কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল মোবারক আল হামাদ আল সাবাহর সঙ্গে তাঁর কার্যালয়ে ২৪ আগস্ট দেখা করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটি পত্র তাঁর কাছে হস্তান্তর করেন। ওই পত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী কুয়েতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
সাক্ষাত্কালে কুয়েতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের রাষ্ট্রদূত কুশল বিনিময় করেন। রাষ্ট্রদূত মোহাম্মদ আসহাব উদ্দীন দীর্ঘ সময় পর কুয়েতের শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত করার জন্য কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশ থেকে আরও অধিক সংখ্যক পেশাজীবী বিশেষ করে চিকিত্সক, প্রকৌশলী, নার্স ও কারিগরি দক্ষতাসম্পন্ন জনশক্তি নিয়োগের ব্যাপারে কুয়েতের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
রাষ্ট্রদূত কুয়েতের প্রধানমন্ত্রীকে আরও জানান, বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইনকানুন ও প্রথা মেনে চলার জন্য উত্সাহিত করা হচ্ছে। এ জন্য দূতাবাস বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। কুয়েত রেডিওর মাধ্যমে নির্দিষ্ট একটি সময়ে বাংলা ভাষায় সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। বাংলাদেশিরা আইনকানুন সম্পর্কে আগের চেয়ে বেশি ওয়াকিবহাল। তাঁদের মধ্যে স্থানীয় আইনকানুন ও প্রথা মানার প্রবণতা বেড়েছে এবং তাঁরা এখন অনেক শৃঙ্খলাবদ্ধ।
কুয়েতের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূতের কথা মনোযোগ সহকারে শোনেন। বাংলাদেশ সফরের আমন্ত্রণের জন্য তিনি তাঁর মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এস এম মাহবুবুল আলম, প্রথম সচিব (শ্রম) কে এম আলী রেজা ও কুয়েতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মঈন উদ্দিন সরকার
কুয়েত সিটি, কুয়েত