কৃতী ক্রীড়াবিদদের ব্লু-ব্লেজার দেওয়া হয় না ১৭ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৃতী ক্রীড়াবিদদের ১৭ বছর ধরে ব্লু-ব্লেজার দেওয়া হচ্ছে না। নিয়মিত এ সম্মাননা স্মারক না দেওয়ায় পুরোনো-নতুন খেলোয়াড়দের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর মাত্র ছয়বার ব্লু-ব্লেজার দেওয়া হয়। অথচ ক্রীড়া ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান বয়ে আনা খেলোয়াড়দের নিয়মিত এ স্মারক দেওয়ার কথা। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কৃতী ক্রীড়াবিদদের সম্মান জানাতে কর্তৃপক্ষ আন্তরিক। ক্রীড়াঙ্গনে বিশ্ববিদ্যালয়ের পক্ষে অবদান রাখা ক্রীড়াবিদদের দ্রুত ব্লু-ব্লেজার দেওয়া হবে।’এদিকে, নিয়মিত এ স্মারক না দেওয়ায় বর্তমান শিক্ষার্থীরাও আবেদন করতে পারছেন না। ফলে সাবেক ছাত্রদের ন্যায় তাঁদেরও ব্লু-ব্লেজার ছাড়াই ক্যাম্পাস ত্যাগ করতে হচ্ছে। সবারই দাবি, নিয়মিতভাবে খেলোয়াড়দের ব্লু-ব্লেজার দেওয়া হোক। শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৭৫-৭৬ শিক্ষাবর্ষে সর্বপ্রথম এক ক্রীড়াবিদকে ব্লু-ব্লেজার দেওয়া হয়। এরপর আরও পাঁচ বার ২৫ জন খেলোয়াড়কে এ স্বীকৃতি দেওয়া হয়। সর্বশেষ ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষে তিন ক্রীড়াবিদ ব্লু-ব্লেজার পাওয়ার গৌরব অর্জন করেন। এরপর থেকে খেলোয়াড়দের ব্লু-ব্লেজার দেওয়া হচ্ছে না। শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক এ এম এম রকিব কোরেশী প্রথম আলোকে বলেন, ক্রীড়া ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখা খেলোয়াড়দের অত্যন্ত মর্যাদাসম্পন্ন এ স্বীকৃতি দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্লু-ব্লেজার নিয়মিত দেওয়া হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে গত ১৮ বছর ধরে সম্মানসূচক এ স্মারক দেওয়া বন্ধ আছে। প্রশাসন সূত্রে জানা গেছে, ২০০৭ সালে ব্লু-ব্লেজার দেওয়ার নীতিমালা প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটি ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্লু-ব্লেজার দেওয়ার নীতিমালা পর্যালোচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি খসড়া নীতিমালা প্রস্তাব করে।জানা গেছে, এ নীতিমালা অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয়ের ২০০৮ সালের ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের ৪৪৯তম সভায় পেশ করা হয়। কিন্তু এ নীতিমালা অনুমোদন না দিয়ে যাচাই-বাছাইয়ের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। অভিযোগ রয়েছে, তিন বছরেও কমিটি নিয়মিত বৈঠকে বসতে পারেনি। এ প্রসঙ্গে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক জানান, কমিটি প্রধান সময় দিতে না পারার কারণে বৈঠক হচ্ছে না। তবে নীতিমালা প্রণয়নে জড়িত এক সদস্য বলেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলি যাচাই-বাছাই করে এ নীতিমালা করা হয়েছিল। নতুন করে এ নীতিমালা যাচাই-বাছাই করার কোনো প্রয়োজন ছিল না।জানা যায়, দীর্ঘদিন পর ২০০৭ সালে ব্লু-ব্লেজার দেওয়ার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। তখন আগ্রহী ছাত্রদের কাছ থেকে আবেদনপত্র নিয়েছিল সংশ্লিষ্ট দপ্তর। ২০০৮ সালের ১৫ জানুয়ারি আবেদনপত্র গ্রহণ শেষ হয়। এ সময় ২৮ ক্রীড়াবিদ ব্লু-ব্লেজারের জন্য আবেদন করেন।দীর্ঘদিন ধরে ব্লু-ব্লেজার না দেওয়ায় এসব ক্রীড়াবিদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। এ রকম একজন আবেদনকারী রাশেদ-বিন-আমিন চৌধুরী হতাশা ব্যক্ত করে প্রথম আলোকে বলেন, ব্লু-ব্লেজার দেওয়া একটি নিয়মিতপ্রক্রিয়া। কিন্তু অদৃশ্য কারণে দীর্ঘদিন ধরে এ প্রক্রিয়া থমকে আছে। ফলে খেলাধুলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেও মর্যাদাপূর্ণ এ সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ প্রতিবছরই বিশ্ববিদ্যালয়ের পক্ষে কেউ না কেউ ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখছেন। বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল দলের সাবেক খেলোয়াড় উত্তম সেনগুপ্ত হতাশ কণ্ঠে বলেন, ‘সাবেক শিক্ষার্থীদের ব্লু-ব্লেজার না দেওয়ায় আমরা আবেদনও করতে পারছি না। শিক্ষার্থী হিসেবে ব্লু-ব্লেজার পাওয়ার গৌরব অর্জন করা সম্ভব হলো না।’