কুতুবদিয়ায় যুবলীগের নেতাকে মারধরের অভিযোগ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. মহিউদ্দিন চৌধুরীকে মারধর করে বিপাকে পড়েছেন থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ। আগামী ১৫ জুনের মধ্যে তাঁকে কুতুবদিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি হাজির হওয়ার জন্য আদালত থেকে সমন জারি করা হয়েছে।যুবলীগের নেতা মো. মহিউদ্দিন চৌধুরী জানান, এসআই শাহনেওয়াজ বাদীপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে একটি জিআর মামলার (নম্বর-৩১/১১) তদন্ত ছাড়াই তিনিসহ (যুবলীগের নেতা) চারজনের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন দিয়েছেন। ১৬ মে মহিউদ্দিন চৌধুরীসহ ওই মামলার অপর অভিযুক্ত ব্যক্তিরা কুতুবদিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে আদালত থেকে জামিনে মুক্ত হন। এরপর জামিনের বিষয়টি থানাকে জানানো হলে ক্ষুব্ধ ওই পুলিশ কর্মকর্তা তাঁকে (মহিউদ্দিন) দেখে নেওয়ার হুমকি দেন। প্রত্যক্ষদর্শী লোকজন জানান, ১৭ মে সন্ধ্যায় এসআই শাহনেওয়াজ উপজেলার থানার মোড় এলাকায় এসে মহিউদ্দিন চৌধুরীকে মারধর শুরু করেন। একপর্যায়ে শত শত লোকের সামনে মহিউদ্দিনকে জুতাপেটা এবং শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে পেটাতে পেটাতে থানায় নিয়ে যান। এরপর থানা প্রাঙ্গণে লাঠি দিয়ে দ্বিতীয় দফায় পিটুনি দেন। এ সময় অন্য পুলিশ সদস্যরা থামানোর চেষ্টা করেও শাহনেওয়াজকে থামাতে পারেননি। পিটুনিতে মহিউদ্দিনের বাঁ হাতের হাড় ভেঙে যায়। ফুলে যায় মাথাসহ শরীরের বিভিন্ন অংশ। রাতে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে পরের দিন উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ১৮ মে মহিউদ্দিন চৌধুরী বাদী হয়ে কুতুবদিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অন্যায়ভাবে মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগে শাহনেওয়াজের বিরুদ্ধে মামলা করেন। বাদীপক্ষের আইনজীবী মো. আইয়ুব মামলার সত্যতা নিশ্চিত করেছেন।এ প্রসঙ্গে জানার জন্য ফোনে একাধিকবার চেষ্টা করলেও এসআই শাহনেওয়াজ ফোন না ধরায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন মামলা এবং সমন জারির সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় তদন্ত চলছে।