
অবশেষে ‘কুনকুশ’ ফিরে পেল তার পরিবারকে। আর হারানোর পর ফিরে পেয়ে যারপরনাই খুশি তার পরিবার। আমাদের এই মিষ্টি ‘কুনকুশ’ এক ইরাকি পরিবারের আদুরে বিড়ালছানা। কিন্তু জীবনযাপনের জন্য ইরাক ক্রমেই অনিরাপদ এক জনপদে পরিণত হয়ে উঠছিল। তাই অন্য অনেকের মতো বাধ্য হয়ে ইউরোপের পথে পা বাড়ানোর সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু এ যাত্রা মোটেও সহজ নয়। পাড়ি দিতে হবে অনেক পথ। আর বিপদের ঝুঁকিও আছে বেশ। কিন্তু তবু কুনকুশকে একা রেখে যেতে রাজি হচ্ছিল না পরিবারটির কেউ-ই। তাই মা পাঁচ সন্তানের পাশাপাশি কুনকুশকেও সঙ্গে নেয়।
২০১৫ সালের নভেম্বরে তারা পৌঁছে যায় গ্রিক দ্বীপ লেসবসে। সে মাসে তাদের সঙ্গে আরও এক লাখ শরণার্থী এসে জমা হয় এ দ্বীপে! এত মানুষ কুনকুশ আগে কখনো দেখেনি। তাই ভয় পেয়ে যায় বেশ। অনেক মানুষের ভিড়ে একপর্যায়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে। এর কয়েক দিন পর তাকে পাওয়া যায় দ্বীপের পার্শ্ববর্তী একটি গ্রামে। কিন্তু তত দিনে তার পরিবারকে যেতে হয়েেছ অন্যত্র। অজানা গন্তব্যের দিকে। শরণার্থীদের যে কোনো গন্তব্য থাকে না!
এর মাঝে কুনকুশের আশ্রয় মেলে এক পশু চিকিৎসকের কাছে। ডাক্তার বাবু ভালোই যত্ন করছিলেন তার। কিন্তু তবু পরিবারের জন্য মন কাঁদছিল সব সময়ই। দুই মাস পর একজন স্বেচ্ছাসেবীর সহায়তায় তাকে পৌঁছে দেওয়া হয় বার্লিনে। একটি ‘আন্তর্জাতিক অনলাইন সার্চ’ সংগঠন শুরু করে তার পরিবারের খোঁজ।
অবশেষে ফেব্রুয়ারিতে এসে তার পরিবারের খোঁজ মিলল নরওয়েতে।
গার্ডিয়ানের অনলাইন সংস্করণে আপলোড করা একটি ভিডিও চিত্রে আমরা দেখি, আদরের কুনকুশকে ফিরে পেয়ে তার পরিবারের উচ্ছ্বাসটা ছিল দেখার মতো। কুনকুশ এখন বেশ ভালোই আছে তার পরিবারের সঙ্গে।
গার্ডিয়ান অবলম্বনে