কুষ্টিয়ানির্ভর চট্টগ্রামের পশুর হাট
চট্টগ্রামের পশুবাজারে ভারত ও মিয়ানমারের পশুর সরবরাহ উল্লেখযোগ্য হারে কমে গেছে। সে জায়গা দখল করে নিয়েছে কুষ্টিয়া থেকে আসা গরু। গত তিন-চার বছরের মতো এবারও চট্টগ্রামের বাজারের চাহিদা পূরণ করছে কুষ্টিয়ার গরু। দেখতে হূষ্টপুষ্ট ও লাল রঙের এসব গরু সৌন্দর্যের কারণেও চট্টগ্রামে চাহিদা তৈরি করেছে বলে বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। বিভিন্ন সময়ে চট্টগ্রামের গরুর বাজারের ইজারাদার সাইফুল হুদা জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, কুষ্টিয়ায় কিছু গরু ব্যবসায়ী আছেন, যাঁরা সারা বছরই গরু মোটাতাজা করেন চট্টগ্রামের বাজারের কথা ভেবে। দেখা যায়, ঢাকা কিংবা অন্য জায়গায় গরু বিক্রি করতে তাঁরা আগ্রহী নন। এ জন্য বরাবরই তাঁরা চলে আসেন চট্টগ্রামে। বছরের পর বছর ব্যবসা করতে গিয়ে চট্টগ্রামের মানুষের প্রতি তাঁদের বিশ্বাসযোগ্যতা জন্মেছে। চট্টগ্রামের কিছু ক্রেতাও কুষ্টিয়ার গরুর প্রতি নির্ভরশীল হয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, কোরবানির দিনক্ষণ ঘোষণার পর চট্টগ্রামের পশুর বাজারে গরু-ছাগল ও অন্যান্য পশু আসা শুরু হয়েছে। চট্টগ্রামে এবার দুটি স্থায়ীসহ সাতটি বাজারে কোরবানির পশু বিক্রি হচ্ছে। পশু বিক্রির স্থায়ী বাজার দুটি হচ্ছে সাগরিকা ও বিবিরহাট। অস্থায়ী পাঁচ বাজারের মধ্যে রয়েছে কর্ণফুলী, স্টিল মিলস, সল্টগোলা ক্রসিং, পতেঙ্গা হাইস্কুল মাঠ এবং কমল মহাজন হাট। এর মধ্যে সল্টগোলা ক্রসিংয়ের বাজার বসছে স্থানীয় বেগমগঞ্জ স্কুলের মাঠে। জানা গেছে, স্থায়ী বাজারের মধ্যে সাগরিকায় ঈদুল আজহার আগের রাত পর্যন্ত প্রতিদিনই কোরবানির পশু বিক্রি হবে। বিবিরহাটে বিক্রি হবে প্রতি শনি ও মঙ্গলবারে। তবে বিবিরহাটের বাজারের ভেতরেও প্রতিদিন স্বল্পসংখ্যক গরু-ছাগল বিক্রির জন্য রাখা হবে বলে ইজারাদাররা নিশ্চিত করেছেন। অস্থায়ী বাজারগুলো কোরবানির আগে পর্যন্ত মোট তিন দিন বসবে বলে সিটি করপোরেশনের এস্টেট শাখা থেকে জানানো হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের এস্টেট কর্মকর্তা আহমদুল হক প্রথম আলোকে বলেন, এবার পাঁচটি অস্থায়ী বাজার ইজারা দিয়ে সিটি করপোরেশন এক কোটি ৭৯ লাখ টাকা আয় করেছে। কোরবানির পশুর হাটের নিরাপত্তার ব্যাপারে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘আমাদের নিজস্ব কোনো নিরাপত্তাব্যবস্থা নেই। এ জন্য আমরা সব সময় পুলিশের সহায়তা নিয়ে থাকি। এবারও কোরবানির পশুর হাটকে চাঁদাবাজিমুক্ত রাখতে পুলিশ ও র্যাবের সহায়তা চেয়েছি। তারাও আমাদের আশ্বস্ত করেছেন।’জানা গেছে, এবারের পশুর হাটে জাল টাকার বাণিজ্য ঠেকাতে চট্টগ্রাম মহানগর পুলিশ জাল টাকা শনাক্তকরণ যন্ত্র বসাচ্ছে। চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে ইতিমধ্যে পুলিশ পশুর হাটের তালিকাও সংগ্রহ করেছে। প্রতিটি পশুর হাটে এক থেকে একাধিক যন্ত্র বসানো হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সাগরিকা গরু বাজারে গিয়ে দেখা যায়, মূল বাজারের বাইরে খুঁটি স্থাপন শুরু হলেও গরুর বাজার পুরোপুরি সম্প্রসারিত হয়নি। কুষ্টিয়া ও আশপাশের জেলা থেকে আসা গরুর জন্যই এ ব্যবস্থা। বিক্রেতা ও ইজারাদারেরা জানান, এবারও ভারত এবং নেপাল থেকে আসা গরুর চেয়ে দেশি গরুর সরবরাহ বেশি থাকবে। বাজারে গরু আসা দেখে এটা অনুমান করা যাচ্ছে বলে জানান তাঁরা। তবে কুষ্টিয়া থেকে আসা একাধিক গরু ব্যবসায়ী বলেন, গত বছর আশানুরূপ লাভ হয়নি। এ জন্য এবার গরু কমও আসতে পারে। চুয়াডাঙ্গা থেকে গরু নিয়ে আসা মিজবাউল হক বলেন, ট্রাকে করে গরু আনা থেকে শুরু করে বাজারের হাসিল দেওয়া এবং গরুর খুঁটি ভাড়া ইত্যাদি মিলে একটি গরুর পেছনে অন্তত পাঁচ হাজার টাকা খরচ হয়। কেবল একটি গরু খুঁটিতে বেঁধে রাখতেই ভাড়া দিতে হয় দেড় হাজার টাকা। আছে অমানুষিক খাটুনি। এর পরও দাম পাওয়া যায় না। গতবার অনেকে লোকসান দিয়ে গরু বিক্রি করেছেন দাবি করে তিনি বলেন, এখান থেকে গরু কুষ্টিয়া নিয়ে যাওয়া সম্ভব নয় বলে বাধ্য হয়ে বিক্রি করে ফেলতে হয়। বিভিন্ন জেলার পাশাপাশি স্থানীয়ভাবে মোটাতাজা করা গরুও বাজারে আসতে শুরু করেছে। জানা গেছে, একসময় কেবল সাতকানিয়া ও আশপাশের এলাকায় গরু মোটাতাজাকরণ করা হতো। কিন্তু এখন পুরো চট্টগ্রামেই গ্রামাঞ্চলে কোরবানি উপলক্ষে গরু মোটাতাজা করা হয়। অপেক্ষাকৃত মাঝারি আকারের এসব গরুর স্থানীয়ভাবে চাহিদাও বেশি। জানা গেছে, চট্টগ্রামের উপকণ্ঠে ফতেয়াবাদেও কোরবানি পশুর একটি বড় বাজার বসবে। তবে সেটি তদারক করবে হাটহাজারী উপজেলা প্রশাসন।