কুলফি মালাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোদেলা আকাশ হঠাৎ মেঘলা হয়ে উঠল। ঝপ করে বৃষ্টি নামল ফরিদপুর শহরের ওপর। আমি হাঁটছিলাম তিন রাস্তার মোড়ের কাছে। একটু দূরেই বড় বাজার, সেখানেই গন্তব্য। বিল্ডিংয়ের বাড়তি অংশের নিচে ঠাঁই নিয়ে পথের বৃষ্টি দেখতে লাগলাম। মেহগনিগাছের প্রাচুর্য এখানে। সবুজ পাতা, লাল পাতা, খয়েরি কিংবা শুকনা পাতা—সবকিছুর ওপর বৃষ্টি পড়ছে। বৃষ্টির ঝাপটা আমার পা’কেও ভিজিয়ে দিচ্ছে অবিরাম। যেখানে দাঁড়িয়ে আছি, জায়গাটার নাম গোয়ালচামট। আমার পাশে একজন বয়স্ক লোক একটা বড় হাঁড়ি ও দুটি বালতি নিয়ে বসে আছেন। তাঁর হাতে নলাকার চোঙা। এর গায়ে লেখা, ‘আজগর আলী শেখের কুলফি মালাই।’ বুঝতে বাকি নেই—তিনিই আজগর আলী। সাদা লম্বা দাড়ি আর চিরায়ত বাংলার সম্মোহনী চেহারা নিয়ে আজগর আলী হাঁড়ি খুলে বারবার দেখছেন, তাঁর জিনিস ঠিক আছে কি না। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, চাচা, হাঁড়িতে কী আছে? মাথায় পাগড়ির মতো গামছা পেঁচানো ষাটোর্ধ্ব আলী বললেন, ‘কুলফি মালাই নিবেন?’ আমি বললাম, রোদ উঠুক, একটু গরম লাগুক, তারপর নেব। আচ্ছা চাচা, আপনার একটি কুলফি মালাই দেখতে পারব? তিনি একটি বের করলেন। দেখে অবাক হলাম! ত্রিভূজাকার লম্বাটে টিনের কৌটা। কৌটার মুখের আবরণ খুলে তিনি মালাই দেখাচ্ছেন। হাঁড়িতে বরফখণ্ডের মধ্যে টিনের কৌটাটি আবার ঢুকিয়ে রাখলেন। চাচা বললেন, ‘বরফ গলে যাচ্ছে। আজ মনে হয় তেমন বিক্রি হবে না। আপনার বাড়ি কই, কই যাবেন?’আমি বললাম, কুমিল্লা। এখানে বেড়াতে এসেছি। আপনার বাড়ি কই?‘আমি রাজবাড়ি থেকে আসছি।’এই বয়সে ব্যবসা করছেন, শরীর খারাপ লাগে না?‘না! শরীরে জোর আছে এখনো।’আপনার ছেলেমেয়ে কয়টা?‘মেয়ে দুইটা। বিয়া হয়ে গেছে।’ব্যবসা কেমন চলে আপনার?‘ভালোই। দিনে গরম থাকলে ১০০ থেকে ১৫০ পিস বিক্রি হয়।’সুস্বাদু খাবারগুলো ঠান্ডা-গরম মানতে চায় না। এমন বর্ষণমুখর দিনে একজন রিকশাওয়ালা এলেন, কুলফির দাম জিজ্ঞেস করলেন। স্মিত মুখে চাচা জবাব দিলেন, ‘১৫-২০-২৫ টাকার আছে।’ চাচা মেলামাইনের ছোট প্লেটে একটি টিনের কৌটা থেকে মালাই ঢেলে ওই লোকটিকে দিলেন। খাওয়া শেষে বালতির পানি দিয়ে প্লেটটি পরিষ্কার করে রেখে দিলেন।আবহাওয়ার কারণে চাচার মুখটা কেমন বিমর্ষ হয়ে আছে। তবে চাচার কাছে তাঁর বয়স যে পরাভূত হয়েছে, বৃষ্টিও তা বুঝে গেছে। সব সময় বৃষ্টি দেখার প্রার্থনা করি। আজ চাচার জন্য বৃষ্টি থামার প্রার্থনা করছি। আমার প্রার্থনা কিংবা প্রকৃতির নিয়মেই হোক—বৃষ্টি থেমে গেছে। আকাশে সূর্যের জ্যোতি উদ্ভাসিত হয়েছে। আজগর আলী শেখ তাঁর চোঙায় মুখ লাগিয়ে ভরাট কণ্ঠে হাঁক দিচ্ছেন, ‘কুলফি মালাই ঠান্ডা কুলফি মালাই...’তুষার রায়চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়