কুমিল্লার ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দচন্দ্র রায়ের অনেক দিনের স্বপ্ন, তাঁর জেলায় একটি কলেজ প্রতিষ্ঠা হোক। তিনি পেশায় ঠিকাদার। তাই নিজের উপার্জনের টাকায় স্বপ্ন পূরণ করলেন। প্রতিষ্ঠা করলেন একটি কলেজ। আর সময়টা ১৮৯৯ সাল। রানি ভিক্টোরিয়ার শাসন চলছে। তাই রানি ভিক্টোরিয়ার নামে প্রতিষ্ঠা হলো কলেজটি—কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। কলেজ প্রতিষ্ঠার পরই ব্রিটিশ সরকার আনন্দচন্দ্র রায়কে ‘রায়বাহাদুর’ উপাধি প্রদান করে। আজও ভিক্টোরিয়া কলেজ পরিবার রায়বাহাদুর আনন্দচন্দ্র রায়ের অবদান স্মরণ করে। তারই স্মারক হিসেবে কলেজের উচ্চমাধ্যমিক শাখার প্রধান ফটকে একটি সাদা ভাস্কর্য নির্মাণ করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ১৯৪৭ সাল পর্যন্ত কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। সতেন্দ্রনাথ বসু ছিলেন এই কলেজের প্রথম অধ্যক্ষ। তিনি ১৯৪৭ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। প্রায় ২৯ একর জায়গায় কলেজটি স্থাপিত হয়। উচ্চমাধ্যমিক শাখা কুমিল্লা শহরের রানীদিঘিতে অবস্থিত। আর স্নাতক শাখার অবস্থান শহরেরই ধর্মপুরে। স্নাতক শাখাটি প্রতিষ্ঠিত হয় ১৯৬২-৬৩ সালে। স্নাতক শাখায় স্নাতক (পাস), স্নাতক (সম্মান) দুটোই পড়ানো হয়। ১৮টি বিভাগে প্রায় দুই হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন। এখানে অর্থনীতি ভবন, কলা ভবন, উদ্ভিদবিজ্ঞান, বাণিজ্য অনুষদ রয়েছে। আর কলা ভবনের সামনেই প্রতিষ্ঠানটির শহীদ মিনার অবস্থিত।শিক্ষার্থীদের জন্য তিনটি হল আছে। ছেলেদের দুটি হল। আর মেয়েদের একটি। ক্যাম্পাসের ভেতরেই রয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগার। আর প্রতিটি বিভাগে রয়েছে আলাদা সেমিনার পাঠাগার।ভিক্টোরিয়া কলেজের সুনাম ও খ্যাতি আশপাশের সব জেলায় ছড়িয়ে আছে। তাই পাশের বিভিন্ন জেলা থেকে মেধাবী শিক্ষার্থীরা এখানে পড়তে আসে। মানোপযোগী শিক্ষা কার্যক্রমের জন্য এই কলেজের পরিবেশ অত্যন্ত উপযোগী বলে মনে করেন কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী মুক্তা রানী দে।কলেজ সম্পর্কে বলতে গিয়ে হিসাববিজ্ঞানের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, ‘আমাদের আবাসনসংকট অনেক চরমে। প্রায় ২০ হাজার শিক্ষার্থীর জন্য হল মাত্র তিনটি। সে কারণে অনেককেই ক্যাম্পাসের বাইরে মেসে অধিক ভাড়ায় থাকতে হয়, যা লেখাপড়ার পরিবেশকে বিঘ্নিত করে। তাই আরও নতুন হল নির্মাণ করা প্রয়োজন।’শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আর কী করছেন শিক্ষার্থীরা, জানতে চাইলে কলেজের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমরান বলেন, ‘আমরা বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। সংগীতানুষ্ঠানের আয়োজন করি। আবার স্কাউট, বিএনসিসি, বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলোতেও কাজ করি। আমাদের সমস্যা আছে। কিন্তু আমরা এগিয়েও যাচ্ছি। কোনো সীমাবদ্ধতা আমাদের থামাতে পারছে না।’কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সব পরীক্ষায় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে। কলেজের সার্বিক মান আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। তবে কিছু সংকট এখনো রয়েছে। সেগুলো সমাধান করতে পারলে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের মুখ উজ্জ্বল করতে পারবে।শতবর্ষ আগে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল এলাকার জনগণের শিক্ষাদানের লক্ষ্যে। আজও সেই লক্ষ্য পূরণে সচেষ্ট রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ।