কুয়েট কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়েট প্রাঙ্গণ পছন্দের হয়ে উঠতে সময় লাগে না। ছবি: সাদ্দাম হোসেন
কুয়েট প্রাঙ্গণ পছন্দের হয়ে উঠতে সময় লাগে না। ছবি: সাদ্দাম হোসেন

প্রতিদিন সকাল আটটায় শুরু হয় ক্লাস। টানা ক্লাস শেষে দুপুর থেকে ‘ল্যাব’। মাঝে সময় পাওয়া যায় এক থেকে দেড় ঘণ্টা। এ সময়ে অনেকে লাইব্রেরির পড়াশোনা সেরে নেন। কারও কারও জমে আড্ডা। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ—সব উঠে আসে এই আড্ডায়।
তবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের মূল আনন্দ-উচ্ছ্বাস হলকেন্দ্রিক। জানালেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসিবুল ইসলাম। তিনি অমর একুশে হলের বাসিন্দা। বলছিলেন, ‘যখন ফার্স্ট ইয়ারে পড়তাম, বড় ভাইদের মুখে শুনেছি, সব “সুখ” বাঁ পাশে আর “বিপদ” হলো ডানে। প্রথম প্রথম না বুঝলেও পরে বুঝেছি। ক্যাম্পাসে ঢোকার পথে বাঁ পাশে পড়ে সব হল আর ডান পাশে আছে একাডেমিক ভবনগুলো!’
পড়ালেখাকে ‘বিপদ’ মনে হওয়া তো ছাত্রজীবনেরই অংশ। ‘বিপদ’ পেরিয়ে দেশে-বিদেশে ভালো অবস্থানে আছেন কুয়েট থেকে পাশ করা বহু প্রকৌশলী। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা নিয়মিত অংশ নিচ্ছেন রোবোটিকস, প্রোগ্রামিংয়ের মতো প্রতিযোগিতায়। গবেষণা, আবিষ্কারের নেশায় বুঁদ হয়ে আছেন কেউ কেউ। এসবের ফাঁকে তাঁদের ক্যাম্পাস জীবন সম্পর্কে জানতেই হাজির হয়েছিলাম ১৮ এপ্রিল।
একুশে হলের আরাফাত রহমান, ফোয়াদ হাসান, ড. এম এ রশিদ হলের মো. হানিফ আলী, মুবিন হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মাহবুব রনি, ইমাম উল ফেরদৌসসহ অনেকের সঙ্গে কুয়েট ক্যানটিনে স্বপ্ন নিয়ে’র আড্ডাটা তখন জমে উঠেছে। জানালেন, কুয়েটে ছেলেদের ছয়টি ও মেয়েদের একটি হল আছে। সব মিলিয়ে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পাচ্ছেন আবাসন-সুবিধা।
প্রায় সাড়ে ১৬ একর জমির ওপর প্রতিষ্ঠিত প্রাঙ্গণের যেদিকেই চোখ যাবে শুধুই সবুজ আর সবুজ। মাঝ বরাবর চলে গেছে কংক্রিটের রাস্তা। এসব দেখেই তো কুয়েটের প্রেমে পড়েছিলেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাইদিন এহসান। তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা দিতে এসেই পরিবারকে জানিয়ে দিয়েছিলাম, যদি কুয়েটে সুযোগ পাই তাহলে এখানেই ভর্তি হব। আরও দুই-তিন জায়গায় সুযোগ পেলেও সিদ্ধান্ত নিতে দ্বিধা করিনি। রাতের কুয়েট আরও সুন্দর। শীতকালে ফুলের সমারোহ সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়।’
২০০৩ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) খুলনাকে উন্নীত করা হয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। পাঁচটি বিভাগের অধীনে প্রায় দুই হাজার শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা চার হাজারের বেশি।
শেষ বর্ষে পড়ুয়া ছাত্রী নুসরাত শারমিন বলছিলেন, ‘ঢাকা থেকে খুলনায় পড়তে এসেছি। প্রথম প্রথম সমস্যা হলেও এখন ক্যাম্পাসের প্রেমে পড়ে গেছি। কিছুদিন পর ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে, ভাবতেই মন খারাপ হয়।’
মন খারাপ হবে না-ইবা কেন? এই কয় বছরে কত স্মৃতি জমা হয়েছে তাঁদের ঝুলিতে! তড়িৎ এবং ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শেষ সেমিস্টারের শিক্ষার্থী মুবিন হাসান গল্পে গল্পে জানালেন তাঁদের হলজীবনের নুডলস রান্না করার কাহিনি। পরীক্ষা শেষে হলের বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলেন নুডলস খাবেন। সেই অনুযায়ী সবার কাছ থেকে ৫০ টাকা করে চাঁদা নেওয়া হলো। কেনাও হলো নুডলস ও ডিম। জোগাড় হলো রান্নার সরঞ্জাম। কিন্তু রান্না করবেন কে? শেষ পর্যন্ত এগিয়ে এলেন তাঁদের মধ্যে একজন। একজন অন্তত রান্না করতে পারেন জেনে সবাই হাঁপ ছেড়ে বাঁচলেন। শুরু হলো রান্না। তা-ও প্রেশারকুকারে! রান্না শেষে নুডলস খাবেন কী, সবাই মিলে ‘ভিরমি’ খাওয়ার জোগাড়! প্লেটের বস্তুটি নুডলস, খিচুড়ি না অন্য কিছু—সেটাই হয়ে গিয়েছিল গবেষণার বিষয়। চোখ বুজে খাওয়া শেষে সবাই অবশ্য রাঁধুনির পিঠ চাপড়ে দিতে ভোলেননি। হলের প্রতিদিনের একঘেয়ে খাবার থেকে মুক্তি পেতে শিক্ষার্থীরা মাস শেষের বিশেষ নৈশভোজের অপেক্ষায় থাকেন, এক ফাঁকে জানান আরাফাত হোসেন।
রাজনৈতিক গোলযোগ, মিটিং মিছিলের তোড়জোড় কুয়েটে খুব একটা নেই। তবে হ্যাঁ, মাঝেমধ্যে রাতের বেলা মিছিল একটা হয় বটে। যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী উল্লাস জানালেন সেই মিছিলের খবর। ‘কারও জন্মদিন থাকলে আমরা তাঁকে ধরে নিয়ে যাই দোকানে। বেচারার টাকা শেষ না হওয়া খাওয়া দাওয়া চলে। এরপর রাতে ওই বন্ধুকে নিয়ে মিছিল বের হয়।’
মেয়েদের হলের আনন্দ-উচ্ছ্বাসগুলোর কথা বললেন শর্মিলা রাইসা নামের এক শিক্ষার্থী। শুরুতে গণরুমের মেঝেতে গাদাগাদি করে ৩০ জন একসঙ্গে থাকতেন। ওই সময় যাঁদের সঙ্গে বন্ধুত্ব গড়েছিল, তাঁরাই এখন ‘বেস্ট ফ্রেন্ড’।
কুয়েটে বর্তমানে আছেন প্রায় ২৯০ জন শিক্ষক। শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের নিবিড় সম্পর্ক রয়েছে বলে জানালেন মাহবুব রনি। বলছিলেন, ‘ক্লাসের পাশাপাশি পড়াশোনার সব ক্ষেত্রে স্যাররা সহযোগিতা করেন। উচ্চশিক্ষা থেকে শুরু করে ভবিষ্যতের লক্ষ্যপূরণেও আমাদের পরামর্শ দেন।’

মোহাম্মদ আলমগীর
মোহাম্মদ আলমগীর

শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে
মোহাম্মদ আলমগীর
উপাচার্য, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের উপযোগী করে গড়ে তুলতে আমাদের এখানে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতায় শেষ বর্ষের শিক্ষার্থীদের ৩০০ ঘণ্টার একটি প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিবছর শিক্ষার্থীরা ‘আইসিটি ইঞ্জিনিয়ারিং’ পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো দেশে প্রযুক্তিবিষয়ক গবেষণায় অংশ নিতে পারে।
কুয়েট ক্যাম্পাসে রাজনীতির চর্চা থাকলেও কোনো সংঘাত নেই। নেই কোনো সেশনজট। চার বছরের মধ্যেই শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম শেষ করতে পারে। এমনকি এ বছর এক মাস আগেই শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থীদের ডিবেটিং সোসাইটি, আবৃত্তি সংগঠন, ফিল্ম সোসাইটি, ফটোগ্রাফিক সোসাইটি নিয়মিতই কোনো না কোনো অনুষ্ঠানের আয়োজন করছে।