খাগড়াছড়ি জেলার উপজেলা পর্যায়ের কৃষকদের জন্য সম্প্রতি এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণাকেন্দ্র। কৃষকেরা উন্নত প্রযুক্তির টিস্যু কালচার পদ্ধতিতে কলা চাষের ওপর হাতে কলমে প্রশিক্ষণ পান এখানে। জেলার চার উপজেলা খাগড়াছড়ি সদর, মাটিরাঙা, মানিকছড়ি ও রামগড়ের ৩০ কৃষক এই প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে নতুন উদ্দীপনায় কলা চাষের প্রত্যয় ব্যক্ত করেন। টিস্যু কালচার পদ্ধতির কলা চাষের ব্যাপারটি এখানকার কৃষকদের জন্য নতুন ব্যাপার। এর কলাকৌশল জেনে তাঁরা পতিত জমিতে কলার অধিক ফলনে অন্যদের উৎসাহিত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন কৃষি বিজ্ঞানীদের। আনন্দঘন পরিবেশে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এই চাষের পদ্ধতি সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। প্রশিক্ষণ শেষে বিনা মূল্যে কৃষকদের মধ্যে কলার চারাও বিতরণ করা হয়। প্রত্যেক কৃষক ২৫০টি করে চারা পান। পরে প্রকল্পের আওতাভুক্ত কৃষকদের বিনা মূল্যে সার দেওয়া হবে। খাগড়াছড়ির কৃষক হারুন মিয়া ও মৃদুময় চাকমা, মাটিরাঙার মো. রহিম মিয়া ও বিজয় কেতন ত্রিপুরা, মানিকছড়ির মো. কাসেম এবং রামগড়ের মংকাজল মারমা ও মো. হামিদ মিয়া প্রশিক্ষণ শেষে প্রথম আলোকে বলেন, হলুদ গাছের মতো দেখতে এত ছোট কলার চারা এর আগে আর দেখেননি। তাঁরা চারা রোপণ, গাছ পরিচর্যা, রোগবালাই দমন, সেচব্যবস্থা ও ফসল তোলা সম্পর্কে বিস্তারিত জেনেছেন।বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত বারি কলা-৩ ও বারি কলা-৪ এর চারার মাঠ পর্যায়ে ব্যবস্থাপনা ও উৎপাদন কলাকৌশল শীর্ষক এই প্রশিক্ষণ ও মতবিনিময় কর্মশালা সম্প্রতি রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণাকেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষিগবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন জীব প্রযুক্তি বিভাগ (বারি), গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আল-আমীন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-খাগড়াছড়ির কৃষি কর্মকতা রঞ্জন কুমার প্রামানিক। প্রশিক্ষণ দেন কৃষিবিজ্ঞানী ড. মদন গোপাল সাহা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষনাকেন্দ্র (বারি), গাজীপুর এবং জীব প্রযুক্তি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিল আফরোজা খানম। সভাপতিত্ব করেন রামগড় পাহাড় অঞ্চল কৃষি গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জুলফিকার আলী ফিরোজ।