় জনবলসংকট চরমে। কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত গুরুত্বপূর্ণ অনেক পদ শূন্য। এর মধ্যে জেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ থানার পুলিশ দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে। তাই সবকিছু সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। গত মাসে থানায় একটি খুন, একটি ডাকাতি, একটি মারামারিসহ নয়টি মামলা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।