কুমারপাড়ায় ব্যস্ততা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী উপজেলার বড় কুলালপাড়া ও ছোট কুলালপাড়া গ্রাম দুটি একসময় কুমারপাড়া হিসেবে পরিচিত ছিল। কয়েক বছর আগেও এই দুই গ্রামের কয়েক শ পরিবার মাটির জিনিসপত্র তৈরি করত। কিন্তু এখন প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈজসপত্রের ব্যবহার বাড়ায় মাটির হাড়ি-পাতিল ও থালা-বাসনের বিক্রি কমে গেছে। ফলে পূর্বপুরুষের পেশা ছেড়ে দিচ্ছেন এখানকার মৃৎশিল্পীরা।বড় মহেশখালীর নতুন বাজার ও গোরকঘাটা এলাকায় প্রতিদিন সন্ধ্যায় মৃৎশিল্পীরা মাটির জিনিসপত্র বিক্রির জন্য নিয়ে আসেন। এখানে কলস, চালের মটকা, পাতিল, সরা, পিঠা তৈরির খোলা, ছাঁচ এসব জিনিস বিক্রি হয়। মাটির কলস বিক্রি হয় ৫০ টাকায়, অন্যান্য জিনিসের দাম পাঁচ টাকা থেকে সর্বোচ্চ ১৫০ টাকা। সস্তা হওয়া সত্ত্বেও মাটির জিনিসপত্র তেমন বিক্রি হয় না। নতুন বাজারে মাটির জিনিস বিক্রি করতে আসা মৃৎশিল্পী জাকির হোসেন বলেন, ‘মাসে ছয় থেকে সাত হাজার টাকা আয় হয়। খরচ বাদ দিয়ে এই টাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছি।’সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কুমারপাড়ার আগের সেই কর্মচাঞ্চল্য নেই। দুটি গ্রামের মাত্র ২০ থেকে ২৫ পরিবার মাটির জিনিসপত্র তৈরির সঙ্গে যুক্ত আছেন এখনো। বাড়ির উঠানে বসে হাড়ি-পাতিল তৈরি করছিলেন মৃৎশিল্পী আমির হোসেন ও কাজল হোসেন। তাঁরা জানান, এখন গ্রামেও মাটির জিনিসের চাহিদা তেমন নেই। ফলে এ পেশায় থেকে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়ছে।মৃৎশিল্পী আবদুল নবী বলেন, ‘প্লাস্টিক, স্টিল ও মেলামাইন সামগ্রীর ব্যবহার ব্যাপকহারে বাড়ছে। আগে মাটির তৈরি বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্র বিক্রি হতো। কিন্তু এখন এসব জিনিসও বিক্রি হয় না।’ এ প্রসঙ্গে মহেশখালী মৃৎশিল্প সমবায় সমিতির সভাপতি আমির হোসেন বলেন, ‘মৃৎশিল্পের অবস্থা ফেরাতে ২০০৬ সালে “বড় ও ছোট কুলালপাড়া মৃৎশিল্প সমবায় সমিতি লিমিটেড” গঠন করি। কিন্তু সংগঠনটি এখনো কোনো প্রকার সরকারি কিংবা বেসরকারি সাহায্য-সহযোগিতা পায়নি। সরকারের সহযোগিতা পেলে মৃৎশিল্প আবার ঘুরে দাঁড়াবে।’