কুমিল্লার বদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন টঙ্গী সরকারি কলেজে ইংরেজি বিভাগে দ্বিতীয় বর্ষে পড়ি। আমার এক বেয়াইয়ের টঙ্গী মার্কেটে কাপড়ের দোকান আছে। সে আমাকে প্রায়ই ফোন করে বলে, বেয়াই, একই জায়গায় থাকি, অথচ একবারও দেখা করলেন না। আমাদের গ্রামের বাড়ি কুমিল্লায়। মজার ব্যাপার হলো, ওই বেয়াই আমাকে কোনো দিন দেখেনি। একদিন আমি আর আমার বন্ধু মিলে ঠিক করলাম, আজকে ওকে বোকা বানাব। বেয়াইয়ের দোকানে গিয়ে সালাম দিয়ে বললাম, ‘ক্যায়সা হ্যায় ভাই সাহাব।’ আমার বন্ধু ওকে বলল, সে ভারত থেকে এসেছে, কিছু ভালো শার্ট দেখতে চায়। আমার বেয়াই খোঁজাখুঁজি করে দোকানের সবচেয়ে ভালো শার্টটা বের করল। তার কৌতূহল আরেকটু বাড়ানোর জন্য জিজ্ঞেস করলাম, হাউ মাচ? সে দাম চাইল ১৮০০ টাকা। দাম শুনে তো আমার মাথা একদম গরম হয়ে গেল। মন চাইছিল, ভারতীয় থেকে সরাসরি বাঙালি হয়ে গিয়ে বলি, শালা ৩০০ টাকার জিনিস ১৮০০ টাকা চাও। তারপর নিজেকে আর সামলাতে না পেরে বললাম, ‘কুদ্দুইচ্চার পুলা, বিদেশি দেখলে বুঝি আর হুঁশ থাকে না।’ সে তো আমার কথা শুনে একেবারে থ হয়ে গেল। কারণ, তার বাবার নাম ছিল কুদ্দুস। তারপর পরিচয় দিলাম। সে শুধু একটি কথাই বলল আর তা হলো, ‘শালা, কুমিল্লার বদ।’ জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।