কুয়ার ময়লা পানি মেটায় তৃষ্ণা
প্রায় ৯০ বছরেরও বেশি সময় আগে খনন করা কুয়ার ময়লা পানি পান করতে হচ্ছে পটিয়ার চা-বাগান এলাকার বাসিন্দাদের। এলাকাবাসীর বহু দেন-দরবারের পর উপজেলা পরিষদের টাকায় গত বছরের জুলাই মাসে ওই এলাকায় নলকূপ বসানো হয়েছিল। তবে বসানোর এক সপ্তাহের মধ্যেই শুকিয়ে যায় নলকূপের পানি। এলাকাবাসীর অভিযোগ, সরকারের বরাদ্দ করা টাকার পুরোটা খরচ না করে দায়সারাভাবে নলকূপ বসানোয় সুপেয় পানি থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা।উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ওই এলাকায় নলকূপ বসানোর জন্য গত বছরের জুন মাসে এক লাখ টাকা বরাদ্দ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু এ কাজে দায়িত্বপ্রাপ্ত স্থানীয় জনপ্রতিনিধি মাত্র ৩৫ হাজার টাকা খরচ করে নলকূপ বসান। এলাকাবাসীর অভিযোগ, নলকূপটি মাত্র ১৪০ ফুট গভীর করে বসানোর কারণে পানি পাননি তাঁরা।এ কাজের দায়িত্বপ্রাপ্ত কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ কামাল উদ্দিনের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে উপজেলা চেয়ারম্যান বিষয়টি তদারকি করতে বলেছিলেন। চা-বাগান এলাকায় নলকূপ বসানোর জন্য আমাকে ৩৫ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকা খরচ করা হয় অন্য একটি প্রকল্পে। ৩৫ হাজার টাকা দিয়ে ১৪০ ফুট নয়, ৩৭০ ফুট গভীর করেই নলকূপ বসিয়েছি। নলকূপটি মেরামত করলে পানি পাওয়া যাবে।’ জানা গেছে, ১৯২০ সালে পটিয়া চা-বাগান প্রতিষ্ঠার পর বাগান-সংলগ্ন এলাকায় শ্রমিকদের পল্লি গড়ে ওঠে। প্রায় ৫০ বছর আগে চা-বাগানের কার্যক্রম বন্ধ হয়ে গেলেও বেশ কিছু শ্রমিক পরিবার-পরিজন নিয়ে সেখানেই বসবাস করছেন। এলাকার বাসিন্দারা প্রায় সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বাগানটি প্রতিষ্ঠার সময় খনন করা কুয়ার পানি পান করতে হচ্ছে তাঁদের। উল্লেখ্য, ২০১২ সালের মে মাসে দৈনিক প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে চা-বাগান এলাকার শ্রমিকদের দুর্দশা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর উপজেলা প্রশাসন ওই এলাকায় নলকূপ বসানোর উদ্যোগ নেয়। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন এ খাতে এক লাখ টাকা বরাদ্দও দেন।স্থানীয় বাসিন্দা সন্ধ্যা রানী রায় (৭৫) প্রথম আলোকে বলেন, ‘আমাদের জন্য জনপ্রতিনিধিদের দয়া-মায়া নেই। তাই নলকূপের বিশুদ্ধ পানি থেকেও আমরা বঞ্চিত। কুয়ার ময়লা পানিই আমাদের ভরসা।’পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভীন বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নলকূপটি সচল করার উদ্যোগ নেওয়া হবে।’