কুড়িগ্রাম হোক সারা দেশের মডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যখন আমার বয়স ১৫ বছর ছিল, আমার পরিবার থেকে বিয়ে ঠিক করা হয়। আমাদের এক আত্মীয় বিয়ে ঠিক করেন। আমি মনোবল না হারিয়ে মা-বাবাকে বোঝানোর চেষ্টা করি। শেষে বাবা-মা বুঝতে পারেন। কিন্তু প্রতিবেশী ও আমার সঙ্গে বিয়ে ঠিক হওয়া পরিবার আমাদের নানাভাবে হয়রানি করার চেষ্টা করে। আমি এবং আমার মা–বাবা শক্ত ছিলাম দেখে নিজের বাল্যবিবাহটা আটকাতে পেরেছিলাম,’ এমনটাই জানালেন কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী সম্পা দত্ত।

বাল্যবিবাহ নিরসনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় কুড়িগ্রামে নেওয়া হয়েছে বিশেষ প্রকল্প
ছবি: প্রথম আলো

সম্পা আরও জানান, ‘আমি অন্যদের বাল্যবিবাহ করতে নিরৎসাহিত করতাম। আমিই বাল্যবিবাহ করলে তাঁরা ভুল বার্তা পেতেন। সে জন্য আমি মা-বাবাকে বোঝাই এবং আমার বাল্যবিবাহ আটকাতে সক্ষম হই। এ ক্ষেত্রে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) খুবই ভালো ভূমিকা পালন করে। আমি তখন বিবিএফজির একজন সদস্য ছিলাম। বিয়ে বন্ধ করে টিউশনি করে নিজের পড়াশোনার খরচ ও পরিবারের পাশে থাকার চেষ্টা করি। এ ছাড়া যাতায়াতের ক্ষেত্রে আমি সাইকেল ব্যবহার করি, যেন আমার যাতায়াত খরচ কম হয়, আমার পরিবার যেন আমাকে বোঝা মনে না করে। পরিবার যেন আমাকে পরিবারের সম্পদ হিসেবে দেখে।’

সম্পার মতো শিক্ষার্থী দৃঢ় মনোবলের সঙ্গে নিজের বাল্যবিবাহ ও আশপাশে অনেকের বাল্যবিবাহ বন্ধ করতে পেরেছিলেন তিনি বিবিএফজির সদস্য বলেই। ঢাকাস্থ সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বিবিএফজি প্রকল্পের আওতায় সম্পার মতো আরও অনেক শিক্ষার্থী বাল্যবিবাহ বন্ধ করেছেন।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত বিবিএফজির প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার ৩টি পৌরসভা, ৯টি উপজেলা ও ৭৩টি ইউনিয়নে কাজ চলছে।

২০১৭ সালে কুড়িগ্রামে বাল্যবিবাহের হার ছিল ৬৫ শতাংশ। ২০১৯ সালের ডিসেম্বর মাসে একটি মধ্যবর্তীকালীন মূল্যায়ন করা হয়। তখন বাল্যবিবাহের এ হার ৪৬ দশমিক ৮ শতাংশে নেমে আসে। বিবিএফজি প্রকল্প কুড়িগ্রামে প্রতি মাসে বাল্যবিবাহের তথ্য সংগ্রহের একটি পদ্ধতি দাঁড় করিয়েছে। সেখানে দেখা যায়, ২০১৯ সালে প্রতি মাসে গড়ে ৯৪টি বাল্যবিবাহ হচ্ছিল। ২০২০ সালে এ সংখ্যা কমে ৩৬ হয়, এবং ২০২১ সালে এ সংখ্যা ৩২–এ নেমে এসেছে। ‘বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ’ অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ২০৪১ সাল। সেই লক্ষ্যমাত্রা অর্জনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে কুড়িগ্রামের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ সচেতন জনগণ। তারা কুড়িগ্রাম জেলায় বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট ৬ হাজার ১২ জনের তালিকা করেছেন এবং তাঁদের মধ্যে ৫ হাজার ২১৩ জনকে প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছেন। দেশে বাল্যবিবাহ বন্ধে আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি সর্বসাধারণের আচরণের পরিবর্তনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া দরকার। এ জন্য কুড়িগ্রাম মডেল হতে পারে সারা দেশের জন্য অনুকরণীয়।

কুড়িগ্রাম মডেল নিয়ে কথা হয় বিবিএফজির প্রকল্প ব্যবস্থাপক নজরুল ইসলাম চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘বাল্যবিবাহ রোধে প্রধান যে কাজগুলো করতে হচ্ছে তা হলো বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি শক্তিশালী করা, সমাজের মানুষকে সচেতন করা ও বাল্যবিবাহের শিকার নারীদের যুক্ত করা। বাল্যবিবাহ কমিটি শক্তিশালী করতে আমরা ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করেছি। প্রতি মাসে কত সংখ্যক বাল্যবিবাহ হচ্ছে, তার সঠিক তথ্য প্রয়োজন রয়েছে। কাজি, ঘটকসহ বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের চিহ্নিত করে প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় নিয়ে আসা গেলে বাল্যবিবাহ কমিয়ে আনা সম্ভব।’

বাল্যবিবাহ
প্রতীকী ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম জানান, ‘করোনাকালীন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ রোধে আমাদের কার্যক্রমগুলো কিছুটা কমে গিয়েছিল। স্কুলগুলো বন্ধ থাকায় তদারক করার ক্ষেত্রেও আমাদের একধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। প্রথমেই আমরা উপজেলা কমিটির সব সদস্য ইউনিয়নে গিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির সদস্যদের নিয়ে একটি করে বৈঠক করি। এ বৈঠকে স্টেকহোল্ডারদের ডাকা হয়। এ বৈঠকে আমাদের লক্ষ্য, অগ্রগতি ও চ্যুতি চিহ্নিত করা হয়। এ তথ্যগুলো সংগ্রহ করার পর উপজেলা কমিটি আবারও বৈঠক করে করণীয় ঠিক করে। আমরা বাল্যবিবাহ রোধে প্রতিটি স্কুলে একটি করে কমিটি করে দিই। স্কুলের প্রধান শিক্ষক, একজন পুরুষ ও নারী শিক্ষক এবং নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ কমিটি করা হয়। সমস্যার ধরন অনুযায়ী আমরা সেগুলো সমাধানের চেষ্টা করি। আমরা ২০০ শিশুকে আর্থিক প্রণোদনা দিয়েছি। মেয়েরা স্কুলে যাওয়া-আসার সময় উত্ত্যক্ততার শিকার হয় বলে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করেছি এবং তদারকি বাড়ানোর চেষ্টা করেছি।’

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম প্রথম আলোকে জানান, ‘বাল্যবিবাহ রোধে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। কুড়িগ্রাম জেলা প্রশাসনের অনেক কার্যক্রম রয়েছে। এসব কার্যক্রমের মধ্যে আমাদের অন্যতম দায়িত্ব হলো সামাজিক অপরাধগুলো নিয়ন্ত্রণ করা ও কমিয়ে নিয়ে আসা। এ ক্ষেত্রে সরকারি যেসব আইনকানুন আছে, তা বাস্তবায়ন করার মাধ্যমে এসব সামাজিক অপরাধ কমিয়ে আনা আমাদের জেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব। বাল্যবিবাহের হার শূন্যের কোঠায় নিয়ে আসাও সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে আমরা সবাই একসঙ্গে কাজ করছি। ভবিষ্যতেও আমরা সম্মিলিতভাবে কাজ করব।’