কুতুবদিয়ায় ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ব্যবসায়ী মুক্ত
কক্সবাজারের কুতুবদিয়ায় অপহরণের সাত দিন পর পাঁচ লাখ টাকার বিনিময়ে ছাড়া পেয়েছেন এক ব্যবসায়ী। অপহূত লবণ ব্যবসায়ী মৌলভী মোহাম্মদ হোসেন মুক্তি পেয়ে ৫ জানুয়ারি বুধবার সকালে তাঁর বাড়িতে এসে পৌঁছেন। অসুস্থ থাকায় তিনি পুলিশ ও সংবাদমাধ্যমকে অপহরণকারীদের সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর রাত ১১টায় মোহাম্মদ হোসেন ধুরুং বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ৮-১০ জন মুখোশ পরা সশস্ত্র ব্যক্তি তাঁকে অপহরণ করে। অপহরণকারীরা তাঁকে নৌকায় তুলে সাগরের দিকে নিয়ে যায়। তাঁর সঙ্গী মৌলভী আসাব উদ্দিনকে তারা মারধর করে মুঠোফোন ও টাকা কেড়ে নেয়। এরপর অপহরণকারীরা রাত দুইটায় অপহূত মোহাম্মদ হোসেনকে ছাড়িয়ে নেওয়ার জন্য ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তাঁর ছোট ভাই দেলোয়ার হোসেনকে ফোন করে। এ ব্যাপারে দেলোয়ার হোসেন বাদী হয়ে ২৮ জানুয়ারি কুতুবদিয়া থানায় মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ‘মৌলভী মোহাম্মদ হোসেন অপহরণ হওয়ার পর পুলিশ তাঁকে উদ্ধারে তৎপরতা চালিয়েছে। তিনি একটি চক্রের হাতে পড়েছিলেন। পুলিশ তাদের ধরার চেষ্টা করছে।’