কুষ্টিয়ায় দিনব্যাপী প্রাণের মেলা

২০০৭ হয়েছিল বন্ধু উৎসব।
আর ২০১৫ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো বন্ধুমেলা।

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে সকাল সাড়ে নয়টায় উড়ল জাতীয় পতাকা। আকাশের অনেক উঁচুতে উড়ে গেল উদ্বোধনী বেলুন। ঘাড় উঁচু করে সেই দৃশ্য দেখা শেষ করে আমাদের মিলনায়তনে প্রবেশ।

মর্যাদায় গড়ি সমতা, সমানসমান এই বিষয়কে কেন্দ্র করে ১২ সেপ্টেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত হয় বন্ধুমেলা। মেলায় অংশগ্রহণ করে নাটোর, ঈশ্বরদী, পাবনা, লালপুর, খুলনা, কেশবপুর, যশোর, রাজবাড়ী, মাগুরা, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গা, কালীগঞ্জ, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া ও ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। বন্ধুসভাগুলোর পক্ষ থেকে বন্ধুরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন ও বিজ্ঞাপনী সংস্থা মাত্রা। মাত্রার পক্ষ থেকে আয়োজনে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম এবং মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বনশ্রী মিত্র নিয়োগী। বনশ্রী মিত্র নিয়োগী তাঁর বক্তব্যে মর্যাদায় গড়ি সমতা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এরপর বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা নারীর মর্যাদার সপক্ষে তাঁদের বক্তব্য ও করণীয় তুলে ধরেন। বন্ধুরা তাঁদের বাসায় মা-বোনদের কীভাবে সংসারের কাজে সহায়তা করেন, তা উল্লেখ করেন। এ বিষয়ে একটি তাৎক্ষণিক বিতর্ক অনুষ্ঠিত হয়। পুরুষ বন্ধুরা নারীর প্রতি নানা সময়ে জ্ঞাত অথবা অজ্ঞাতসারে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। অনুষ্ঠানের শুরুতে মর্যাদায় গড়ি সমতা বিষয়ের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।
নাচ-গান, আনন্দ-উচ্ছ্বাস, মাদককে না, ইভ টিজিংকে না ও দেশ গড়ার শপথের মধ্য দিয়ে নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়েছেন, ঈশ্বরদী বন্ধুসভার আমির হামজা ও সুপ্ত, পাবনা বন্ধুসভার শেখ তোজা ফাহমিদা চাঁদনী ও জুয়েল কুমার ঘোষ, খুলনা বন্ধুসভার দেলোয়ার হোসেন, কেশবপুর বন্ধুসভার উজ্জ্বল ব্যানার্জী, যশোর বন্ধুসভার বেনজীর ছোটন, রাজবাড়ী বন্ধুসভার সাদমান সাকিব ও ফাহমিদা জাহান, মাগুরা বন্ধুসভার শহীদুল ইসলাম ও ছন্দা পাল, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে বন্ধুসভার সাকিব মিল্টন, ঝিনাইদহ বন্ধুসভার রনি কুমার দাস, মেহেরপুর বন্ধুসভার সাব্বির হোসেন, অমৃতা সরকার, রচনা আহমেদ ও সাবিবা ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আশরাফ সিদ্দিকী ও মুমতাহিনা লিপি। কুষ্টিয়া বন্ধুসভা একটি দলীয় নৃত্য, মাহফুজুর রহমান ও সুজন রহমান গান পরিবেশন করেন। লালপুর বন্ধুসভা একটি দলীয় নৃত্য ও আরিফুল ইসলাম গান পরিবেশন করেন। চুয়াডাঙ্গা বন্ধুসভা দলীয় নৃত্য, শাওন রায় ও মরিয়ম লিমুর দ্বৈত গান পরিবেশন করেন।

বন্ধুরা এ রকম একটি বড় আয়োজনের জন্য বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ও কুষ্টিয়া বন্ধুসভাকে অভিনন্দন জানান। জাতীয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহিন মাহফুজ ও অনিক সাহা। ঢাকা মহানগর বন্ধুসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম ও আশেকুর রহমান। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাবেক সভাপতি শোভন সাহা ও বর্তমান সভাপতি অনিমেষ বৈদ্য উপস্থিত ছিলেন। বরিশাল, পটুয়াখালী থেকে ছুটে এসেছিলেন বন্ধু তন্ময় ও সজল।

সারা দিনের হাসিগানে বন্ধুদের সঙ্গে মেতে উঠেছিলেন আমাদের প্রতিনিধিরাও। অংশ নিয়েছেন, যশোরের মনিরুল ইসলাম, চুয়াডাঙ্গার শাহ আলম, মেহেরপুরের তুহিন অরণ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাজমুস সাকিব, মাগুরার কবির হোসেন, রাজবাড়ীর এজাজুর রহমান ও কেশবপুরের দিলিপ মোদক।
সারা দিনের ঘটনা ক্যামেরাবন্দী করেছেন হাসান মাহমুদ ডি ও রজিবুল ইসলাম।
কুষ্টিয়ার একঝাঁক বন্ধু, কাদের নাম বলি...। তাঁরা রাত-দিন পরিশ্রম করে একটি সফল অনুষ্ঠান উপহার দিয়েছেন। যার নেতৃত্বে ছিলেন প্রতিনিধি তৌহিদী হাসান। বন্ধু মেহেদী হাসান, রাহুল, জাহাঙ্গীর, শাহিন, রজনী, রাকিব, শেলী আরও কত উজ্জ্বল নাম। বন্ধুরা তোমাদের সবাইকে অভিনন্দন জানাই। সুন্দর একটি বন্ধুমেলা উপহার দেওয়ার জন্য।