কুষ্টিয়া মেডিকেলের পাঁচ বছর

অ্যাপ্রোনের বদলে সাদা গেঞ্জি। তাতে লেখা, উই অল ফর ম্যানকাইন্ড। হাতে স্টেথোস্কোপ নয়, আছে বেলুন আর বাদ্যযন্ত্র। চলছে হইহুল্লোড়। বলছি কুষ্টিয়া মেডিকেল কলেজের পঞ্চম বর্ষে পদার্পণের কথা। ৯ অক্টোবর শুক্রবার ছিল কলেজটির আনুষ্ঠানিক যাত্রার দিন। সেদিন ছুটি থাকায় এক দিন পরে শনিবার দিনভর নানা আয়োজনের মধ্যে দিনটি স্মরণ করেন কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
শুরুর দিনটা ছিল দারুণ। ০৯.১০.১১। মাত্র নয়জন শিক্ষক আর ৫২ জন শিক্ষার্থী। কুষ্টিয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউটের (ম্যাটস) কয়েকটি কক্ষ নিয়ে যাত্রা শুরু। পাশাপাশি শহরের ঢাকা সড়কের পাশে চলতে থাকে স্থায়ী ভবন নির্মাণের কাজ। দেখতে দেখতে পাঁচ বছরে পড়ল। এখন এই কলেজে ৫২ জন শিক্ষক আর ২৬৫ জন শিক্ষার্থী। ২০১৭ সালের জানুয়ারি মাসে কলেজটিতে ভর্তি হওয়া প্রথম ব্যাচের শিক্ষার্থীরা চিকিৎসক হয়ে সেবার জন্য বের হবেন। শিক্ষক-কর্মকর্তাদের আশা, প্রথম ব্যাচ কলেজটির স্থায়ী ক্যাম্পাস থেকে বের হতে পারবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটা মনের মণিকোঠায় রাখতে সকাল সাড়ে আটটায় শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। তাতে নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ ইফতেখার মাহমুদ। বাদক দলের বাজনায় ছাত্রছাত্রীরা নেচে–গেয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা হয়।
অধ্যক্ষ অধ্যাপক ইফতেখার মাহমুদ জানান, মাত্র পাঁচ বছর, এত কম সময়ে কলেজে পর্যাপ্ত শিক্ষক ও পড়াশোনার মান দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী বছর কলেজটি তার নিজস্ব ভবনে স্থানান্তর হবে এবং সেখানেই ষষ্ঠ বর্ষে পদার্পণ অনুষ্ঠান করা যাবে।

কেক কাটার পর শিক্ষক ও ছাত্রীছাত্রীরা আনন্দ-উল্লাস করেন। পার্টি স্প্রে ছিটিয়ে আনন্দে মেতে ওঠেন। কেউ কেউ বন্ধুদের নিয়ে দিনটা স্মরণীয় করে রাখতে নিজেদের মুঠোফোনে সেলফি তুলে রাখেন।
কলেজটির প্রথম ব্যাচের ছাত্রী নুসরাত আলভীর মতে, ‘এই তো কদিন আগে ভর্তি হয়েছিলাম। চারটি বছর কেটে গেল। আর মাত্র কয়েকটা দিন। এরপর সেবার ব্রত নিয়ে বেরিয়ে পড়ব। ভাবতে ভালোই লাগে।’
তবে একই ব্যাচের ছাত্র অমল কুমার কুণ্ডু বললেন, ‘কলেজের প্রথম দিন থেকে আবাসিক সুবিধা পেয়েছি। এই চার বছরে কোনো সমস্যারই আমরা মুখোমুখি হইনি। এটা অনেক বড় পাওয়া। নতুনেরা কলেজটির স্থায়ী ক্যাম্পাসে পড়ার সুযোগ পাবেন। এটাও দারুণ।’
সন্ধ্যায় গ্যালারি কক্ষে অমল কুমার কুণ্ডু ও ইফফাত জাহানের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মীম, জামি, শুভ্র, ইসতিয়াকের গান; শ্রেয়া, কারিজ, নিপা, মনীষা, জ্যোতির নাচ এবং নীলা ও তামিমের কবিতা আবৃত্তি সবাইকে মুগ্ধ করে।