কুশনের যত খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘর সাজানোয় ব্যবহার করতে পারেন রংবেরঙের কুশন। ছবি: সুমন ইউসুফ
ঘর সাজানোয় ব্যবহার করতে পারেন রংবেরঙের কুশন। ছবি: সুমন ইউসুফ

কুশন, ছোট বালিশ বাড়িতে ব্যবহার করাই হয়। একসময় এগুলো দেখা যেত শুধু বসার ঘরে সোফা সেটের সঙ্গে। এখন শোয়ার ঘর কিংবা পড়ার ঘরেও কুশনের ব্যবহার দেখা যায়। পাল্টে গেছে কুশনের আকার-আকৃতিও। রঙের সমাহার বেড়েছে কুশনে। পর্দা কিংবা ঘরের দেয়ালের রঙের সঙ্গে মিলিয়েও কুশন কিনতে দেখা যায়।
মধ্যযুগ থেকেই নাকি কুশনের ব্যবহার শুরু। সেই সময় কুশন শোভা পেত বিশাল অট্টালিকা কিংবা রাজপ্রাসাদে। কথা হয় আড়ংয়ের হোম ডেকর বিভাগের কয়েকজন ডিজাইনারের সঙ্গে। ডিজাইনারদের একজন শিবলী সালেক বলেন, ‘শুধু ব্যবহারের জন্যই কিনলাম, আজকাল কিন্তু এ বিষয়টা আর নেই। অন্দরসজ্জার বিষয়টা এখন অনেক গুরুত্বপূর্ণ। সেই হিসেবে লিভিং রুমে ঢুকেই যদি দেখা যায় আপনার সোফা সেটের কুশন বা এর কাভারগুলো সুন্দর, তবে এমনিতেই রুচির একটা পরিচয় পাওয়া যায়।’
রং-বৈচিত্র্যে

একটু ভিন্নতা আনার জন্য প্রতিটি কুশনের রং আলাদা হতে পারে। একেবারে সাদা বা কালো না রেখে এই দুটো রঙের মিশেল রাখলে ভালো দেখাবে। আবার সাদা, গোলাপি, হালকা বেগুনি এ ধরনের হালকা রঙের মিশেলও থাকতে পারে। এতে অন্দরসাজে পরিবর্তন চলে আসবে।

কুশন ব্যবহারের সময় ঘরের আয়তন, দেয়ালের রং—সবই মাথায় রাখতে হবে। জ্যামিতিক, ফুলেল ছাপা, লোকজ, মোগল, বাটিকসহ নানান নকশার কুশন কাভার রয়েছে। রয়েছে ‘ফিচার’ কুশন, যা অন্য কুশনের সঙ্গে মিলিয়েও ব্যবহার করা যায়।

কুশনের কাটছাঁট

চারকোনা ও গোল কুশনের সঙ্গে হাল সময়ে কিছু নতুন আকৃতির কুশনও দেখা যায়। ‘এখন কিন্তু নানা কাজে কুশন ব্যবহার করা হচ্ছে। তাই পুতুলের আকৃতি ও কোলবালিশের মতো কুশন দেখা যায়। জ্যামিতিক, ত্রিকোণাকৃতি, আয়তাকার কুশনও ব্যবহার করা হয়। এটা নির্ভর করবে আপনি কোন ঘরে কুশনটি রাখবেন। আড়ংয়ের বিপণন কর্মকর্তা আজমেরী আকতার বলেন, ‘বাচ্চাদের ঘরের জন্য পুতুলের আকৃতি বা একটু কার্টুন আঁকা কুশন ভালো হবে। আবার গাড়ির জন্য হলে ছোট গোলাকৃতির কুশন হতে পারে। দোলনা ও মাদুরের জন্য চারকোনা কুশনই ভালো দেখাবে।’

.
.

পর্দা না সোফার সঙ্গে মিলিয়ে
শুধু বাহারি রং হলেই তো হয় না, মাথায় রাখতে হবে চারপাশের রং ও সাজানোর বিষয়টি। এমনটাই মনে করেন শিবলী সালেক। তাঁর মতে, ঘরের আকৃতি থেকে শুরু করে আসবাবের অবস্থান, ঘরের রং—সবকিছু মিলিয়েই বাছাই করতে হবে কুশন কাভারটি। এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার ঘরের পর্দার রং। অনেকেই শুধু সোফা সেটের সঙ্গে মিলিয়ে কুশন কাভারটা তৈরি করেন। কিন্তু মনে রাখতে হবে পর্দার রংটাও হেলাফেলার বিষয় নয়।
বসার ঘরের পর্দা যদি গাঢ় রঙের হয় তাহলে কুশন কাভার একটু হালকা হলেই ভালো দেখাবে। আর হালকা রঙের পর্দার সঙ্গে বেছে নিতে পারেন গাঢ় রঙের কুশন। তবে তারতম্যটা যেন বেশি না হয়। এ ব্যাপারে অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিন চৌধুরী বলেন, ‘দেয়াল যদি সাদা বা চাঁপা সাদা রঙের হয় সে ক্ষেত্রে কুশন হতে পারে ক্রিম, হেজি হোয়াইট, অফ হোয়াইট বা পিচ কালারের মতো নরম রং।’ আবার চাইলে সম্পূর্ণ বিপরীত রঙের কুশন কাভার রাখতে পারেন। এ ক্ষেত্রে মানাবে কালো, গাঢ় চকলেট, গাঢ় লাল বা সবুজ এবং উষ্ণ রং। তবে বিপরীত রঙের কুশন হলে ঘর খানিকটা ছোট বলে মনে হবে।
শোয়ার ঘরের জন্য চাদরের রং গুরুত্বপূর্ণ। সাধারণত হালকা রঙের চাদর ব্যবহারে একটা স্নিগ্ধ ভাব আসে। তাই কুশনটা সামান্য গাঢ় হলেই বেশি ভালো দেখায়। গুলশান নাসরিন চৌধুরী বলেন, ‘আসবাব যদি কাঠ, বেত অথবা বাঁশের হয় তবে কাভার হিসেবে অবশ্যই চেক বা স্ক্রিন প্রিন্ট করা তাঁতের সুতি কাপড় বেছে নিন।’
কুশনের যত মাপ
সাধারণত সোফার কুশনের স্ট্যান্ডার্ড মাপ হলো ১৪ x ১৪ ইঞ্চি। এটা হতে পারে গোলাকৃতির কিংবা চারকোনা। এখন আবার ১৮ x ১৮ ইঞ্চিরও কুশন তৈরি করা হয়। এ ধরনের কুশন আসলে বড় আকৃতির সোফা, প্রশস্ত মাদুরের সঙ্গেই ভালো দেখায়। এ ছাড়া একধরনের কুশন দেখা যায় যা কিনা সোফার গদির পরিবর্তেই ব্যবহার করা হয়। এগুলোর মাপ ৩২ x ৩২ ইঞ্চি কিংবা ২২ x ২২ ইঞ্চি হতে পারে।
কুশনের যত্ন-আত্তি

এ বিষয়ে কথা হয় নিউমার্কেটের কিংস বেডিং স্টোরের বিক্রেতা আমিনুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘কুশনের টেকসই আসলে নির্ভর করে যত্নের ওপর। সাধারণ সিনথেটিক কাপড়ের কুশনও অনেক দিন টিকে যেতে পারে সঠিক যত্নের কারণে।’

কুশনের যত্নে আরও যা করতে পারেন

* ছয় মাস পরপর কুশনের কাভার পরিষ্কার করা উচিত। পরিষ্কার করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কাভারের কাপড়ের বিষয়ে। সিনথেটিক কাভারে সাবানের বদলে শ্যাম্পু ব্যবহার করতে পারেন। সুতির কাপড় হলে শ্যাম্পুর সঙ্গে হালকা গরম পানি ব্যবহার করতে পারেন।

* বছরে দুবার কুশনের কাভার খুলে রোদে শুকাতে দিন। এতে জীবাণু সংক্রমণ কমে যায়। এ ক্ষেত্রে চাইলে এক সেট কুশনের পরিবর্তে দুই সেট কুশন ব্যবহার করতে পারেন।

* আড়ং হোম ডেকরের ডিজাইনার মারুফা চৌধুরীর মতে, কখনোই বালিশ কিংবা কোলবালিশ হিসেবে কুশন ব্যবহার করা যাবে না। এতে কুশনের আকৃতি নষ্ট হয়ে যায়।

* কুশন কাভারের ওপর কাচ, বিড বা কুশনটি সিল্কের হলে ড্রাই ওয়াশ করাই ভালো।

* কুশন পানি পড়ে ভিজে গেলে সেটা তখনই শুকিয়ে নেওয়া ভালো। এতে ভেতরের তুলা বা ফোম নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না।

* একটু ভারী তুলার কুশন মাদুর বা কার্পেটের জন্য ব্যবহার করতে পারেন। আর সিনথেটিক বা নরম তুলার কুশন সোফা, ডিভানে রাখুন।

* কুশন কাভার তৈরির সময় সামান্য একটু জায়গা ছেড়ে রাখা উচিত। কিন্তু এর পরিমাণ হতে হবে খুবই সামান্য। হাফ ইঞ্চিরও কম হতে হবে। এটুকু জায়গা যদি না রাখা হয় তাহলে অনেক সময় কুশনের চারপাশ ছিঁড়ে যেতে পারে।