
মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ। এ যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, অধর্মের বিরুদ্ধে ধর্মের। শুভ আর অশুভের দ্বন্দ্বের এই কাহিনি নিয়ে নির্মিত হয়েছে নাটকঅশ্বত্থামা।
গত ২৪ জানুয়ারি নাট্যদল অ্যাভাঁর্গাড এ নাটকের প্রথম মঞ্চায়ন করে নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। এটি অ্যাভাঁর্গাডের ষষ্ঠ প্রযোজনা। নাটকের পাণ্ডুলিপি তৈরি করেছেন মনোজ মিত্র। নির্দেশনায় ছিলেন সুমন টিংকু।
কুরুক্ষেত্র যুদ্ধের ১৮তম দিন শেষের একটি ঘটনা দিয়ে নাটকের শুরু। এতে দেখা যায় মহারাজ দুর্যোধন পরাজিত, ভূলুণ্ঠিত ও মুমূর্ষু। শেষ মুহূর্তের মরণ কামড় দিতে সে তখন অধীর। সত্যের পক্ষের পাণ্ডবকুলকে ধ্বংস করতে দুর্যোধন ব্যাকুল। এই মরণ খেলায় সে তার শেষ চাল হিসেবে মাঠে নিয়ে আসে বীর অশ্বত্থামাকে। ব্যর্থ হয় অশ্বত্থামাও। পঞ্চপাণ্ডবের কাছে হার মানে দুর্যোধন। জয় হয় সত্য ও ন্যায়ের।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামসুল কবির, তাওহিদুল করিম, সুমন টিংকু ও মুশফিকুর রহমান। মঞ্চ ব্যবস্থাপনায় রেজাউল কবির ও আলোক প্রক্ষেপণে ছিলেন ফজলুর রহমান। নাটকের আবহ সংগীতে ছিলেন ছিলেন দীপা বড়ুয়া। নাটকটি মঞ্চায়নে সহায়তা করে ফ্যাশন হাউস অনজনস।