কুয়ার পানি পান
চিরতা ত্রিপুরা (৩৭) ছোটবেলা থেকেই কুয়ার পানি ব্যবহার করে আসছেন। তিনি খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নের মঙ্গলচান গ্রামের নতুনপাড়ার বাসিন্দা। আগে না জানলেও এখন জানেন কুয়ার পানি বিশুদ্ধ নয়, স্বাস্থ্যের জন্য নিরাপদও নয়। জেনেও নিরুপায় হয়ে পান করছেন কুয়ার পানি। পাড়ায় কোনো নলকূপ নেই। খাগড়াছড়ির বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। সরকারি-বেসরকারি সংস্থা কিছু রিংওয়েল ও নলকূপ স্থাপন করলেও সেগুলো বেশি দিন টেকে না। রক্ষণাবেক্ষণের অভাবে রিংওয়েল দ্রুত নষ্ট হয়ে যায়। আর পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কম খরচের অগভীর (শ্যালো) নলকূপ জনপ্রিয় হলেও সংস্থাগুলো বেশি খরচের রিংওয়েল বসাতে বেশি আগ্রহী বলে জানান সংশ্লিষ্ট লোকজন। নতুনপাড়ার গৃহিণী মিতালি, অরুণ বালা, সঞ্চিতা, চিরতা ত্রিপুরা ও কুলিতি ত্রিপুরা জানান, শুকনো মৌসুমে পানির কষ্ট বেড়ে যায়। কারণ সূর্যের তাপে কুয়া শুকিয়ে যায়। ফলে পানি আনতে হয় এক কিলোমিটার দূর থেকে।প্রত্যন্ত গ্রাম সীমানাপাড়া, হরিকুঞ্জপাড়া, নতুনপাড়া, ছাগড়াপাড়া, রত্নমণিপাড়া, অক্ষয়পাড়া, ইটছড়ি ভিতরপাড়া, কুতুকছড়িপাড়া, বদাপাড়া, মংহ্লাপ্রুপাড়া, থানচন্দ্রপাড়াসহ অনেক পাড়ায় কয়েক হাজার পরিবার বিশুদ্ধ পানির সংকটে রয়েছে। তাঁরা জেনেশুনেই ছড়া ও কুয়ার পানি পান করছেন। এতে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। নতুনপাড়ার বাসিন্দাদের বেশির ভাগই দিনমজুর। সারা বছর তাঁদের অভাব থাকে। গৃহিণী চিরতা ত্রিপুরা বলেন, ‘সারা দিন মাঠেঘাটে কাজ করি। সন্ধ্যায় যখন বাড়ি ফিরি তখন পানির জন্য আবার কষ্ট করতে হয়। আমার মেয়ে সাথি ত্রিপুরা খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে নবম শ্রেণীতে পড়ে। পানির অভাবে মাঝেমধ্যে গোসল না করেই বিদ্যালয়ে যেতে হয় তাকে।’ চিরতা ত্রিপুরা নতুনপাড়ার জন্য একটি নলকূপ খুবই প্রয়োজন বলে জানান।জয়মুনি ত্রিপুরা (৭০) বলেন, ‘১৯৮০ সালে কলমছড়ির মঙ্গলচান গ্রাম থেকে এই পাড়ায় বসতি স্থাপন করেছি। কখনো নলকূপ বসানো হয়নি এখানে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কাছে নলকূপের জন্য অনেকবার আবেদন করেছি। কেউ কথা রাখেননি। গ্রামের সবাই গরিব দিনমজুর বলে নলকূপ বসানো সম্ভব হচ্ছে না।’জানা যায়, খাগড়াছড়ি জেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বেসরকারি উন্নয়ন সংস্থা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিশুদ্ধ পানি নিয়ে কাজ করছে। পৌরসভা, ইউনিয়ন পরিষদও সীমিত আকারে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে। তবে এসব সংস্থার মধ্যে সমন্বয় নেই বলে অভিযোগ রয়েছে। নেই সুনির্দিষ্ট পরিকল্পনা। তাই প্রতি বছর লাখ লাখ টাকা খরচ করেও পাহাড়ে বিশুদ্ধ পানি সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন জানান, ‘২০০৯-১০ অর্থবছরে খাগড়াছড়ি জেলায় নতুন ৫১টি রিংওয়েল স্থাপন করা হবে। তবে ছয় লাখ মানুষের বিপরীতে এটা অনেক কম।’ বিশুদ্ধ পানি নিয়ে কাজ করছে এমন সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার কথা স্বীকার করেন তিনি। বেসরকারি উন্নয়ন সংস্থা চিটাগাং হিল ট্রাক্টস হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক দূর্বাদল চাকমা বলেন, ‘মূলত দাতা সংস্থার সাহায্যের ওপর নির্ভর করে আমরা রিংওয়েল, নলকূপ স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছি। পাহাড়ের বহু এলাকা পাথুরে। সেখানে নির্দিষ্ট বাজেটে রিংওয়েল বা নলকূপ বসানো সম্ভব নয়।’ তিনি পাহাড়ে বিশুদ্ধ পানির সংকটের জন্য উপকারভোগীদের অসচেতনতাকে দায়ী করেন। বলেন, রিংওয়েল বা নলকূপ রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে যায়। কমলছড়ি হেডম্যানপাড়ার সুইহ্লাঅং চৌধুরী অভিযোগ করেন, ‘জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা বিশুদ্ধ পানির জন্য রিংওয়েল স্থাপনকে বেশি গুরুত্ব দেয়। সাধারণ মানুষের কাছে রিংওয়েল তেমন জনপ্রিয় নয়। রিংওয়েল শুকনো মৌসুমে শুকিয়ে যায়, একবার শুকিয়ে গেলে সেটি ব্যবহারের উপযোগিতা হারায়। রিংওয়েল স্থাপনে ৭০-৮০ হাজার টাকা লাগে। অথচ ৮-১০ হাজার টাকার মধ্যে একটি শ্যালো নলকূপ বসানো সম্ভব। এ নলকূপ সাধারণ মানুষ পছন্দ করেন।’