রাঙামাটি জেলায় ২০১১ সালে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। শিশু শিক্ষার্থীদের সনদ বিতরণ করতে গিয়ে নিখিল কুমার চাকমা বলেন, বর্তমানের শিক্ষার্থীরাই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। কোমলমতি শিক্ষার্থীদের সঠিকভাবে পথ নির্দেশনা দিতে পারলে দেশকে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। স্বাগত বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজউদ্দীন বলেন, রাঙামাটি জেলায় ৩৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ হাজার শিক্ষার্থী ছাড়াও রেজিস্টার্ড, নন রেজিস্টার্ড এবং কমিউনিটি বিদ্যালয়ের আরও পাঁচ শতাধিক শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে।অনুষ্ঠানে জেলার ১০ উপজেলার মেধাতালিকায় থাকা ১০৫ জন এবং সাধারণ বিভাগে স্থান পাওয়া ২৭৪ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।