কুর্তায় রং-ঢং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব সময় যাঁরা সালোয়ার কামিজ পরেন, তাঁদের মনে চলে আসতে পারে পোশাক নিয়ে একঘেয়েমি। আবার খাটো ফতুয়া ও টি-শার্ট পরতেও স্বস্তি বোধ করেন না। আরামদায়ক কিন্তু একটু অন্য রকম কোনো পোশাক পরতে ইচ্ছে করে অনেক সময়। এ জন্য পরা যেতে পারে কুর্তা।ফ্যাশনে কুর্তাব্যস্ততা ঘিরে থাকে প্রতিটি মুহূর্তে। হাজারো কাজের মাঝে অন্য সবকিছুর সঙ্গে পোশাকের আরামটাও এখন প্রাধান্য পায়। কাজের ক্ষেত্রে, পড়তে যাওয়ার সময়, কিংবা স্রেফ আড্ডায় কুর্তাটা বেশ জনপ্রিয়তা পেয়েছে ইদানীং।‘আমাদের (বিবিয়ানা) ফতুয়াগুলো সালোয়ার দিয়ে পরতে দেখতাম মেয়েদের। সেখান থেকেই চিন্তা এল কুর্তা বানানোর। অনেকে সালোয়ার-কামিজের সেট কিনতে চান না। তাঁদের জন্যও কুর্তা কেনাটা সহজ হয়। পছন্দমতো সালোয়ার, জিনস অথবা লেগিংস দিয়ে পরতে পারেন।’ জানালেন ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার।ফ্যাশনে কুর্তার চাহিদার কথা তুলে ধরলেন একস্ট্যাসির পরিচালক ও জারজেইন কালেকশনের ডিজাইনার আশা হক। ‘কুর্তার ফিউশনধর্মী লুক সবাই পছন্দ করছেন। আমাদের দেশে নিট বা শার্টের চেয়ে কুর্তাটাই এখন এগিয়ে আছে।’কুর্তার কাটছাঁটফ্যাশনের এটাই তো মজা। একটু এদিক-ওদিক করলেই পুরোনো চেহারায় চলে আসে আনকোরা নতুন ভাব। কুর্তার কাটে এখন আনা হচ্ছে বিভিন্ন বৈচিত্র্য। দুই পাশে কাটা কুর্তা যেমন চলছে, তেমনি কাটা ছাড়া কুর্তার বিভিন্ন ধরনও দেখা যাচ্ছে। ‘ফ্রক স্টাইলের কিছু কুর্তা আছে আমাদের। সামনের দিকে ফ্রিল দেওয়া। এর বিশেষত্ব হচ্ছে, সামনে কুচির মতো থাকায় গর্ভবতী নারীরা এটি পরে আরাম পাবেন। একটু ভারী গড়নের মেয়েদের জন্য এটি মানাসই ।’ বলেন যাত্রার ডিজাইনার দলের সদস্য ফারহানা ফেরদৌসী। বিভিন্ন ধরনের শারীরিক কাঠামোর ওপর নির্ভর করে কুর্তার কাটে আনা হয় ভিন্নতা। তেমনি একটি কাটের কথা জানালেন একস্ট্যাসির আশা হক। ‘দুই পাশের কাটা বন্ধ করে দিয়ে বিশেষভাবে বানানো হচ্ছে কিছু কুর্তা। যাদের শারীরিক কাঠামো একটু ভারীর দিকে, তাদের জন্য এই কাটটি কাজ করবে ভালো। যাদের হাত মোটা, তাদের জন্যও স্লিভটাও একটু অন্য রকম করছি আমরা।’ বলেন তিনি।কোনো কুর্তায় ভ্যালু অ্যাডের চেয়ে কাটটাই প্রাধান্য পায়। তেমনি কিছু কুর্তায় কাজটাই হয়তো বেশি প্রাধান্য পাচ্ছে। ফ্রক স্টাইল, স্ট্রেইট স্টাইল, শার্ট কাম কুর্তাগুলোও একটু অন্য রকম হওয়ায় দৃষ্টি কেড়েছে অনেকের। তবে কামিজ ছাঁটে করা কুর্তাগুলো চাহিদার বেশ।একরঙা, ব্লক প্রিন্ট, চুমকি, পুঁতি, মেশিন এমব্রয়ডারির কাজ করা হচ্ছে কুর্তাগুলোতে। কাপড় হিসেবে বেছে নেওয়া হচ্ছে সুতিকেই। গরমটাই এর কারণ। এ ছাড়া শিফন, সিল্ক, জর্জেট, হাতে বোনা তাঁতের সুতির কাপড় তো আছেই।হাত আর গলার বাহারঘটিহাতার ব্যবহার এখন আর শুধু ব্লাউজেই সীমিত নেই; কামিজ, ফতুয়ার পাশাপাশি এখন কুর্তাতেও ব্যবহার করা হচ্ছে এটি। ফুলহাতা, থ্রি কোয়ার্টার, ক্যাপ, ম্যাগি, কাফ দেওয়া, ফ্রিল দেওয়া, স্লিভলেস, ফোল্ডিং হাতা দিয়ে বানানো হচ্ছে কুর্তাগুলো। ‘বয়স্ক যাঁরা কুর্তা পরতে চান, তাঁরা ফুলহাতা ও থ্রি কোয়ার্টার হাতার কুর্তা বেছে নিতে পারেন।’ বলেন লিপি খন্দকার।ইয়োক বসানো,ওভার ল্যাপ গলা, ভি নেক, লো কাট, মক নেক, শার্ট নেক, হাই নেকের কায়দা দেখা যাচ্ছে কুর্তাগুলোয়। যাদের গলা লম্বাটে, হাই নেক অথবা শার্ট কলার, তাদের ভালো লাগবে বলে জানান যাত্রার ফারহানা ফেরদৌসী। আবার বোট নেক অথবা লো কাটের গলার ডিজাইন একটু ভারী আর ছোট গলার অধিকারীদের ভালো লাগবে বলে জানালেন তিনি। ভি কাটটি ভারী শারীরিক কাঠামো যাদের, তাদের জন্য মানানসই।জিনস কুর্তাকুর্তার সঙ্গে জিনস পরছেন তরুণীরা। অনেকে আবার সালোয়ার দিয়ে পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কম বয়সী মেয়েরা লেগিংস দিয়েও পরে থাকে। পাতিয়ালা সালোয়ার আর কুর্তার ফ্যাশনটাও বেশ। ‘আমাদের দেশে লেগিংসের চেয়ে জিনস দিয়ে কুর্তা পরাটাই বেশি মানানসই হয়। যত্রতত্র ঘুরে বেড়ানোয় কোনো অসুবিধা হয় না। আরামদায়কও হয়।’ বলেন একস্ট্যাসির আশা হক। জিনসটি সে ক্ষেত্রে হবে অবশ্যই একদম চাপা। কুর্তার সঙ্গে জিনস পরলে ব্যালেরিনা শু পরতে পারেন। ফ্ল্যাট গ্ল্যাডিয়েটর স্যান্ডেলও ভালো দেখায়। তবে কুর্তায় চুমকির কাজ থাকলে ব্যালেরিনা শু ভালো লাগবে না। সে ক্ষেত্রে হালকা কাজের স্যান্ডেল বেশি মানানসই হবে বলে জানান আশা হক।কুর্তা পরার জন্য নির্দিষ্ট কোনো বয়স লাগে না। সব বয়সেই পরা যাবে। তবে কিছু কিছু কাট বা ডিজাইন আছে, যা শুধু কম বয়সী মেয়েদের জন্য। পাশাপাশি সেটি সঠিকভাবে বহনের উপযোগী হতে হবে। সবচেয়ে যে জিনিসটা দরকার তা হলো, নিজের জন্য পোশাকটি কতটা আরামদায়ক ও মানানসই হবে, তা বুঝে নেওয়া উচিত।ফ্যাশন, আরাম দুই মিলিয়ে কুর্তা এখন চলছে বেশ। মডেল: আইরিন কৃতজ্ঞতা: বিবিয়ানা