কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত এক ছাত্রী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। বাল্যবিবাহ দেওয়ার অপরাধে বাবাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কৈয়ারবিল ইউনিয়নের মলমচর গ্রামের বাসিন্দা কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে উত্তর ধুরুং ইউনিয়নের নয়াকাটা গ্রামের এক ছেলের বিয়ে হওয়ার কথা ছিল গত বুধবার রাতে। সবকিছুই ঠিকঠাক। বরপক্ষের লোকজনও এসে যায়। এর মধ্যে স্কুলছাত্রীর বাল্যবিবাহের খবর চলে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহীন তানভীর গাজীর কাছে। ছাত্রীটির সহপাঠীরাই এ খবর জানায় ইউএনওকে। রাতেই পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন ইউএনও। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর পক্ষের লোকজন পালিয়ে গেলেও পুলিশ মেয়ের বাবাকে আটক করে কুতুবদিয়া থানায় নিয়ে আসে।
পরদিন দুপুরে পুলিশ ছাত্রীর বাবাকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত বাল্যবিবাহ নিরোধ আইনে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে অর্থদণ্ড আদায় করলে আদালত তাঁকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজমগীর মাতবর ও ইউপি সদস্য শফিউল আলমের জিম্মায় মুক্তি দেন। বাল্যবিবাহ বন্ধ এবং মেয়ের বাবাকে ২০ হাজার টাকার জরিমানার সত্যতা নিশ্চিত কেরছেন ইউএনও সালেহীন তানভীর গাজী।
কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জানান, অষ্টম শ্রেণি পড়ুয়া ওই ছত্রীটি বিদ্যালয়ের নিয়মিত উপবৃত্তিভোগী। তার জন্ম ২০০৩ সালে।