কুয়েট-চুয়েট-রুয়েটে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা প্রকৌশলী হতে চান, তাঁদের প্রধান লক্ষ্য থাকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) হওয়া। প্রতিবছর যে পরিমাণ শিক্ষার্থী ভালো ফলাফল নিয়ে এইচএসসি পরীক্ষায় পাস করছেন, তাঁদের মধ্যে হাতেগোনা কিছুসংখ্যক মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়ার সুযোগ পান। ফলে মেধাবী শিক্ষার্থীদের একটি বিরাট অংশ প্রকৌশলে পড়া থেকে বঞ্চিত হওয়ার কথা। কিন্তু সে ঘাটতি অনেকখানি কমিয়ে দেয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মতো দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তৈরি করছে বিশ্বমানের প্রকৌশলী।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট): ১৯৭৪ সালে ‘খুলনা প্রকৌশল কলেজ’ হিসেবে যাত্রা শুর করে বিশ্ববিদ্যালয়টি, যা পরে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজিতে (বিআইটি) রূপান্তরিত হয়। শিক্ষার মান ক্রমাগত ওপরে উঠতে থাকায় ২০০৩ সালের সেপ্টেম্বরে এটি পায় প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা। শুরু হয় উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার প্রত্যয়। বিশ্ববিদ্যালয়টি স্নাতক পর্যায়ে বিএসসি ডিগ্রি ও স্নাতকোত্তর পর্যায়ে এমএসসি, এমফিল ও পিএইচডি ডিগ্রি দিয়ে থাকে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই হাজার ২৭৯ শিক্ষার্থী এবং প্রায় ১৯৫ জনের বেশি শিক্ষক রয়েছেন। শিক্ষার্থীরা এখানে মোট ছয়টি বিষয়ে পড়ার সুযোগ পেয়ে থাকেন। বিষয়গুলো হলো: ১. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ২. ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই), ৩. ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই), ৪. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই), ৫. ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) ও ৬. সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই)।ভর্তির যোগ্যতা: ২০০৯-১০ শিক্ষাবর্ষে কুয়েট থেকে ভর্তি ফরম তোলার জন্য পদার্থ, রসায়ন, গণিত ও ইংরেজি—এই চারটি বিষয়ে মোট জিপিএ ১৭.৫-এর প্রয়োজন ছিল। যদিও জিপিএ ১৮.৫ পাওয়া শিক্ষার্থীরাই শুধু ভর্তি পরীক্ষায় অংশ নিতে পেরেছিলেন। তবে ইংরেজি ব্যতীত বাকি তিনটি বিষয়ে জিপিএ ৩.৫০ হওয়া যাবে না। এখানে ৭০০ নম্বরের এমসিকিউ-ভিত্তিক পরীক্ষা হয়ে থাকে। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী পেতে পারেন আপনার পছন্দের বিষয়টি। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www.kuet.ac.bd ওয়েবসাইটটি।রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট): রুয়েটের শুরুটা ১৯৬৪ সালে । তখন এটি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। মাঝের বেশ খানিকটা সময় পর ১৯৮৬ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজির (বিআইটি) মর্যাদা পায়। প্রতিষ্ঠানটির শিক্ষার মান প্রতিষ্ঠার শুরু থেকেই ছিল আশানুরূপ। এরই ফলে ২০০২ সালের ১ সেপ্টেম্বর রাজশাহী বিআইটির পালাবদল ঘটে। পরিণত হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)। প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় এক হাজার ৮০০ শিক্ষার্থী এবং শতাধিক শিক্ষক শিক্ষাদানে নিয়োজিত আছেন। এখানেও শিক্ষার্থীরা ছয়টি বিষয়ে পড়তে পারেন—১. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ২. ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই), ৩. ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই), ৪. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই ), ৫. ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আইপিই) ও ৬. সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই)।ভর্তির যোগ্যতা: ২০০৯-১০ শিক্ষাবর্ষে রুয়েট থেকে ভর্তি ফরম তোলার জন্য পদার্থ, রসায়ন, গণিত ও ইংরেজি—এই চারটি বিষয়ে মোট জিপিএ ১৭.৫-এর প্রয়োজন ছিল। যদিও জিপিএ ১৮.৫ পাওয়া শিক্ষার্থীরাই শুধু ভর্তি পরীক্ষায় অংশ নিতে পেরেছিলেন। এখানে ৭০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে—৫০ শতাংশ লিখিত ও ৫০ শতাংশ এমসিকিউ ধরনের। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন রুয়েটের ওয়েবসাইট www.ruet.ac.bd।চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট): চুয়েটের শুরুটাও হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি হিসেবে সেই ১৯৬৮ সালে। দক্ষ প্রকৌশলী তৈরির মন্ত্র নিয়ে পথ চলতে চলতে ১৯৮৬ সালে চট্টগ্রাম বিআইটি এবং ২০০৩ সালে চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) হিসেবে এর আত্মপ্রকাশ। এই বিশ্ববিদ্যালয় থেকেও বিএসসিসহ এমএসসি, এমফিল, পিএইচডি ডিগ্রি নেওয়া যায়। বর্তমানে চুয়েটে প্রায় এক হাজার ৮০০ শিক্ষার্থী এবং শতাধিক সুদক্ষ শিক্ষক রয়েছেন। এখানে ভর্তি পরীক্ষা ৭০০ নম্বরের মধ্যে হয়ে থাকে, যার ৫০ শতাংশ লিখিত ও ৫০ শতাংশ এমসিকিউ ঘরানার। এ শিক্ষাপ্রতিষ্ঠানেও আপনি ছয়টি বিষয়ে পড়তে পারেন: ১. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ২. ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই), ৩. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই), ৪. সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই), ৫. আর্কিটেকচার বা স্থাপত্য ও ৬. আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি)।ভর্তির যোগ্যতা: ২০০৯-১০ শিক্ষাবর্ষে চুয়েট থেকে ভর্তি ফরম নেওয়ার জন্য পদার্থ, রসায়ন, গণিত, ইংরেজিসহ ন্যূনতম জিপিএ ১৩ দরকার ছিল। কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পেরেছেন তাঁরাই, যাঁদের ওই চারটি বিষয়ে মোট জিপিএ ছিল ১৫। আর বিস্তারিত তথ্যের জন্য চোখ বুলিয়ে নিন চুয়েটের ওয়েবসাইটে: www.cuet.ac.bd।বেসরকারি বিশ্ববিদ্যালয়সরকারি বিশ্ববিদ্যালয়গুলো ছাড়াও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে বেশ কিছু বেসরকারি প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেগুলোর শিক্ষাপদ্ধতি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় কোনো অংশেই কম নয়। অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত শিক্ষার মানদণ্ডের ফসল হিসেবে এসব বিশ্ববিদ্যালয়ও জন্ম দিচ্ছে দেশের ডিজিটাল কারিগরদের। আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ-সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ব্র্যাক ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিসহ বেশকিছু বেসরকারি বিদ্যালয় বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে আপনি পড়তে পারেন প্রকৌশল।