কুনো ডাক্তারের কাছে যাই নাই

‘এই সময় আবার যত্ন কী? কেডা আমার যত্ন নিব? গরিবের সংসার। রান্ধন-বাড়ন থেইক্যা শুরু কইরা ঘরের সব কাম আমি নিজেই করি। না কইরা উপায় কিতা? আমার বাকি তিন পোলা-মাইয়্যাও তো ছুডু ছুডু। তাগোরেও দেহন লাগে। তয় জিরাই জিরাই কাম করি।’
কথাগুলো বলছিলেন রাজধানীর কারওয়ান বাজার বস্তির বাসিন্দা চার মাসের অন্তঃসত্ত্বা আফিয়া বেগম। আফিয়ার গ্রামের বাড়ি জামালপুর। স্বামী কারওয়ান বাজারের সবজি বিক্রেতা। গর্ভকালীন যত্ন সঠিকভাবে পাচ্ছেন কি না তা জানতে ১২ এপ্রিল যাই আফিয়ার বস্তির ছোট্ট ঘরটিতে।
কথা বলতে গিয়ে জানা যায়, গর্ভকালীন যত্ন সম্পর্কে আফিয়ার বিশেষ কোনো ধারণা নাই। এসব বিষয় জানাতে বস্তিতে কোনো স্বাস্থ্যকর্মীও আসেন না। আফিয়ার আরও তিনটি সন্তান রয়েছে। আরেকটি সন্তান জন্মের সময় মারা গেছে।
জিজ্ঞেস করি, ‘গর্ভের বাচ্চা ও নিজের স্বাস্থ্যপরীক্ষার জন্য কোনো ডাক্তার দেখাচ্ছেন?’
‘না, কুনো ডাক্তারের কাছে যাই নাই। আর ডাক্তার দেহানোর দরকার কী? আমার আগের পুলামাইয়্যাগুলান তো ডাক্তার দেহানো ছাড়াই হইছে।’
‘ঘরের কাজ করা ছাড়া বাইরে কি কোনো কাজ করেন?’
‘হ। বাসাবাড়ির কাম করি। একজনের আয়ে তো সংসার চলে না। এহনতো চার মাস চলতাছে। সাত মাস হইলে ছাইড়া দিমু। তয় বাসাবাড়ির কামও হালকা হালকাগুলান করি। আগের বাচ্চাগুলার সময়ও করছি এমন কাম।’
‘স্বামী কি আপনার যত্ন নেন?’
‘যত্ন কেমনে নিব? আমার স্বামী সারা দিন সবজি বেচে। তয় ফঁাকে ফাঁকে খবর লয়। ভারী কামগুলানে সাহায্য করে। সময় থাকলে খাওনের পানি আইনা দেয়। বস্তিতে তো পানির জন্য লম্বা লাইনে খাড়াইতে হয়। খাড়ায় থাকতে কষ্ট হয়।’
‘গর্ভের সন্তানের সুস্থতার জন্য এই সময়তো ভালো ভালো পুষ্টিকর খাবার খেতে হয়। ফলমূল, দুধ—এসব কি খান?’
‘ঘরে যা রান্ধা হয় তাই খাই। ভাত-তরকারি এই সব। আলাদা কইরা কিছু খাওন হয় না। দুধ, ফলমূল কই পামু? এসব খাওনের যে দাম আমগো মতো গরিব মাইনষে কেমনে কিনব? আর থাহি বস্তিতে। এহানে গুসুল করন যায় না। পাঁচ ট্যাহা দিয়া বড় লাইনে খাড়াইতে হয়। খাড়াইতে খাড়াইতে মাথা ঘোরান দেয়। কাহিল লাগে। তহন কষ্ট লাগে। আর গুসুল না করলে বমি লাগে। খাইতে পারি না কিচ্ছু। বাচ্চার ক্ষতি হইব ভাইব্যা জোর কইরা খাই।’
‘মা হওয়ার সময় সাধারণত মেয়েরা বাপের বাড়ি যায়। আপনি যাচ্ছেন না কেন?’
‘কেমনে যামু কন? ঘরে তো আরও তিনটা পুলা-মাইয়্যা আছে। তাগোরে থুইয়্যা কেমনে যাই। আর আমার বাপের বাড়ির অবস্থাও তো ভালা না। তারা আমার কী যত্ন নিব। নিজেরাই ঠিকমতো খাওন পায় না।’
‘বাচ্চা ডেলিভারির সময় কি হাসপাতালে যাবেন?’
‘ডেলিভারির সময়ে অবস্থা খুব খারাপ না হইলে মেডিকেলে যামু না। ব্যাদ্না উঠলে সব মাইয়্যার বস্তিতেই দাই দিয়া ডেলিভারি হয়। আমিও দাই দিয়াই ডেলিভারি করামু। যা আছে কপালে। অত চিন্তার কী !’