কৃষকদের গলার ফাঁস বজ্জ্যাখালীর স্লুইসগেট
উরকিরচর বজ্জ্যাখালী স্লুইসগেটের কারণে রাউজানের তিন ইউনিয়নের কয়েক শ হেক্টর জমির বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। প্রায় অকেজো স্লুইসগেটটি প্রয়োজনের সময় খোলা ও বন্ধ করার জন্য লোকজন থাকেন না। কৃষকদের অভিযোগ, এটি এখন গলার ফাঁস। স্থানীয় লোকজন জানান, রক্ষণাবেক্ষণের অভাবে স্লুইসগেটটি এখন প্রায় অকেজো হয়ে গেছে। এটির কারণে জোয়ার-ভাটায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। পলি জমে বজ্জ্যাখালী খালসহ সংযুক্ত দুটি শাখা খালও ভরাট হয়ে যাচ্ছে। এ ছাড়া ওই খালের সঙ্গে যুক্ত মধুখালী ও জুঁইখালী শাখা খাল। মধুখালী শাখা খালের পানির ওপর নির্ভর করে বোরো চাষ হয় হাওড়া বিল ও হাতিমারা বিলে। কিন্তু এখন পর্যাপ্ত সেচের অভাবে এ দুটি বিলে বোরো চাষ হচ্ছে না।কৃষক দিদারুল আলম বলেন, এটি এখন এলাকার কৃষকদের গলার ফাঁস। স্লুইসগেটটি খোলা বা বন্ধ করার লোকজন না থাকায় প্রয়োজনীয় সময় পানিপ্রবাহ থাকে যায় না। অপরদিকে বর্ষা মৌসুমে যখন বৃষ্টি ও ঢলের পানির চাপে ফসল নষ্ট হয় তখন দ্রুত পানি নামতে পারে না স্লুইসগেটের কারণে। পশ্চিম গুজরার কৃষক কাঞ্চন ঘোষ জানিয়েছেন, তিনি স্থানীয় হাওড়া বিলে বোরো চাষ করতেন দুই একর জমিতে। ওই বিলে সেচ দিতেন স্থানীয় ফজল আহমদ। খালে পানি না পাওয়ায় তিনি সেচ দিতে পারছেন না। বজ্জ্যাখালী খালে সেচযন্ত্র বসিয়েছেন জহির আহমদ। তিনি জানান, পূর্ণ জোয়ারে খালে সামান্য পানি পাওয়া গেলেও অল্প সময়ে খালটি পানিশূন্য হয়ে যায়। যে কারণে কৃষকদের জমিতে প্রয়োজনীয় পানি দেওয়া সম্ভব হয় না।কৃষকেরা জানান, বজ্জ্যাখালী খালের পানির ওপর নির্ভর করে চাষাবাদ চলে জয়নগর বিল, হাতিমারা বিল, মরিচ্যা বিল, পটিয়াপাড়া বিল, নোয়াপাড়া বিল, জয়নগর বিল, মদুনা বিল ও সেন বিলে। আগে এসব বিলে বোরো মৌসুমে সেচ দিতে নিয়োজিত থাকত প্রায় ১৫টি সেচযন্ত্র। বর্তমানে বজ্জ্যাখালী খালের সঙ্গে সংশ্লিষ্ট বিলে সেচ দিচ্ছে মাত্র তিন-চারটি সেচযন্ত্র। রাউজান উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী বলেন, গত এক যুগ খাল তিনটির সংস্কারকাজ হয়নি। ফলে এগুলো ভরাট হয়ে যাওয়ায় জোয়ারের পানি আসে কম। প্রয়োজনীয় সময় স্লুইচগেটটি খোলা ও বন্ধ করার জন্য কৃষি বিভাগ থেকে পানি উন্নয়ন বোর্ডে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বার বার অনুরোধ করা হয়েছে। এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের মদুনাঘাটের সেকশন কর্মকর্তা নুরুল আবসার বলেন, ‘স্লুইসগেটটি বর্তমানে ভালো অবস্থায় আছে। তবে এটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম বিভাগের। তারাই এটি দেখাশোনা করে।’ যান্ত্রিক সরঞ্জাম বিভাগের ভারপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, স্লুইসগেটটি সিভিল (প্রশাসন) বিভাগের দায়িত্বে রয়েছে।