
হাতিটির নাম মোশা। থাই-মিয়ানমার সীমান্তে ১০ বছর আগে একটি ভূমিমাইনে পা দিয়েছিল। তাতে ঘটে বিস্ফোরণ। একটি পা অকেজো হয়ে পড়ে মোশার। তার শরীরে গত বুধবার লাগানো হয়েছে একটি কৃত্রিম পা। তবে এটি প্রথম নয়, নবম।
ওই দুর্ঘটনার সময় মোশার বয়স ছিল মাত্র সাত মাস। আহত অবস্থায় তাকে থাইল্যান্ডের লামপাং প্রদেশে ফ্রেন্ডস অব দ্য এশিয়ান এলিফ্যান্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। দুই বছর পর থেরদশাই জিভাকাতে নামের একজন শল্যচিকিৎসক মোশার হারানো পায়ের জায়গায় একটি নতুন পা লাগিয়ে দেন। এতে সে নতুন জীবন পায়। তারপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার পায়ের আকৃতিও বদলানোর প্রয়োজন পড়ে। থেরদশাই একে একে নতুন এবং আরও শক্তিশালী পা কয়েকটি বানিয়ে দেন। ৭২ বছর বয়সী ওই শল্যচিকিৎসক বলেন, আঘাত পাওয়ার পর ভারসাম্যহীন হয়ে যেভাবে মোশা হাঁটাচলা করত, তাতে ওর মেরুদণ্ড বাঁকা হয়ে যেতে পারত। এমনকি মৃত্যুও হতে পারত। প্রথম কৃত্রিম পা সংযোজনের সময় মোশার শরীরের ওজন ছিল মাত্র ৬০০ কেজি। আর এখন তার শরীরটা ২ হাজার কেজির বেশি ভারী।
১৯৯৩ সালে ফ্রেন্ডস অব দ্য এশিয়ান এলিফ্যান্ট ফাউন্ডেশন বিশ্বে প্রথম হাতির হাসপাতাল প্রতিষ্ঠা করে। এখন সেখানে রুগ্ণ হাতির সংখ্যা ১৭। থাই-মিয়ানমার সীমান্তে এখনো অনেক ভূমিমাইন রয়ে গেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিদ্রোহীদের সঙ্গে কয়েক দশক আগে মিয়ানমারের সেনাবাহিনীর লড়াইয়ের সময় এসব মাইন পোঁতা হয়েছিল।