কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ৭৪৩টি নলকূপের মধ্যে চার শতাধিক নলকূপের পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এসব নলকূপের পানি লাল হয়ে যাওয়ায় এতে আর্সেনিক রয়েছে বলে ধারণা করছেন এলাকার মানুষ। তবে বিকল্প পানির উৎস না থাকায় বেশির ভাগ মানুষ এসব নলকূপের পানি পান ও অন্যান্য কাজে ব্যবহার করছেন। এতে ঝুঁকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, ২০০৫ সালের শেষের দিকে উপজেলার ছয়টি ইউনিয়নে আর্সেনিক শনাক্তকরণ কার্যক্রম শুরু হলেও লোকবল-সংকটের কারণে অল্প দিনের মধ্যে তা বন্ধ করে দেওয়া হয়। এর আগে ২০০২-০৩ সালে উপজেলার পাঁচ শতাধিক নলকূপের পানি পরীক্ষা করে আলীফকির ডেইল ও কৈয়ারবিল গ্রামের দুটি নলকূপে আর্সেনিকের উপস্থিতি শনাক্ত করা হয়। ইতিমধ্যে নলকূপ দুটি সাগরে বিলীন হয়ে গেছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কুতুবদিয়া উপজেলার ছয়টি ইউনিয়নে নলকূপ রয়েছে ৭৪৩টি। এর মধ্যে চার শতাধিক নলকূপের পানি লাল হয়ে গেছে। এলাকার মানুষের ধারণা, এসব পানিতে আর্সেনিক আছে। কিন্তু বিকল্প উৎস না থাকায় বেশির ভাগ মানুষ বাধ্য হয়ে এই পানি পান করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক জনপ্রতিনিধি জানান, বিভিন্ন এলাকার নলকূপে আর্সেনিক আছে কি না, পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের। কিন্তু এ ব্যাপারে তাদের কোনো কার্যক্রমই চোখে পড়ে না। সূত্র জানায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে উপজেলা প্রকৌশল কর্মকর্তা ও সহকারী প্রকৌশল কর্মকর্তাসহ ছয়টি কর্মকর্তার পদ ও পাঁচটি চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদ রয়েছে। এর মধ্যে সাত বছর ধরে চতুর্থ শ্রেণীর কর্মচারী ছাড়া কোনো কর্মকর্তা নেই। তিন বছর আগে একজন উপজেলা প্রকৌশল কর্মকর্তা যোগ দিলেও মাস খানেক পর তিনি চলে যান। বর্তমানে চকরিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা কামাল হোসেন একই সঙ্গে কুতুবদিয়া, মহেশখালী ও পেকুয়া উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। চার উপজেলার দায়িত্ব পালন করতে গিয়ে কোনোটারই সঠিক দায়িত্ব পালন করতে পারছেন না তিনি। কুতুবদিয়া কার্যালয়ে ১১ বছর ধরে চাকরিরত চতুর্থ শ্রেণীর কর্মচারী মিজানুর রহমান পুরো কার্যালয়ের বিভিন্ন কাজের দেখভালের দায়িত্ব পালন করছেন। মিজানুর রহমান জানান, অফিসের পিয়ন হলেও কর্মকর্তা না থাকায় কার্যালয়ের সব কাজ তাঁকেই সামাল দিতে হচ্ছে। তিনি বলেন, ‘২০০৫ সালের শেষ দিকে উপজেলার ছয়টি ইউনিয়নে আর্সেনিক শনাক্তকরণ কার্যক্রম চালানো হয়েছিল। কিন্তু লোকবল-সংকটের কারণে অল্প দিনের মধ্যে তা স্থগিত হয়ে যায়। গত সাত বছরের বেশি সময় ধরে আর্সেনিক পরীক্ষা বন্ধ রয়েছে। এখন কেউ নলকূপের পানি কার্যালয়ে নিয়ে এলে তাতে আর্সেনিক আছে কি না, পরীক্ষা করে সংশ্লিষ্ট ব্যক্তিকে তা বলে দিই।’