কুতুবদিয়ায় ভাঙা বেড়িবাঁধের নির্মাণকাজ করছেন না ঠিকাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের কাইছারপাড়ার ভাঙা বেড়িবাঁধ পুনর্নির্মাণের জন্য সরকার ২০১০-১১ অর্থবছরে বরাদ্দ দিলেও ঠিকাদার আর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ কাজ শুরু করেনি। কুতুবদিয়া দ্বীপ রক্ষার জন্য নির্মিত ৪০ কিলোমিটার বাঁধের মধ্যে এ অংশটি জলোচ্ছ্বাসে ধসে পড়ে। স্থানীয় জটিলতার কারণে বাঁধ নির্মাণকাজ শুরু করতে পারেননি বলে দাবি করেছে ঠিকাদার। এলাকাবাসীর অভিযোগ—ঠিকাদারি প্রতিষ্ঠান আর পাউবো কর্তৃপক্ষ বাঁধ নির্মাণকাজ না করে টাকা আত্মসাৎ করার পাঁয়তারা করেছে। পাউবো সূত্রে প্রকাশ, উত্তর ধুরুং ইউনিয়নের কাইছারপাড়ার ৮০০ মিটার বাঁধ নির্মাণের জন্য রাজস্ব খাত থেকে সম্পূর্ণ মাটি দিয়ে প্রতিরক্ষা বাঁধ নির্মাণের জন্য প্রায় ৬৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এ বরাদ্দের কাজ ২০১০-১১ অর্থবছরের জুনের মধ্যে শেষ করার কথা রয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোক্তার আহাম্মদ জানান, কাইছারপাড়া এলাকার লোকজন জমি অধিগ্রহণের টাকা ছাড়া বাঁধ নির্মাণের কাজ করতে দিচ্ছেন না।স্থানীয় আবু আহাম্মদ (৫৫) জানান, পানি উন্নয়ন বোর্ড ভূমি অধিগ্রহণ না করে তাঁদের জমির ওপর বাঁধ দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আবার বাঁধ দেওয়ার জন্য ব্যক্তিমালিকানাধীন জমি থেকে মাটি নেওয়ার সময়ও টাকা দিচ্ছে না। এতে স্থানীয় লোকজন দুইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই তাঁরা জমি থেকে মাটি নিতে বাধা দিচ্ছেন। তবে বেড়িবাঁধ নির্মাণে বাধা দিচ্ছেন না। কুতুবদিয়া-মহেশখালী আসনের সাংসদ এ এইচ এম হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, কাইছারপাড়া এলাকায় বাঁধ নির্মাণ করতে যেসব ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে তাঁদের ক্ষতিপূরণ দিয়ে কাজ করার জন্য পাউবো কর্তৃপক্ষ আর ঠিকাদারকে বলা হয়েছে। আগামী জুনের মধ্যেই কাইছারপাড়া এলাকার বাঁধ নির্মাণকাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। পাউবোর কক্সবাজার জেলার নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন প্রথম আলোকে জানান, কাইছারপাড়া এলাকায় প্রতিরক্ষা বাঁধ দেওয়ার জন্য সরকারি রাজস্ব খাত থেকে ৬৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। এতে ভূমি অধিগ্রহণের অর্থবরাদ্দ না থাকায় জমির মালিকেরা বাঁধ নির্মাণ করতে দিচ্ছেন না। দু-এক দিনের মধ্যেই স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ঠিকাদার আর জমির মালিকদের সঙ্গে সমঝোতার বৈঠকে বসা হবে। এতে সমাধান হওয়ার সম্ভাবনা আছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘২১-২৫ মে পূর্ণিমার জোয়ারে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে লোনাপানি ঢুকে শত শত হেক্টর এলাকা প্লাবিত হয়েছে। সাগরের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট বাড়ে। এতে কাইছারপাড়া থেকে শুরু করে তাবলচর, কাজিরপাড়া, তেলিপাড়া, কাহারপাড়া, বায়ুবিদ্যুৎ পাইলট প্রকল্প এলাকা, চরধুরুং এলাকায় ২২৫টি ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এ ছাড়াও আলী আকবর ডেইল ইউনিয়ন, বড়ঘোপ ইউনিয়ন, লেমশীখালী ইউনিয়ন, কৈয়ারবিল ইউনিয়ন, উত্তর ধুরুং ইউনিয়ন ও দক্ষিণ ধুরুং ইউনিয়নের বিধ্বস্ত বাঁধ দিয়ে পানি ঢুকে শত শত হেক্টর ফসলি জমি আর প্রায় ২০০ ঘর প্লাবিত হয়েছে।