কুড়িয়ে পাওয়া শিশুর কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ জানুয়ারি, শুক্রবার রাত দুইটা। কক্সবাজার সমুদ্রসৈকত-সংলগ্ন লাইটহাউস পাহাড়ে একটি শিশু কাঁদছিল। এই গভীর রাতে নির্জন পাহাড়ে শিশু এল কোথা থেকে? সৈকতের হোটেল মোটেল জোনে আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট কেএফসি। সেখান থেকে চাকরি শেষে ওই রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ১৮ বছরের তরুণ মো. এনাম। এনাম কেএফসির পরিচ্ছন্নতাকর্মী। প্রতিদিন রাত দুইটার দিকে তিনি কেএফসি থেকে লাইটহাউস পাহাড়ের ওপর দিয়ে হেঁটে পাহাড়তলীর বাড়িতে যান।ওই দিন গভীর রাতে শিশুর কান্না শুনে এনাম থমকে দাঁড়ান। প্রথমে ভয় পেলেন। আশপাশের বসতবাড়ির দিকে তাকালেন। কারও সাড়া-শব্দ নেই। প্রচণ্ড শীতে কান্না বাড়ছিল। এনাম পাশে গেলেন। দেখলেন একটি সদ্যোজাত শিশু। শরীরে কোনো আবরণ নেই। নাড়ি দিয়ে রক্ত ঝরছিল। এমন অসহায় অবস্থায় একটি মানবশিশুকে দেখে তাঁর মায়া হলো। নিজের জ্যাকেটটি খুলে তার গায়ে জড়িয়ে দিলেন। তারপর কোলে নিয়ে বসে পড়েন জঙ্গলঘেরা ওই রাস্তার ওপর। উদ্দেশ্য কেউ এসে তাকে নিয়ে যাবে।এনামের বাড়ি রামু উপজেলার বৈদ্যঘোনা গ্রামে। এক বছর আগে মা-বাবা ও ছোট এক বোনকে নিয়ে তাঁরা চলে আসেন কক্সবাজার শহরের পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসার পাশে একটি ভাড়া বাসায়। প্রায় আট মাস আগে বাবা নেজামউদ্দিন সমুদ্রপথে মালয়েশিয়া রওনা দিয়ে নিরুদ্দেশ হন। এরপর সংসারের ভার পরে তাঁর ওপর। বড় কষ্টে চলে তাঁদের সংসার। এনাম বলেন, ‘নবজাতকটিকে পথে পড়ে থাকতে দেখে অবাক হলাম। সারা রাত তাকে কোলে নিয়ে পথেই ছিলাম। ফজরের আজান হলো। নামাজ শেষে লোকজন বেরিয়ে এল। ছেলেটির দাবিদার কাউকে পাওয়া গেল না। আশপাশের বাড়িঘরে খবর নিয়ে দেখলাম-এই বাচ্চা কারও না।’সকাল ছয়টার দিকে শিশুটিকে নিয়ে তাই বাড়ি ফিরলেন এনাম। খবর পেয়ে কেএফসির ব্যবস্থাপক মো. নাসির আহমেদসহ সহকর্মীরা ছুটে গেলেন বাড়িতে একনজর দেখতে। তাঁরা জামাকাপড় আর দুধ কিনে দিলেন। বাচ্চাটির নাম রাখা হলো শাহ সাদিক। সহকর্মীরা আদর করে ডাকেন ‘কেএফসি-বয়’। ফুটফুটে সুন্দর ছেলেটি দেখলে যে কারও মায়া হয়।প্রায় দুই মাস বয়সী শিশুটি কোলে নিয়ে এনাম বলেন, ‘শাহ সাদিক আমার ছোট ভাই। যত কষ্ট হোক, লেখাপড়া শিখিয়ে তাকে মানুষ করব।’মা সনজিদা বেগম বলেন, ‘এই ছেলে কাউকে দেব না। নিজের সন্তানের মতো বড় করব।’ তাঁর একমাত্র মেয়ে রিমা আক্তার (১২) শহরের বইল্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। সে সারাক্ষণ শাহ সাদিককে কোলে নিয়ে বসে থাকে।কেএফসির ব্যবস্থাপক নাসির আহমেদ বলেন, ‘এনাম চাকরি করে যে টাকা পায়, তা দিয়ে তার সংসার চলে না। তার ওপর ছোট্ট শিশুটির রক্ষণাবেক্ষণ কঠিন ব্যাপার। আমরা কেএফসির সহকর্মীরা নানাভাবে সাহায্য-সহযোগিতা দিচ্ছি।’১৩ মার্চ বিকেলে হঠাৎ শিশুটি অসুস্থ হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুরোগ বিশেষজ্ঞ ও কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অরূপ দত্ত শিশুটির দেখভাল করছেন। তিনি জানান, শাহ সাদিক অপুষ্টিতে ভুগছে। তার নিউমোনিয়া হয়েছে।পাশে বসে কাঁদছিলেন সনজিদা বেগম। কেউ দেখতে গেলে বলেন, ‘এটি আল্লাহর দান। একটু দোয়া করবেন, যেন খারাপ কিছু না হয়।’