কুয়েত সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জালালাবাদ সমাজকল্যাণ সমিতির ইফতারে অতিথিরা
জালালাবাদ সমাজকল্যাণ সমিতির ইফতারে অতিথিরা

প্রবাসী বাংলাদেশিদের ঈদ কেনাকাটা: তিন দিকে ধূসর মরুভূমি আর এক দিকে সমুদ্র। ১৮হাজার বর্গকিলোমিটারের দেশ কুয়েত। এখানে বর্তমানে প্রায় দুই লাখের মতো বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত। রমজানের শেষ সপ্তায় অনেকে দেশে গেছেন পরিবারের সঙ্গে ঈদ করতে। যাঁরা যেতে পারেননি তাঁরা এখান থেকে পরিবার পরিজনের জন্য নানা সামগ্রী কিনে পাঠিয়েছেন বিভিন্ন জনের হাতে। নিজের জন্যও করছেন কিছু কেনাকাটা।

কুয়েত সিটির প্রাণকেন্দ্র মুরগাবে অন্যতম বিপনী বিতান সুক আল ওয়াতানিয়া। এই বিপনী বিতানের বেশির ভাগ দোকানের মালিক বাংলাদেশি। অনেক দোকানে রয়েছে বাংলাদেশি পণ্য। কুয়েতপ্রবাসী বাংলাদেশিরা এই বিপনী বিতানসহ আশপাশের অন্যান্য বিপনী বিতান থেকে কেনাকাটা করেন। তবে বাংলাদেশিরা বেশি যান সুক আল ওয়াতানিয়ায়। কয়েকদিন আগে এই বিপনীকেন্দ্রে গিয়ে দেখা গেল বিভিন্ন দোকানের সামনের সামনে বাংলাদেশিদের ভিড়। তাঁরা বিভিন্ন দোকান থেকে তাঁদের পছন্দের সামগ্রী কিনছেন।

সুক আল ওয়াতানিয়ায় বাংলাদেশি মালিকানাধীন বড় দোকান বাংলার মেলা ফ্যাশন হাউজ। এই দোকানে পরিলক্ষিত হলো বেশ ভিড়। সেখানে তাদের নিজস্ব ব্রান্ডের পাশাপাশি বাংলাদেশের আড়ং, কে-ক্রাফট ও রঙসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পাঞ্জাবি এবং ফতুয়া, সালোয়ার-কামিজ, টি-শার্ট, জিন্স, ছোট বাচ্চাদের বিভিন্ন পোশাক বিক্রি হচ্ছিল। দোকানের কর্মীরা জানালেন এবারের ঈদে সবচেয়ে বেশি চাহিদা পাঞ্জাবির।

বিপনী বিতানে রয়েছে কয়েকটি বাংলাদেশি টেইলারিং। আল আমিন টেইলার্সে দেথা গেল সেখানে ২০ জন কর্মী কাজ করছেন। তাঁদের কারও ফুসরত ফেলার সময় নেই। কর্মীরা জানালেন, চাহিদা মেটাতে রোজা শুরু হওয়ার পর থেকে তাঁরা দিনরাত কাজ করছেন।

জালালাবাদ সমাজকল্যাণ সমিতির ইফতার: গত ২৩ জুলাই বুধবার কুয়েত সিটির গুলশান হোটেলে জালালাবাদ সমাজকল্যাণ সমিতির উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়। ইফতার অনুষ্ঠানে সমিতির সভাপতি হাজী জুবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক আবুল হাশেম ও সদস্যবৃন্দ এবং আবুল হোসেন চৌধুরী, খালেদ আহমেদ চৌধুরী, এজাজুর রহমান, ড. শাহজাহান, নজরুল ইসলাম, জাহিদুল হক, ফয়সাল আহমদসহ কুয়েতে বাংলাদেশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হাজী জুবায়ের আহমেদকে সুনামের সঙ্গে দীর্ঘদিন সংগঠনের কার্যক্রম চালানোর জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মঈন উদ্দিন সরকার
কুয়েত সিটি, কুয়েত