কৃতী শিক্ষার্থীদের স্বপ্নিল যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল, নীল, কমলা রঙে পরম মমতায় মোড়ানো হচ্ছিল ফলাফল বোর্ড তিনটি। তার ওপর বড় বড় অক্ষরে লেখা হলো ‘Congratulations!’ ফলাফল টানানোর জায়গাটা রাখা হলো ফাঁকা। তার নিচে লাগিয়ে দেওয়া হলো ফুল, পাখি ও প্রজাপতি। ওপর থেকে ঝুলে থাকা লাল-নীল ফিতাগুলোয় তখন খেলা করছিল স্বপ্ন—২০১০ সালে এইচএসসি পরীক্ষা দেওয়া হলিক্রস কলেজের একঝাঁক প্রাণোচ্ছল তরুণীর লালিত স্বপ্ন।সবকিছু প্রস্তুত। এবার শুধু ফলাফল পাওয়ার অপেক্ষা। দুরু দুরু বুকে এর মধ্যে কলেজের মাঠে জমা হয়েছেন কেউ কেউ। দুপুর ১২টা। হলিক্রস কলেজের সবুজ মাঠটাও ছিল নিশ্চুপ। ঝড়ে গাছের পাতা উড়তে উড়তে লুটিয়ে পড়ছিল সবুজ ঘাসে, চুপিচুপি। অপেক্ষা আর অপেক্ষা, শুভক্ষণের। ১৫ জুলাই। দুপুর ১২টা ১৫ মিনিটে অবশেষে ঘটল অপেক্ষার বৃষ্টি। সবার আনন্দ-চিৎকারে জানা গেল, এবার ঢাকা মহানগরের কলেজগুলোর মধ্যে প্রথম হয়েছে হলিক্রস আর ঢাকা শিক্ষা বোর্ডে হয়েছে তৃতীয়। বাগানের রক্তজবাটা ততক্ষণে উঠেছে দুলে। বিধুর চোখে তখন জল। আলভিনা তানবিন বিধু। বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিয়েছেন তিনি। তখনো নিজের ফলটা পৌঁছায়নি হাতে। ধীরে ধীরে এগিয়ে গেলেন বিজ্ঞান শাখার ফলের বোর্ডের দিকে। নিজের রোল নম্বরের পাশে এ প্লাস দেখে খুশিতে নেচে উঠলেন বন্ধুদের সঙ্গে। এক ফাঁকে জেনে নেওয়া হলো তাঁর স্বপ্নের কথা। পড়তে তাঁর একদম ভালো লাগে না। নাচ-গান বেশি পছন্দ তাঁর। তাই তাঁর স্বপ্ন ওই নাচ-গান আর দেশীয় সংস্কৃতি চর্চায় আত্মনিয়োগের। বাণিজ্য শাখার ফলাফল বোর্ডের ওখানে তখন প্রচণ্ড ভিড়। বেশ যুদ্ধ করে সেখানে পৌঁছালেন ঊর্মি। মুঠোফোনটা তখনো কানে। তাঁর এক বন্ধু তাঁকে জড়িয়ে ধরে জানিয়ে দিলেন তাঁর এ প্লাস পাওয়ার কথা। সঙ্গে সঙ্গেই মাকে জানিয়ে দিলেন তা। ঊর্মির স্বপ্ন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হওয়ার। শুধু বিদ্যান হয়ে তুষ্ট নন তিনি। মানবিক বিভাগের ফলাফল বোর্ডের ওখানে ছড়িয়ে পড়ছিল আনন্দের বন্যা। বন্যাটা ছড়াবেই বা না কেন, মানবিক থেকে এবার ৩৩ জন জিপিএ-৫ পেয়েছেন। খুশিটা কলেজের জন্যও ছিল। কলেজের এ প্লাস পাওয়া ৭২২ জনের জন্যই। কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা তখন জড়িয়ে ধরেছেন এই কৃতীদের। বাণিজ্য বিভাগের শারলিন ফ্লোরা অবশ্য মুঠোফোনেই জেনে গিয়েছিলেন তাঁর ফলটা। তবুও কলেজে এসেছিলেন সব বন্ধুর সঙ্গে দেখা করতে। এসেই পেয়ে গেলেন স্নিগ্ধাকে। তাঁদের দুজনেরই ইচ্ছা অ্যাকাউন্টিং নিয়ে পড়ালেখা করার। বিদেশে পড়তে যাওয়ার স্বপ্নও দুজনের। এর মধ্যে রাজউক উত্তরা মডেল কলেজের প্রাঙ্গণজুড়ে বইছে আনন্দের ঝরনা। ওখানে পাওয়া গেল নাঈম ইবনে ইসলামকে। কলেজে ঢুকেই তিনি ফলাফলের খোঁজটা জেনে নিলেন। ৪৯৮ জনের এ প্লাস পাওয়ার খবরে মনটা ভরে গেল তাঁর। এবার ভয়ে ভয়ে এগোলেন ফলাফল বোর্ডের দিকে। তখন দুপুর ১২টা ১৫ মিনিট। ঘড়ির কাঁটার সঙ্গে টিক টিক বাজছে তাঁর হূৎপিণ্ডটা। রোল নম্বরের পাশে জিপিএ-৫ দেখে শান্ত হলেন তিনি। খোঁজ নিলেন সব বন্ধুর। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তাঁর। ওই স্বপ্ন পূরণের জন্য পড়ালেখা করে যাচ্ছেন তিনি।নটর ডেম কলেজের তৌহিদ আর সবুজ দুই বন্ধু হাতে হাত ধরে ঢুকলেন কলেজে। ১০৬৭৫৫ রোলটা খুঁজে পেতে যত দেরি হচ্ছিল, তৌহিদের ততই বুক কাঁপছিল। ইয়াহু! এ প্লাস বলে চিৎকার ছেড়ে শাকিলকে জানালেন খবরটা। সবুজ এরই মধ্যে দেখে নিয়েছেন তাঁর এ প্লাস। এবার দুজন মহাখুশি। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। তাই ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস নিয়ে পড়তে চান তৌহিদ। তারপর ইচ্ছা, দেশের বাইরে পড়তে যাওয়ার। তবে তিনি আবার ফিরে আসবেন দেশে। দেশের জন্য কিছু করতে।নটর ডেমের আবির শাকরান মাহমুদ পেয়েছেন জিপিএ-৫। তাঁর বন্ধুরা সবাই ইঞ্জিনিয়ার হতে চাইলেও আবির চান চিকিৎসক হতে। ভিকারুননিসা নূন কলেজে তখন চলছে তুমুল নাচানাচি। বড় আপুদের আনন্দে ভাগ বসিয়েছে প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ছোটরাও। কলেজে আসার আগ পর্যন্ত সাদিয়া পারভীন প্রিমা ও রুশরাত ফারজানার ভয়ে টিপটিপ করছিল বুক। ফল খারাপ হলে মা-বাবার বকুনিসহ কার কার বকুনি খাবেন, তা নিয়েই ভাবছিলেন তিনি। নাহ, এবারের যাত্রায় বেঁচে গেলেন তাঁরা। জিপিএ-৫ পেয়ে গেছেন।ওদিকে তাঁর বন্ধু ঘুমোতে পারেননি সারা রাত। ঘুমের ওষুধ খেয়েও পারেননি। চিন্তারোগ বড়ই কঠিন। যা হোক, ফলটা পেয়ে এবার খুশি তিনি। আজ ঘুমোবেন ইচ্ছামতো। স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার। তবে এমন ইঞ্জিনিয়ার নয়, যে ইঞ্জিনিয়ারের তৈরি বাড়ি ধসে পড়ে সে রকম। যদিও চিকিৎসক হতে চান তিনি। তবে লাশ কাটা নিয়ে তাঁর ভয়টা এখন থেকেই। তেলাপোকা, টিকটিকি, ব্যাঙ কাটতেই ভয়; তার ওপর মানুষ! সিটি কলেজের তাইফুর রহমান তখন শাকিল, মুন্না, নাঈম তাঁদের নিয়ে বেরিয়ে পড়েছেন ঘুরতে। এ প্লাস সেলিব্রেশন পার্টির কথা জানা গেল তাঁর মুখে। আজকের দিনটা ঘুরে বেড়াবেন বন্ধুরা মিলে। তাঁর স্বপ্ন, মেডিকেল বা বুয়েট নিয়ে নয়, একটু অন্য রকম। প্রাণীর জিন নিয়ে গবেষণা করতে চান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ার স্বপ্ন তাঁর। সবার এ প্লাস পাওয়ার আনন্দের বন্যাটা এভাবেই ছড়িয়ে গিয়েছিল পুরো ঢাকায়। এইচএসসি পরীক্ষার ধাপটাও শেষ হলো। এবার ভর্তিযুদ্ধ। সবাই এ নিয়ে চিন্তিত। কলেজের ধাপ পেরোনো এই স্বপ্নিল তরুণ-তরুণীদের স্বপ্নময় উড়ালটা পূর্ণতা পাবে তাঁদের স্বপ্নের স্থানটিতে ও পছন্দের বিষয়ে ভর্তি হতে পারার মাধ্যমে। তাঁদের স্বপ্নিল যাত্রাটা শুভ হোক—এ প্রত্যাশা নিয়েই ডুবে গিয়েছিল সেদিনের মতো, ১৫ জুলাইয়ের সূর্যটা।