কুমিল্লা মাতাল তারুণ্যের উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় আবৃত্তি উৎসব। সারা দেশ থেকে আবৃত্তি দল ও আবৃত্তি শিল্পীরা আসবেন এটাই স্বাভাবিক। কিন্তু কুমিল্লার বাইরের কোনো সংগঠন সেখানে গিয়ে আবৃত্তি উৎসবের আয়োজন করবে এমনটা শুধু কল্পনাতেই সম্ভব। কিন্তু সেই কল্পনাকে বাস্তবে রূপ দিলো চট্টগ্রামের আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’। ২১ নভেম্বর কুমিল্লার ধর্মসাগরপারের নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় তারুণ্যের উচ্ছ্বাসের বর্ণিল আবৃত্তি উৎসব। এ আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা মাতিয়ে এল চট্টগ্রামের দলটি।
আসরে দেশের বিভিন্ন অঞ্চলের আবৃত্তিশিল্পীদের মিলনমেলা বসেছিল। বিকেল সাড়ে তিনটায় স্থানীয় প্রেসক্লাব থেকে শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় এই আয়োজন। এরপর উৎসবের উদ্বোধন করেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। উদ্বোধনী সভায় তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি জিন্নাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য রণজিৎ রক্ষিত, সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ ও কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক কাজী মাহতাব। স্বাগত বক্তব্য দেন তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।
উৎসবে একক আবৃত্তি পরিবেশন করেন চট্টগ্রামের আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত, মাহিদুল ইসলাম, মুজাহিদুল ইসলাম প্রমুখ। এ ছাড়া সিলেটের মোকাদ্দেস বাবুল ও কাসিব মুন্না, ফেনীর সমরজিৎ দাশের পরিবেশনায় মুগ্ধ হয় দর্শক। উৎসবে তারুণ্যের উচ্ছ্বাস ছাড়াও বৃন্দ আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি সংসদ কুমিল্লা, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার, কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ ও শাণিত উচ্চারণ বাচিক শিল্পচর্চাকেন্দ্র।