কুমিল্লা ও রাঙামাটি বিভাগীয় চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ নেই। প্রায় পাঁচ কিলোমিটার দূরের ঘাগড়া কলেজ মাঠে গিয়ে প্রতিদিন অনুশীলন সারতে হতো। উপকরণ বলতে সরকারিভাবে পাওয়া মাত্র দুটি ফুটবল। কিন্তু কিশোরীদের অদম্য আগ্রাহের কাছে হার মেনেছে সব। তারা চ্যাম্পিয়ন হয়েছে বিভাগীয় পর্যায়ে।৩০ ডিসেম্বর এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় ফাইনালে তারা ৬-২ গোলের ব্যবধানে হারায় ব্রাহ্মণবাড়িয়ার আটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। ফাইনালে হ্যাটট্রিক করে সেরা খেলোয়াড় হয় অধিনায়ক তিশা চাকমা। সদ্য প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া তিশা চাকমা বলে, ‘স্যারেরা সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করিয়েছেন। মা-বাবা অনেক বেশি উৎসাহ দিতেন। যার কারণে আমরা সফল।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরসেন চাকমা বলেন, ‘আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের বলে আসছি প্রধানমন্ত্রীর হাত থেকে গোল্ডেন ট্রফি নিতে চাইলে প্রত্যেক ম্যাচে নিজের সর্বোচ্চ ঢেলে দিতে হবে। মেয়েরা কথামতো মাঠে পারফর্ম করেছে।’বঙ্গবন্ধু টুর্নামেন্টে বালকদের ফাইনালে মুখোমুখি হয় কুমিল্লার রাজমঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীপুরের দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলার শুরুতেই গোল করে এগিয়ে যায় কুমিল্লা। ধীরে ধীরে চেপে বসে লক্ষ্মীপুরের ওপর। একচেটিয়া চাপে খেই হারিয়ে ফেলা লক্ষ্মীপুর শেষ অবদি ৩-০ গোলের ব্যবধানে হেরে যায়। বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে ঢাকার টিকিট পায় কুমিল্লা। ফাইনালে সেরা খেলোয়াড় হয় কুমিল্লার মোবাশ্বের হোসেন। টুর্নামেন্টে সেরা গোলদাতা হয় রাঙামাটির রনি চাকমা এবং চাঁদপুরের ইরফান হোসেন।টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের সমাপনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. মো. আফসারুল আমীন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘নতুন প্রজন্মের মধ্যে প্রতিযোগী মনোভাব তৈরি করার জন্য আমাদের এ আয়োজন। সারা দেশে ৬১ হাজার প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণের এ টুর্নামেন্টের ফলে ভবিষ্যতে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় বাছাই করতে সুবিধা হবে।’অনুষ্ঠানে আরও উপস্থিত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম, সিজেকেএস সহসভাপতি শাহেদ আজগর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।