কুমিল্লা বোর্ডের সেরা ২০ বিদ্যালয়ের চারটি ফেনীর
এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে চারটিই ফেনীর। এগুলোর মধ্যে ফেনী গার্লস ক্যাডেট কলেজ দ্বিতীয়, ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় অষ্টম, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় নবম এবং শাহীন একাডেমি ঊনিশতম স্থান অধিকার করেছে। এবার ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫২ জন এসএসসি পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তাদের প্রাপ্ত গড় পয়েন্ট ৯১। ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ ফলাফলে সন্তোষ প্রকাশ করে জানান, ‘এ ফলাফলের জন্য কলেজের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকসহ সবার সম্মিলিত প্রচেষ্টা ছিল।’ অধ্যক্ষ জানান, কলেজে নিয়মিত অভ্যন্তরীণ পরীক্ষা গ্রহণ, অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা এবং শ্রেণীকক্ষে প্রতিদিন তিনটি করে প্রস্তুতিমূলক কাজ দিয়ে তা আদায় করা হতো।ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম জানান, এ বিদ্যালয় থেকে ২২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১১ জন। ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২০৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৭ জন।ফেনী শাহীন একাডেমি থেকে ৩২১ জন পরীক্ষায় অংশ নিয়ে ৩১৩ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬১ জন। ফেনী সেন্ট্রাল হাইস্কুল থেকে ২৬০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৪৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন।এ ছাড়া দাগনভূঁঞা উপজেলা সদরের আতাতুর্ক হাইস্কুল থেকে ১৯৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৯০ জন। জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। রাজাপুর স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ভালো হলেও কেউ জিপিএ-৫ পায়নি। অধ্যক্ষ মমিনুল হক দুঃখ করে বলেন, ‘আমাদের স্কুলের একটু সচ্ছল পরিবারের ভালো ছাত্রদের শহরের স্কুলে নিয়ে যাওয়া হয়। ফলে আমাদের বিদ্যালয়ে ফলাফল আশানুরূপ হয়নি।’