কুল, কুল!
বাবা স্বপ্ন থেকে শপিং করে ফিরেছেন। আমি আর আমার বোন ব্যাগ থেকে জিনিসপত্র বের করছি। প্রথমে বের হলো ডেটল কুল সোপ। হাতে নিয়ে দেখি, কেমন যেন ঠান্ডা ঠান্ডা। দ্বিতীয় সাবানটা বের করে দেখি, সেটাও একই রকম ঠান্ডা। আমি বোনকে বললাম, ‘দেখ, ডেটল কত উন্নত হয়ে গেছে। বাইরে থেকেই কী সুন্দর ঠান্ডা! গোসল করলে না জানি কত ঠান্ডা লাগবে।’ আমার বোন হাতে নিয়ে বলল, ‘তাই তো। অনেক ঠান্ডা। আমি কিন্তু এটা দিয়ে গোসল করব না। তাহলে আমার ঠান্ডা লেগে যাবে।’ আমি বললাম, ‘আচ্ছা, করিস না, এখন কাজ কর।’ তারপর ও টমেটো সস বের করে বলল, ‘দেখো, এটাও ঠান্ডা।’ আমি বললাম, ‘বোধ হয় ফ্রিজে ছিল।’ এরপর আমি একে একে করিয়্যান্ডার পাউডার, চিলি পাউডার, ময়দা, ডিম বের করলাম। আশ্চর্য! সব ঠান্ডা। সবাই কি ডেটল কুল সোপ দিয়ে গোসল করেছে নাকি! বোনকে বললাম। সেও অবাক। দুজনই চিন্তা করছি। হঠাৎ বোনই বলে উঠল, ‘আরে, গাধা! স্বপ্ন তো এয়ার কন্ডিশনড শপ, ঠান্ডা তো হবেই।’ তাই তো, ভুলেই গিয়েছিলাম। যা হোক, রহস্য তো উদ্ঘাটিত হলো। কিন্তু আমার আর ডেটল কুল সোপ দিয়ে গোসল করে কুল, কুল হওয়া হলো না। আঞ্জুমান মফিদুল ইসলাম সড়ক, কাকরাইল, ঢাকা।