কৃত্রিম উপকরণে জীবন্ত কলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বিজ্ঞানীরা কৃত্রিম উপকরণ ব্যবহার করে জীবন্ত টিস্যু বা কলা তৈরির দাবি করেছেন। বিশেষভাবে তৈরি ত্রিমাত্রিক ছাপযন্ত্রের (প্রিন্টার) মাধ্যমে এমন কলা তৈরি করা হয়েছে, যা জীবন্ত কলার মতোই কাজ করবে।এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের দাবি, মানবদেহে ক্ষতিগ্রস্ত কলা পুনঃস্থাপন কিংবা বিশেষ কোনো অংশে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে তাঁদের এ উদ্ভাবন কাজে আসবে। কলা তৈরিতে ব্যবহূত উপকরণকে বলা হচ্ছে ‘ড্রপলেট নেটওয়ার্ক’। এতে লাখ লাখ পানির কণা সংযুক্ত করে প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।গবেষক দলের প্রধান অধ্যাপক হ্যাগান বেলে বলেন, ‘আমরা আসলে সত্যিকারের কলা তৈরি করার চেষ্টা করছি না, বরং কলার মতো কাজ করতে পারে এমন ধরনের কাঠামো তৈরির চেষ্টা করছি।’কলা হচ্ছে গঠন ও কাজের দিক থেকে সাদৃশ্যপূর্ণ একগুচ্ছ কোষের সমষ্টি। আবার একই রকম বা ভিন্ন রকমের একাধিক কলা নিয়ে তৈরি হয় শরীরের বিভিন্ন অঙ্গ। যেমন হূদ্কলা থেকে হূৎপিণ্ড। এটি সম্পূর্ণভাবে এক ধরনের জৈব-প্রাকৃতিক প্রক্রিয়া। এত দিন পর্যন্ত তা-ই জানা ছিল। কিন্তু এবার ত্রিমাত্রিক ছাপযন্ত্রের মাধ্যমে কৃত্রিম উপকরণ ব্যবহার করে সেই কলা তৈরি করা হলো।সাধারণ প্রিন্টার বা ছাপযন্ত্রে একটি ছবির প্রতিলিপি তৈরি করা হয়ে থাকে, যা দ্বিমাত্রিক আকারের। অর্থাৎ, সেখানে কেবল দৈর্ঘ্য ও প্রস্থ দিয়ে আকারটি নির্দিষ্ট। আর উপকরণ হিসেবে প্রিন্টারে ব্যবহার করা হয় কাগজ ও কালি। কিন্তু ত্রিমাত্রিক ছাপযন্ত্রে আমরা কোনো বাড়ি বা আমের দ্বিমাত্রিক প্রতিলিপি পাব না। এ ক্ষেত্রে বাস্তবে দেখা আম বা বাড়ির মতোই প্রতিলিপি পাব। যার দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা রয়েছে। এখানে প্রিন্টারে কালি ও কাগজের পরিবর্তে ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন উপকরণ। যেমন প্লাস্টিক, কাঠ ইত্যাদি। এই পদ্ধতিতে বর্তমানে খেলনা কিংবা জুয়েলারি থেকে শুরু করে উড়োজাহাজ ও গাড়ির যন্ত্রাংশও তৈরি করা হচ্ছে।তবে ত্রিমাত্রিক প্রিন্টার বা ছাপযন্ত্রে তৈরি কলা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে অনেক বিজ্ঞানীই মনে করছেন। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার ক্লিমেনসন বিশ্ববিদ্যালয়ের জৈব প্রকৌশলী কারেন বার্গ বলছেন, ‘কলা তৈরি যদি এ প্রক্রিয়ার লক্ষ হয়, তবে আমার মনে হয়, এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।’ নেচার ও এবিসি সায়েন্স অনলাইন।