কুয়া নেই কুয়ার পাড়ে
কাগজে-কলমে নাম হাকিম আলী সড়ক। তবে নামটি খুব কম লোকই জানেন, সবাই বলেন কুয়ার পাড়। কিন্তু কুয়া কোথায়? তন্ন তন্ন করে খুঁজেও কুয়ার দেখা মিলল না। শেষে চন্দ্রা হোমিও স্টোরের মালিক দিলীপ চৌধুরী (৪৫) বললেন কুয়া হাওয়া হয়ে যাওয়ার কাহিনি। ‘ছোটবেলা থেকেই দেখছি কুয়াটি। অনেক বড় ও দৃষ্টিনন্দন ছিল এটি। কুয়ার পানি ব্যবহার করতেন সিরাজুদ্দৌলা সড়কের আশপাশের মানুষ। দিন দিন শুকিয়ে যায় এটি। ব্যবহারও কমে যায়। ১০-১২ বছর পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এখন কুয়ার অস্তিত্বই নেই। সিটি করপোরেশন উদ্যোগে নিলে এটি রক্ষা পেত।’নগরের বিভিন্ন এলাকায় এ রকম অনেক কুয়া আছে। সিটি করপোরেশন এসব কুয়া তৈরি করলেও সেখানে কুয়ার সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে এসব কুয়ার বেশির ভাগই পরিত্যক্ত ও ভরাট হয়ে গেছে বলে সংশ্লিষ্ট লোকজন জানান। ব্যক্তি উদ্যোগেও কিছু কুয়া তৈরি হয়েছিল। এ রকম দুই-একটা কুয়ার ব্যবহার আছে এখনো।জানা যায়, ঘরে ঘরে যখন ওয়াসার পানির লাইন ছিল না তখন এসব কুয়াই ছিল স্থানীয় লোকজনের পানির গুরুত্বপূর্ণ উৎস। গোসল, ধোয়ামোছার কাজ এমনকি ওই পানি পানও করতেন তাঁরা। আগে ভূগর্ভস্থ পানির স্তর অনেক ওপরে ছিল বলে সহজেই কুয়ায় পানি পাওয়া যেত। গভীর নলকূপ বসানোসহ নানা কারণে একসময় পানির স্তর নিচে নেমে যায়। শুকিয়ে যায় কুয়াগুলো। ওয়াসার পানির সংযোগ পাওয়ায় এসব কুয়ার ওপর নির্ভরতা কমে যায় মানুষের। এ সুযোগে অনেক কুয়া ভরাট করে খোদ সিটি করপোরেশন। তবে পানিসংকটের এই সময়ে এসব কুয়ার খুবই দরকার ছিল বলে মনে করেন সংশ্লিষ্ট এলাকার লোকজন। অযত্ন-অবহেলা, ময়লা-আবর্জনা ফেলা, জনসংখ্যা বৃদ্ধি, বহুতল ভবন নির্মাণই কুয়া নষ্ট হওয়ার মূল কারণ বলে জানালেন সিটি করপোরেশনের ভূসম্পত্তি কর্মকর্তা ও নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম। তিনি বলেন, ‘একসময় ২৫০ ফুট নিচেও পানি পাওয়া যেত। এখন এক হাজার ফুট নিচেও পাওয়া যায় না। কারণ এলাকাগুলো দিন দিন ঘনবসতিপূর্ণ হচ্ছে। সবখানে বহুতল ভবন গড়ে উঠছে। গভীর নলকূপের সংখ্যা বাড়ছে। ফলে কুয়ায় পানি উঠছে না। সরকার, সিটি করপোরেশন ও জমির মালিক সমন্বিতভাবে কাজ করলে কিছু কুয়া রক্ষা করা যাবে।’ জামালখান এলাকায় আছে দুটি কুয়া—লিচুবাগান এলাকার কুয়াটা লোহার গ্রিল দিয়ে ঘেরা, ওপরে আছে সুদৃশ্য পাকা ছাদ। এটি তৈরি করেছিল সিটি করপোরেশন। জামালখান বাই লেনের কুয়াটি ফনী সেনের কুয়া নামে পরিচিত। কিন্তু দুই কুয়ায়ই পানি নেই এখন। স্থানীয় হিমাংসু দাশ (৬০) বলেন, ‘লিচুবাগানের কুয়ায় ২০০০ সালের পর থেকে পানি নেই। এটি সংস্কারের জন্য অনেকবার আবেদন করেছি, কাজ হয়নি।’ জানা যায়, মুক্তিযুদ্ধের অনেক আগে ফনী সেন নামের একজন বিত্তবান ব্যক্তি কুয়াটি খনন করেছিলেন। এলাকার মানুষ এটি ব্যবহার করতেন। ছয়-সাত বছর ধরে এটি পরিত্যক্ত। আবর্জনার স্তূপে পরিণত হয়েছে লিচুবাগানের সামনের কুয়াটিও। প্রিয়াংকা স্টোরের মালিক রাজু দে বলেন, ‘এখন সবার বাসায় পানির লাইন আছে। তাই কুয়া সংস্কারের জন্য কেউ উদ্যোগ নেন না।’ জানা যায়, মাছুয়া ঝর্ণার মুখে টিনের ছাউনি দেওয়া একটি কুয়া ছিল। এখন সে জায়গায় চায়ের দোকান বসেছে। মডার্ন শালকরের মালিক সুকান্ত দাশ বলেন, ‘একসময় প্রতিদিন কয়েক হাজার মানুষ কুয়ার পানি ব্যবহার করতেন। ৪০ বছর আগে একবার সংস্কার করা হয়েছিল। পানি ওঠে না অনেকদিন। সিরাজুদ্দৌলা সড়কের সংস্কারের সময় এটি ভেঙে ফেলা হয়।’ কাজেম আলী সড়কের হাজি কুসুমা ভিলার সামনের কুয়াটি ভরাট করে রাস্তা বানানো হয়েছে। এলাকাবাসী জানান, ‘কুয়া ছিল রাস্তার মাঝখানে। গোসল করার সময় রাস্তা ভিজে যেত। এতে সমস্যা হতো। তাই সিটি করপোরেশন এটি ভেঙে ফেলেছে।’ ১৯৫৭ সালে পাথরঘাটার গুর্খা ডাক্তার লেনে নিজের বাড়িতে কুয়া তৈরি করেছিলেন রমণী মোহন মহাজন, রায় মোহন মহাজন, রাশ মোহন মহাজন ও রাম মোহন মহাজন। চার ভাইয়ের পরিবারের সদস্যরা এখনো গৃহস্থালি কাজে কুয়ার পানি ব্যবহার করেন। রাশ মোহন মহাজনের পুত্রবধূ মায়াসী মহাজন জানান, ‘কুয়ার পানি খুব ঠান্ডা। গরম কালে এ পানির চাহিদা বাড়ে। গাছের পাতা পড়ে যাতে পানি নষ্ট না হয় সেদিকে আমরা লক্ষ রাখি।’